Ahmedabad Plane Crash : আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় টাটার মানবিক পদক্ষেপ: নিহতদের পরিবারকে এক কোটি ক্ষতিপূরণ ঘোষণা টাটা গোষ্ঠীর

SHARE:

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে স্তব্ধ গোটা দেশ। এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়ে পড়ে বিজে মেডিক্যাল কলেজের হস্টেল ভবনের উপর। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন চিকিৎসক-সহ বহু যাত্রী। গুরুতর জখম আরও অনেকে। এই বিপর্যয়ের পর টাটা গোষ্ঠী (Tata Group) একটি গুরুত্বপূর্ণ ও মানবিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ (N Chandrasekaran) জানান, নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। শুধু তাই নয়, আহতদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। পাশাপাশি, দুর্ঘটনায় প্রায় ধ্বংসপ্রাপ্ত হস্টেল ভবনের পুনর্নির্মাণেও সহায়তা করবে টাটা গোষ্ঠী। এন চন্দ্রশেখরণ বলেন, “এই দুর্ঘটনার অভিঘাত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, যাঁরা আহত হয়েছেন তাঁদের সকলের প্রতি আমাদের সমবেদনা। আমরা প্রার্থনা করি তাঁদের জন্য ও চেষ্টা করছি পাশে দাঁড়ানোর।”

দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে এখনও শিহরিত গোটা দেশ। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) জানায়, বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন, যাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন বিমানকর্মী। আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকাশে ওড়ার কিছু সময় পরই বিমানটি বাঁ দিকে হেলে পড়ে ও লেজের দিকটা নিচের দিকে নামতে নামতে আচমকাই মাটিতে আছড়ে পড়ে।

বিমানটি বিধ্বস্ত হয় বিমানবন্দর সংলগ্ন মেঘানিনগর এলাকার বি জে মেডিক্যাল কলেজ হস্টেলের ওপর। বিস্ফোরণের তীব্রতায় বহুতল ভবনটির একটি বড় অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, জরুরি পরিষেবা এবং উদ্ধারকর্মীরা সঙ্গে সঙ্গে পৌঁছে যান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স-এ তিনি লেখেন, “আহমেদাবাদের বিপর্যয়ে আমি মর্মাহত, দুঃখিত। এই বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সহানুভূতি। কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা উদ্ধার ও সহায়তার কাজে যুক্ত রয়েছেন, আমি তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Bhupendra Patel) লিখেছেন, “আমি গভীরভাবে শোকাহত। তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডর তৈরি করা হয়েছে। চিকিৎসা ব্যবস্থার কোনও ঘাটতি রাখা হবে না।” মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতির তদারকিতে রয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রীর দফতর।এই দুর্ঘটনায় শহরের মেডিক্যাল পরিকাঠামোরও বড় ধাক্কা লেগেছে। হস্টেলটি ছিল গুজরাতের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল বি জে মেডিক্যাল কলেজের আবাসিক ভবন। বহু চিকিৎসক ও পড়ুয়া সেখানে থাকতেন। দুর্ঘটনায় ৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে উল্লেখ। যা গোটা চিকিৎসক সমাজ ও ছাত্রমহলে গভীর শোকের সঞ্চার করেছে।

এদিকে, টাটা গোষ্ঠীর মানবিক উদ্যোগে কিছুটা হলেও আশার আলো দেখছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। টাটার পক্ষ থেকে যেভাবে ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে, তা নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সামাজিক দায়িত্বের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মত বিশেষজ্ঞদের। অন্যদিকে, বিমান দুর্ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ডিজিসিএ ও বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (Aircraft Accident Investigation Bureau)। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা নিয়ন্ত্রণ কক্ষের নির্দেশনায় বিভ্রান্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনও কারণ নিশ্চিত করা হয়নি। দুর্ঘটনার প্রকৃতি ও এর ভয়াবহতা ঘিরে প্রশ্ন উঠছে আরও গভীরভাবে। বিমান সংস্থার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, মেইনটেন্যান্স রেকর্ড, ওড়ার সময় আবহাওয়া সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত সম্ভব তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানোর ব্যবস্থা নেওয়া জরুরি।

দেশ এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই শোকের আবহেই উঠে আসছে দায়িত্বশীলতার আলোকচ্ছটা। টাটা গোষ্ঠীর মানবিকতার নজির হয়ত কিছুটা হলেও এই আহত, নিহত পরিবারগুলোর বেদনায় প্রলেপ দিতে পারবে কিছুটা। এখন সময় দ্রুত ও সুষ্ঠু তদন্তের, এবং অদূর ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ প্রতিরোধের শক্তিশালী নীতি ও পদক্ষেপ গ্রহণের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ahmedabad Plane Crash : আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ দেশ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment