Ahmedabad Plane Crash : আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ

SHARE:

সাশ্রয় নিউজ ★ আহমেদাবাদ : আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার (Air India) ফ্লাইট AI171 আজ দুপুরে উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। আর সেই সঙ্গে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner) বিমানটিতে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের ভাগ্য এখনও অনিশ্চিত। যদিও প্রাথমিক রিপোর্টে নিশ্চিত হয়েছে, পাঁচজন চিকিৎসা শিক্ষার্থী প্রয়াত হয়েছেন ও অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা মানুষকে স্তব্ধ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ভয়াবহ দুর্ঘটনাকে বর্ণনা করেছেন “অবর্ণনীয় হৃদয়বিদারক ঘটনা” হিসেবে। এক বিবৃতিতে তিনি বলেন, “আহমেদাবাদের এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের স্তব্ধ ও বেদনার্ত করেছে। এই শোকের সময়ে আমার চিন্তা ও প্রার্থনা রইল ক্ষতিগ্রস্তদের জন্য। আমি, মন্ত্রীরা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তাঁরাদুর্ঘটনার পরবর্তী ব্যবস্থাগুলি দ্রুততার সঙ্গে নিচ্ছেন।”

স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি রানওয়ে থেকে উড়ানের কিছু সময় পরই উচ্চতা হারাতে শুরু করে ও অবশেষে দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ মাটিতে আছড়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিমানটি অস্বাভাবিক কম উচ্চতায় উড়ছিল ও বারবার ভারসাম্য হারাচ্ছিল। শেষ মুহূর্তে একটি প্রবল বিস্ফোরণের মাধ্যমে তা আগুনের গোলায় পরিণত হয়। সূত্রের খবর, বিমানটি একটি মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে। সেখানে বহু ছাত্র-ছাত্রী ছিল। সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে, ওই হোস্টেলের ডাইনিং এলাকায় এই দুর্ঘটনার অভিঘাত পড়েছে। ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ডাইনিং হল, সেখানে কিছু টেবিলে তখনও খাওয়া হয়নি এমন খাবার পড়ে রয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, “ফ্লাইট AI171, আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক, আজ ১২ জুন ২০২৫ তারিখে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং শিগগিরই বিশদ তথ্য জানানো হবে।” সূত্রের খবর, বিমানটিতে ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় ও সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। যাত্রীদের পরিবার ও স্বজনদের জন্য এয়ার ইন্ডিয়া একটি হেল্পলাইন চালু করেছে। হেল্প লাইন নম্বর : ১৮০০ ৫৬৯১ ৪৪৪।

দেশের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডু (Ram Mohan Naidu) জানিয়েছেন, “এই দুর্ঘটনার খবর শুনে আমি স্তম্ভিত ও শোকাহত। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং সব এয়ারলাইন্স ও জরুরি পরিষেবা সংস্থাগুলিকে দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। উদ্ধারকাজ চলছে, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। আমার প্রার্থনা রইল বিমানের যাত্রী ও তাঁদের পরিবারের সঙ্গে।”

বিমান দুর্ঘটনার খবর পৌঁছে গিয়েছে ব্রিটেনেও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার (Keir Starmer) এক বিবৃতিতে বলেন, “এই ঘটনায় বহু ব্রিটিশ নাগরিক ছিলেন। তা শুনে আমরা গভীরভাবে মর্মাহত। আমি পরিস্থিতির আপডেট নিচ্ছি ও এই কঠিন সময়ে আমার সহানুভূতি রইল যাত্রীদের ও তাঁদের পরিবারের জন্য। লন্ডন গ্যাটউইক বিমানবন্দরও এক বিবৃতিতে জানিয়েছে, “ফ্লাইট AI171, যা আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশে রওনা দিয়েছিল, আজ উড়ানের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে। বিমানটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গ্যাটউইকে অবতরণ করার কথা ছিল।” উল্লেখ্য, ঘটনাস্থলে দমকল, উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম একযোগে কাজ করছে। সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই প্রার্থনা করছে, এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি যেন আরও না বাড়ে। তবে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তের জন্য ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) ও এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) যৌথভাবে কাজ শুরু করেছে। প্রসঙ্গত, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় বিমান পরিবহণ শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে বড় প্রশ্ন। বিমান চলাচলের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে এখন প্রয়োজন আরও কঠোর মনিটরিং ও আধুনিক প্রযুক্তির সহায়তা। তবে আপাতত অপেক্ষা, শেষ পর্যন্ত কী বেরিয়ে আসে এই ভয়াবহ ঘটনার তদন্তে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ahmedabad Plane Crash : আহমেদাবাদে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment