সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আহমেদাবাদ (Ahmedabad) শহরের শান্ত দুপুরটা হঠাৎই চিৎকার, বিস্ফোরণ আর আগুনে ছেঁয়ে গেল। মেঘানিনগর (Meghaninagar) এলাকার ওপরই আছড়ে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান AI171। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ গোটা এলাকা, স্তম্ভিত গোটা দেশ। সূত্র অনুযায়ী, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪২ জনের। ওই বিমানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী (Vijay Rupani)।
সূত্রের খবর, বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৪ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক-অফ করে। মাত্র চার মিনিটের মধ্যেই, অর্থাৎ ১টা ৩৮ মিনিট নাগাদ গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগাযোগ হয়। সেসময় বিমানটি ৩২২ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটছিল ও আনুমানিক ৬০০ ফুট উচ্চতায় ছিল। কিন্তু টেক-অফের ১৯ মিনিটের মধ্যেই, মাত্র সাত কিলোমিটার দূরে মেঘানিনগরের জনবহুল এলাকায় ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। স্থানীয় এক বাসিন্দা বাড়ির ছাদ থেকে মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করেন (সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সাশ্রয় নিউজ)। তাতে দেখা যাচ্ছে, বিমানটি কিছুটা ওপরে উঠেই আচমকা নিচে নামতে শুরু করে। তারপর বিকট শব্দে বিস্ফোরণ হয়। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। যেন একটি আগুনের গোলা ভূপতিত হয় ব্যস্ত লোকালয়ে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
বিমানটি যেখানে ভেঙে পড়ে, তার চারপাশে রয়েছে ঘিঞ্জি আবাসন ও বহুতল ভবন। এমন এলাকায় এত বড় এক বিমান ভেঙে পড়ায় হতাহতের সংখ্যা যে বিপুল হবে, তা অনুমান করাই যায়। বহু ঘরবাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও হতাহত হয়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজ এখনও চলছে।
সূত্রের খবর, বিমানটি ১১ বছর পুরনো ছিল। কিন্তু বিমানটির পরিষেবা ও প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ নিয়মিত হতো বলেই দাবি করেছে বিমান সংস্থা। বিমানে দু’জন পাইলট ছিলেন, দু’জনই অত্যন্ত অভিজ্ঞ। তাই প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে, কোনও বড় ধরণের যান্ত্রিক ত্রুটি অথবা হঠাৎ কোনও প্রযুক্তিগত বিভ্রাটই এই মর্মান্তিক বিপর্যয়ের কারণ। সূত্রের এ-ও খবর, প্রথমে সন্দেহ করা হয়, বিমানটি হয়ত টেক-অফের পর কোনও উঁচু গাছে কিংবা বহুতলে ধাক্কা খেয়েই ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এমন কোনও প্রমাণ আসেনি যা এই দাবি প্রমাণ করে। তবে তদন্ত শুরু হয়েছে ও ব্ল্যাকবক্স খোঁজার চেষ্টা চলছে।
গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) টুইট করে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার অভিঘাতে আবারও প্রশ্ন উঠছে দেশের পুরনো বিমানগুলির রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা পরিকাঠামো ও বিমানবন্দরগুলোর কার্যক্ষমতা নিয়ে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Howrah Pornography racket : হাওড়ার ‘পর্ন-চক্র’ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়




