‘রাজ্যপালের ভূমিকায় আমরা সন্তুষ্ট, কিন্তু অনশন চলবে : প্রতিনিধি দল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গে রাজভবনে দেখা করলেন ডিএ আন্দোলনরত পাঁচ সদস্যের প্রতিনিধি দল। রাজভনে রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের প্রায় কুড়ি মিনিট বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে প্রতিনিধি দলের সদস্যরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ‘রাজ্যপাল ত্রিপাক্ষিক বৈঠকের কথা জানিয়েছেন। রাজ্যপালের ভূমিকায় আমরা সন্তুষ্ট। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও রকম ইতিবাচক সাড়া না পেলে আমরা অনশন প্রত্যাহার করব না।’ প্রতিনিধি দলের সদস্যরারা জানান, ‘রাজ্যপাল ইতিবাচক ভূমিকার সঙ্গে জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের সঙ্গে এবিষয়ে কথা বলবেন।’ প্রতিনিধি দলের আরেকজন প্রতিনিধি বলেন, ‘তিনি (রাজ্যপাল) নিজেও একজন সরকারি কর্মী ছিলেন। তিনি আমাদের দাবি শুনে সেই দাবিকে মান্যতা দিয়েছেন। রাজ্যপালকে আমরা অনুরোধ করেছি স্বচ্ছ নিয়োগের জন্য। এছাড়াও আমরা রাজ্যপালকে অনুরোধ করেছি, ধর্মঘটে আমরা যাঁরা অংশগ্রহণ করেছি, তাঁদের বাড়িতে বাড়িতে চড়াও হচ্ছে কিছু গুণ্ডা, আপনি ব্যক্তিগতভাবে ব্যাপারটায় হস্তক্ষেপ করুন।’
বিশেষভাবে উল্লেখ্য যে, বকেয়া মহার্ঘভাতা ও কেন্দ্রীয় সরকারের আওতাধীন সরকারি কর্মচারীদের হারে মহার্ঘভাতার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন ও অনশন করছেন। এই মাসের ১০ তারিখ রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের পাশাপাশি বৃহদাংশের স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীরা ওই ধর্মঘটকে সমর্থন জানান। অনেক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের কাছে রাজ্য সরকারের তরফ থেকে শো-কজ চিঠি পৌঁছয়। শাসক দলের নেতা-কর্মীদের কাছে হেনস্থা হন বহু শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা বলে জানান সংগ্রামী যৌথ মঞ্চ। তাঁদের আরও বক্তব্য, ধর্মঘট রোখার চেষ্টা করেও তাঁরা সফল হননি, ধর্মঘট সর্বাত্মক হয়েছে।




