Adhir Choudhury : শপথ হয়নি। জয়ী বিধায়ক হয়েও বিধানসভায় যোগ দিতে পারছেন না বাইরন বিশ্বাস : অধীর চৌধুরী

SHARE:

শপথ হয়নি। জয়ী বিধায়ক হয়েও বিধানসভায় যোগ দিতে পারছেন না বাইরন বিশ্বাস : অধীর চৌধুরী

সাশ্রয় নিউজ ★ কলকাতা : শপথ গ্রহণ হয়নি। জয়ী বিধায়ক হয়েও বিধানসভায় যোগ দিতে পারছেন না সাগরদীঘি উপনির্বাচনে বিজয়ী বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস। এমনি অভিযোগে বাইরন বিশ্বাসকে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ অধীর চৌধুরী। বাইরনের শপথ নিয়েও বিধানসভার পক্ষ থেকে কোনও ইঙ্গিত মেলেনি বলে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ আরও জানান, ‘বিধানসভার স্পিকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজ্যপালের রাজভবন থেকে কোনও নোটিফিকেশন আসেনি।’ আজ শনিবার সদ্য জয়ী জোট প্রার্থী বাইরন বিশ্বাসকে নিয়ে রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোস-এর কাছে যান অধীর চৌধুরী। রাজ ভবন থেকে বেরিয়ে অধীর বাবু বলেন,  ‘রাজ্যপালের অফিস বিধানসভার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন।’

অন্যদিকে বিধনসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ‘রাজ্যপাল যদি মনে করেন তিনি শপথগ্রহণ করাবেন, তাহলে তিনি নিজেই করাতে পারেন। না হলে তিনি স্পিকারের কাছে শপথ গ্রহণের জন্য পাঠাতে পারেন।’ উল্লেখ্য, সাগরদীঘি বিধানসভা কেন্দ্রে গত ১৬ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের সম্পন্ন হয়। ২ মার্চ উপ-নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়। বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস ওই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বড় মার্জিনে ভোটে পরাজিত করেন। 

প্রদেশ কংগ্রেস সভাপতি, অধীর চৌধুরীর রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গে রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গেও কথা হয়। রাজ্যপালের তিনি অনুরোধ করেন,  রাজ্যের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করার জন্য। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘পঞ্চায়েত নির্বাচন যাতে রক্তাক্ত না হয় তা দেখতে হবে। মুখের কথায়, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে তা বিশ্বাস করতে আমি রাজি নই। অধীরবাবু জানান, তিনি রাজ্যপালকে জানান ‘রাজ্যপুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন