Ajit Doval Summons | Gurpatwant Singh Pannun Case : পান্নুন মামলায় অজিত ডোভালকে সমন পাঠানোর উদ্যোগ, দিল্লি-ওয়াশিংটনে বাড়ছে চাপানউতোর

SHARE:

গুরপতবন্ত সিং পান্নুনের মামলায় অজিত ডোভালের বিরুদ্ধে সমন জারির প্রক্রিয়ায় আমেরিকার আদালতের অনুমতি।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হল। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের (Gurpatwant Singh Pannun) দায়ের করা একটি দেওয়ানি মামলায় ডোভাল ও ভারতের প্রাক্তন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (Research and Analysis Wing) প্রধান সামন্ত গোয়েল -এর বিরুদ্ধে সমন জারির প্রক্রিয়ায় অনুমতি দিয়েছে আমেরিকার একটি আদালত। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের (U.S. District Court for the Southern District of New York) এই পদক্ষেপ ঘিরে ভারত-আমেরিকা সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও আদালতের অনুমতি মানেই সমন কার্যকর হয়ে যাওয়া নয়। তবু ভারতের শীর্ষ নিরাপত্তা আধিকারিকের নাম জড়িয়ে এই আইনি পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তখন এমন ঘটনা কূটনৈতিক স্তরে বাড়তি অস্বস্তি তৈরি করতে পারে।

আরও পড়ুন : West Bengal Government Holiday List | সরকারি ছুটিতে বড় কাটছাঁটের ভাবনা! ভাইফোঁটা থেকে পয়লা বৈশাখ, বদলাতে পারে বাংলার ছুটির ক্যালেন্ডার

পান্নুনের দায়ের করা মামলার সূত্রপাত ২০২৩ সালের একটি কথিত হত্যার ষড়যন্ত্রকে কেন্দ্র করে। তাঁর অভিযোগ, নিউইয়র্কে তাঁকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল ও সেই ষড়যন্ত্রের সঙ্গে ভারতীয় সরকারি আধিকারিকদের যোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতেই ২০২৪ সালে আমেরিকার আদালতে তিনি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলায় ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রাক্তন র প্রধান সামন্ত গোয়েল-সহ একাধিক ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে উল্লেখ। পান্নুনের দাবি, তাঁর বিরুদ্ধে পরিকল্পিত হত্যার উদ্যোগ নেওয়া হয়েছিল। যদিও ভারত সরকার এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছে। মামলার সাম্প্রতিক অগ্রগতিতে নিউইয়র্কের আদালত সমন জারির জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথমে প্রয়োজনীয় নথিপত্র ও আনুষ্ঠানিক কাগজপত্র প্রস্তুত করতে হবে। এরপর আদালতের ক্লার্ক সেগুলি ভারতীয় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও কিছু প্রশাসনিক ও বিচারিক অনুমোদনের প্রয়োজন। ফলে এখনই অজিত ডোভাল বা সামন্ত গোয়েলের কাছে সমন পৌঁছে গিয়েছে, এমনটা বলা যাবে না।

এই মামলায় সমন পাঠানোর বিষয়টি নিয়ে এর আগেও জটিলতা তৈরি হয়েছিল। আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় হেগ কনভেনশনের (Hague Convention) মাধ্যমে প্রয়োজনীয় নথি পাঠানোর চেষ্টা করা হলেও সেই উদ্যোগ সফল হয়নি বলে সূত্র মারফৎ জানা যায়। তার পর বিকল্প পদ্ধতি হিসেবে ভারতীয় আদালতের মাধ্যমে সমন পৌঁছে দেওয়ার পথ খতিয়ে দেখে আমেরিকার আদালত। সাম্প্রতিক নির্দেশ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। তবে আদালতের এই পদক্ষেপকে মামলার অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে এক করে দেখার কোনও অবকাশ নেই। সমন জারির অনুমতি মূলত মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ।

আরও পড়ুন : Diwali wishes world leaders, Trump White House Diwali | দীপাবলি ২০২৬: হোয়াইট হাউসে প্রদীপ জ্বালালেন ট্রাম্প, আমিরশাহি থেকে শ্রীলঙ্কা, শুভেচ্ছা জানালেন বিশ্বনেতারা

গুরপতবন্ত সিং পান্নুনের পরিচয় ও তাঁর সংগঠনকে ঘিরেও দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। তিনি ‘শিখস ফর জাস্টিস’ (Sikhs for Justice) নামে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। ভারত সরকার সংগঠনটিকে বেআইনি ঘোষণা করেছে ও পান্নুনকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে। তাঁর বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় একাধিক মামলা আছে। কেন্দ্রীয় সরকারের অভিযোগ, খালিস্তানপন্থী কার্যকলাপের মাধ্যমে তিনি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছেন। অন্যদিকে, পান্নুন আমেরিকায় বসবাস করে ভারত সরকারের বিরুদ্ধে বিভিন্ন আইনি ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। প্রসঙ্গত, এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ভারতের নিরাপত্তা ব্যবস্থার শীর্ষ পর্যায়ের এক আধিকারিকের নাম সরাসরি আমেরিকার আদালতের নথিতে উঠে আসা। অজিত ডোভাল দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় নিরাপত্তা নীতি, গোয়েন্দা কার্যকলাপ ও সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে স্বাভাবিকভাবেই চোখ দুই দেশের প্রশাসনিক ও কূটনৈতিক মহলের।

এদিকে এই মামলার পাশাপাশি ভারতে আটক কয়েকজন বিদেশি নাগরিকের ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। তাদের মধ্যে আছেন মার্কিন নাগরিক ম্যাথু ভ্যানডাইক (Matthew VanDyke) ও কয়েকজন ইউক্রেনীয় নাগরিক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, মায়ানমারের কয়েকটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীকে ড্রোন পরিচালনা ও যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে তাঁরা যুক্ত ছিলেন। পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংবেদনশীল এলাকায় প্রয়োজনীয় অনুমতি ছাড়াই যাতায়াতের অভিযোগও উঠেছে। এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর। প্রসণহহত, ভারতের নিরাপত্তা সংক্রান্ত এই মামলাকে কেন্দ্র করে পাল্টা আইনি পদক্ষেপের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকার আদালত যদি ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে সমন পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে, তা হলে একই ধরনের পরিস্থিতিতে ভারতীয় আদালতের পদক্ষেপের ক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান কী হবে? যদিও দু’টি ঘটনার অভিযোগ, আইনি কাঠামো এবং বিচারিক পরিসর এক নয়, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আচরণের প্রশ্নটি সামনে আসছে।

আরও পড়ুন : Canadian Prime Minister Mark Carney on India Global Leadership | ‘ভারতকে মধ্যম শক্তি বলব না’, বিশ্বনেতৃত্বের যোগ্যতা নিয়ে মোদীর দেশকে বড় স্বীকৃতি কানাডার কার্নির

কোনও দেশের আদালতে অন্য দেশের সরকারি আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া এবং সেই মামলায় সমন জারির উদ্যোগ নেওয়া অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ, বিদেশি রাষ্ট্রের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের ক্ষেত্রে রাষ্ট্রীয় দায়মুক্তি, আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট দেশের বিচারব্যবস্থার একাধিক প্রশ্ন জড়িয়ে থাকে। ফলে মামলাটি পরবর্তী সময়ে কোন পর্যায়ে পৌঁছয়, তা নির্ভর করবে আদালতের বিচারিক সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট আইনি বিধির ওপর। ভারত সরকার এর আগে একাধিকবার জানিয়েছে, পান্নুনের অভিযোগের সঙ্গে ভারতের কোনও সরকারি সংস্থার যোগ নেই। অন্যদিকে আমেরিকার বিচারব্যবস্থা নিজস্ব আইনি কাঠামো অনুসারে মামলাটি পরিচালনা করছে। দুই দেশের অবস্থানের মধ্যে এই পার্থক্যই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, গোয়েন্দা সহযোগিতা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এ ধরনের মামলা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলা এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে ভারত ও আমেরিকার সহযোগিতা দীর্ঘদিনের। দুই দেশই নিজেদের নিরাপত্তা স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে কাজ করে। ফলে পান্নুনের মামলা শুধু একটি দেওয়ানি আইনি লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে কি না, তা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন যে, আদালতের নির্দেশের পর সমন পাঠানোর প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয় ও ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কী হয়। একই সঙ্গে পান্নুনের মামলায় উত্থাপিত অভিযোগের পক্ষে আদালতে কী ধরনের তথ্যপ্রমাণ পেশ করা হয়, সেটিও গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ম্যাথু ভ্যানডাইক ও ইউক্রেনীয় নাগরিকদের বিরুদ্ধে ভারতে চলা তদন্তের পরিণতিও নজরে থাকবে। দুই দেশের বিচারব্যবস্থা নিজস্ব নিয়মে এগোলেও তার প্রভাব যে কূটনৈতিক সম্পর্কের ওপর পড়তে পারে, তা অস্বীকার করার উপায় নেই। আপাতত অজিত ডোভালকে ঘিরে আমেরিকার আদালতের এই উদ্যোগ ভারত-আমেরিকা সম্পর্কের সামনে নতুন আইনি ও কূটনৈতিক পরীক্ষার পরিস্থিতি তৈরি করেছে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Ashok Leyland Factory in Singur | CM Suvendu Adhikari : সিঙ্গুরে ফিরছে শিল্পের স্বপ্ন! টাটার পর অশোক লেল্যান্ডকে ঘিরে নতুন সম্ভাবনা?

Sasraya News
Author: Sasraya News