Akshaye Khanna Kangana Ranaut relationship | অক্ষয় খন্নার নীরবতায় থেমে গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের প্রেমের ইচ্ছে

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে প্রেম, বিচ্ছেদ আর না-পাওয়ার গল্প নতুন কিছু নয়। তবে কখনও কখনও সেই গল্পই ফিরে আসে নতুন মোড়কে, নতুন আলোচনায়। এই মুহূর্তে ঠিক তেমনই এক পুরনো অধ্যায় ঘিরে ফের চর্চার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না (Akshaye Khanna) ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অক্ষয়ের কেরিয়ারের নতুন উত্থান এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তে থাকা কৌতূহলের মাঝেই সামনে এসেছে কঙ্গনার একতরফা অনুরাগের কথা, যা কখনও পূর্ণতা পায়নি। বর্তমানে অক্ষয় খান্না আবারও বলিউডে আলোচনার শীর্ষে। দীর্ঘদিন নীরবে নিজের কাজ করে যাওয়া এই অভিনেতা ‘ধুরন্ধর’ ছবির সাফল্যের মাধ্যমে যেন নতুন করে নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছেন। একসময় রোমান্টিক নায়কের ভূমিকায় একাধিক ছবিতে অভিনয় করলেও, কাঙ্ক্ষিত স্টারডম তাঁর ঝুলিতে আসেনি। তবু অভিনয় দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে সংযত ও ব্যক্তিগত পরিসর-সচেতন অভিনেতাদের একজন।

কঙ্গনা রানাওয়াত। ছবি : সংগৃহীত

এই সংযত স্বভাবই হয়ত একদিন কঙ্গনা রানাওয়াতের প্রেমের ইচ্ছেকে থামিয়ে দিয়েছিল। কয়েক বছর আগে জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’ -এ হাজির হয়ে কঙ্গনা নিজেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন, এক সময় তিনি অক্ষয় খান্নার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। শুধু আকর্ষণই নয়, তাঁর কথায়, তিনি নাকি সম্পর্কের দিকেও এগোতে চেয়েছিলেন। কিন্তু সেই পথে একমাত্র বাধা হয়ে দাঁড়ান অক্ষয় নিজেই।কঙ্গনার প্রেমজীবন বরাবরই আলোচনায় থেকেছে। অভিনেতা অধ্যয়ন সুমন (Adhyayan Suman) থেকে শুরু করে হৃতিক রোশন (Hrithik Roshan) কিংবা আদিত্য পাঞ্চোলি (Aditya Pancholi) একাধিক নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। তবে কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। সেই তালিকায় যুক্ত হওয়ার আগেই থেমে যায় অক্ষয়ের অধ্যায়।

আরও পড়ুন : Virat Kohli Gautam Gambhir controversy, BCCI secretary statement on Kohli | কোহলি-গম্ভীর ‘কোল্ড ওয়ার’ কী শুধুই গুঞ্জন? সব জল্পনায় জল ঢেলে বোর্ড সচিব শইকীয়ার পরিষ্কার বার্তা

আরও পড়ুন : Priyanka Chopra brunch recipe | দেরিতে ঘুম ভাঙলে প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দ ‘ব্রাঞ্চ’! ঘরোয়া ওমলেট আর বাটার টোস্টে কী ভাবে রাখেন ফিটনেস ও স্বাদের ভারসাম্য

‘নো প্রবলেম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও অক্ষয়। সেই সময় থেকেই নাকি কঙ্গনার মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন অক্ষয়। শো-তে কঙ্গনা জানিয়েছিলেন, প্রথমে স্বাভাবিক আলাপ, তারপর বন্ধুত্ব, আর তার পরেই প্রেমের প্রস্তাব এই পথেই এগোতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন। কঙ্গনার কথায়, ‘আমি ওঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। একাধিক বার নানা রকমভাবে নিজের অনুভূতি বোঝাতে চেয়েছি। কিন্তু উনি শুধু আমার সঙ্গেই নয়, প্রায় কারও সঙ্গেই তেমন কথা বলতেন না।’ এই নীরবতাই যেন সব কিছু স্পষ্ট করে দিয়েছিল। অক্ষয়ের পক্ষ থেকে কোনও প্রত্যাখ্যানের ভাষা না থাকলেও, তাঁর ব্যবহারই বুঝিয়ে দেয় তিনি কোনও সম্পর্কের দিকে আগ্রহী নন। ফলে কঙ্গনার সেই অনুরাগ একতরফাই থেকে যায়। কোনও নাটকীয় বিচ্ছেদ নয়, কোনও প্রকাশ্য সংঘাত নয়, শুধু নীরব দূরত্বেই শেষ হয় সেই অধ্যায়।উল্লেখ্য, অক্ষয় খান্না নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বারবার জানিয়েছেন, তিনি একা থাকতে স্বচ্ছন্দ। বিয়ে বা সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি একেবারেই আলাদা। তাঁর মতে, বিয়ে অবশ্যই সম্মানের, তবে সেই দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি তাঁর নেই। ব্যক্তিগত স্বাধীনতাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তাই সম্পর্কের চাপ বা সামাজিক প্রত্যাশা থেকে তিনি নিজেকে দূরে রাখতেই পছন্দ করেন।

আরও পড়ুন : Kangana Ranaut, 12 Jyotirlinga | ‘মহাদেবের ডাক এসেছিল’, এক দশকের আধ্যাত্মিক যাত্রায় ১২ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ করলেন কঙ্গনা রানাওয়াত

অন্যদিকে, কঙ্গনা বরাবরই স্পষ্টবাদী। নিজের অনুভূতি লুকিয়ে রাখার মানুষ তিনি নন। তাই বহু বছর পরেও সেই না-পাওয়ার গল্প প্রকাশ্যে বলতে তাঁর দ্বিধা হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিজ্ঞতাও হয়তো তাঁকে আরও শক্ত করেছে, এমনটাই মনে করেন অনেকে। প্রসঙ্গত, এই মুহূর্তে দু’জনেই নিজেদের মতো করে জীবনে এগিয়ে গিয়েছেন। অক্ষয় খান্না কাজের মাধ্যমেই নিজের পরিচয় নতুন করে গড়ে তুলছেন, আর কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সামাজিক বিষয় নিয়েও সক্রিয়। তবু বলিউডের আড্ডায় আজও ঘুরে ফিরে আসে সেই প্রশ্ন, যদি অক্ষয় সেদিন একটু কথা বলতেন, তবে কি এই গল্পের পরিণতি অন্য রকম হতো?

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas daughter | ‘মাত্র ৭৬৬ গ্রাম ওজন, সারা শরীর বেগনি’: প্রিম্যাচিয়োর জন্ম থেকে হাসপাতালের ১০০ দিন, মালতী মেরির জন্য কীভাবে নাজেহাল হয়েছিলেন প্রিয়াঙ্কা-নিক

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন