Virat Kohli Gautam Gambhir controversy, BCCI secretary statement on Kohli | কোহলি-গম্ভীর ‘কোল্ড ওয়ার’ কী শুধুই গুঞ্জন? সব জল্পনায় জল ঢেলে বোর্ড সচিব শইকীয়ার পরিষ্কার বার্তা

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: ভারতীয় ক্রিকেটে কোচ-খেলোয়াড় সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি চর্চায়, তা হল বিরাট কোহলি (Virat Kohli) ও বর্তমান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) -এর সম্পর্ক। মাঠের বাইরের নানা সিদ্ধান্ত, অবসর, নেতৃত্ব বদল সব কিছুর মধ্যেই ঘুরে ফিরে উঠে আসছে একটি প্রশ্ন, গম্ভীরের সঙ্গে কী সত্যিই কোনও ‘ঝামেলা’ রয়েছে কোহলির? এই জল্পনার আবহেই অবশেষে মুখ খুললেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া (Devajit Saikia)। তাঁর বক্তব্যে, গুজবের পাহাড়ে দাঁড়িয়ে বাস্তবতা একেবারেই আলাদা।

আরও পড়ুন : PM Narendra Modi on India US Trade Deal | ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’, দেশের প্রত্যেকেরই লাভ হবে: এনডিএ বৈঠকে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

একদিনের ক্রিকেটে বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma) এখনও নিয়মিত খেলছেন। কিন্তু টেস্ট ক্রিকেট থেকে গত বছর মাত্র সাত দিনের ব্যবধানে দু’জনের অবসর ঘোষণা ঘিরে তৈরি হয়েছিল তীব্র আলোড়ন। সেই আবহেই রোহিতকে এক দিনের দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেকের চোখে ছিল বিস্ময়কর। ক্রিকেট মহলের একাংশ তখনই মনে করতে শুরু করেন, এই সব সিদ্ধান্তের নেপথ্যে কোচ গৌতম গম্ভীরের ‘কঠোর মনোভাব’ কাজ করছে। আর তার জেরেই কী কোহলি-গম্ভীর সম্পর্কে ফাটল? এই প্রশ্নই বারবার উঠে এসেছে। এই সমস্ত জল্পনায় জল ঢেলে বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া সরাসরি জানিয়ে দিয়েছেন, বাস্তবে এমন কোনও দ্বন্দ্ব তিনি দেখেননি। ‘ইন্ডিয়া টুডে’ (India Today) পডকাস্টে শইকীয়া বলেন, ‘আমি কখনও ওদের ঝগড়া করতে দেখিনি। ওদের মধ্যে খুব ভাল এবং হার্দিক সম্পর্ক রয়েছে।’ তাঁর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, মাঠের বাইরের গুঞ্জন যতটা তীব্র, ড্রেসিংরুমের বাস্তবতা ততটাই শান্ত।

কিন্তু, জল্পনার সূত্র যে পুরোপুরি ভিত্তিহীন, এমনটাও নয়। অনেকের মনে এখনও তাজা ২০২৩ সালের আইপিএল (IPL 2023) -এর একটি ম্যাচের স্মৃতি, যেখানে গম্ভীর ও কোহলির মধ্যে প্রকাশ্য উত্তেজনা দেখা গিয়েছিল। সেই প্রসঙ্গ শইকীয়ার সামনে তুলতেই তিনি খানিক হালকা সুরে বলেন, ‘আমি তো দেখিনি। আইপিএল? আমি ওই ম্যাচ দেখিনি। ওরা যখন দেশের প্রতিনিধিত্ব করে, তখন ওদের সঙ্গে থাকি। সব ম্যাচ দেখা তো সম্ভব নয়।’ বোর্ড সচিবের এই বক্তব্যে স্পষ্ট, আইপিএলের ব্যক্তিগত মুহূর্তকে জাতীয় দলের প্রেক্ষাপটে টেনে আনা ঠিক নয়।এরপর শইকীয়াকে আরও সরাসরি প্রশ্ন করা হয়, কখনও কী কোহলি কোচ হিসেবে গম্ভীরকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন? কিংবা গম্ভীর কী কখনও কোহলিকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন? এই প্রশ্নের উত্তরে বোর্ড সচিব একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘হয়ত অনেকের মনে এমন ধারণা রয়েছে। কিন্তু কোহলি সব সময়েই দলের সঙ্গে রয়েছে। গম্ভীরও থাকছে। আমরা দলের ফলাফল দেখেছি। কখনও কী দেখেছেন কোহলিকে দল থেকে বাদ দেওয়া হয়েছে?’ তাঁর কথায় পরিষ্কার, সিদ্ধান্তের জায়গায় বোর্ড ও টিম ম্যানেজমেন্ট ফলাফলের দিকেই তাকায়, ব্যক্তিগত সম্পর্ক সেখানে মুখ্য নয়।

শইকীয়ার বক্তব্যে আর একটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসে, তা হল অবসর প্রসঙ্গ। রোহিত ও কোহলির টেস্ট অবসর নিয়ে যে চাপের কথা শোনা যায়, তা নস্যাৎ করে দিয়েছেন বোর্ড সচিব। তিনি বলেন, ‘বিরাট কোহলির মতো ক্রিকেটারকে কখনওই কেউ অবসরের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চাপ দিতে পারে না। কোহলি সাধারণ কোনও ক্রিকেটার নয়, ও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী।’ এই মন্তব্যের মধ্য দিয়ে বোর্ডের অবস্থানও স্পষ্ট কোনও ক্রিকেটারের ব্যক্তিগত কেরিয়ারের সিদ্ধান্তে বোর্ড নাক গলায় না। শইকীয়া আরও যোগ করেন, ‘কোহলি নিজে কোনও সিদ্ধান্ত না হলে কেউ ওকে চাপ দেবে না। বোর্ড কখনও কোনও ক্রিকেটারের জীবনে নাক গলাবে না।’ এই বক্তব্য শুধু কোহলি নয়, ভবিষ্যতে অন্য সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত হয়ে থাকল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, বোর্ড সচিবের কথায় পরিষ্কার যে, কোহলি ও গম্ভীরের সম্পর্ক নিয়ে যে ‘কোল্ড ওয়ার’ -এর গল্প শোনা যাচ্ছে, তার বাস্তব ভিত্তি নেই। ভারতীয় দলের ড্রেসিংরুমে পেশাদারিত্বই শেষ কথা। ব্যক্তিগত মতপার্থক্য থাকলেও, তা দলের স্বার্থে কখনওই বাধা হয়ে দাঁড়ায় না। আর কোহলি ও গম্ভীর দু’জনেই ভারতীয় ক্রিকেটের স্বার্থে নিজেদের ভূমিকা পালন করে চলেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই যে গুঞ্জন আর বাস্তবতার ফারাক কতটা? বোর্ড সচিবের বক্তব্য অন্তত এটুকু স্পষ্ট করে দিল, মাঠের বাইরে যত গল্পই ঘোরাফেরা করুক, মাঠের ভিতরে ভারতীয় দল এখনও ঐক্যবদ্ধ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mukhyamantri Mahila Udyamita Abhiyan, Himanta Biswa Sarma | বজালীতে নারীর ক্ষমতায়নের নতুন অধ্যায়, ২৮ হাজারের বেশি উপভোক্তাকে চেক প্রদান শুরু করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন