নির্বাচনী প্রচারে ত্রিপুরা সফর করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ আগরতলা : তিনটি রাজ্যেই বিধানসভা সামনেই। তৃণমূল কংগ্রেস ওই বিধানসভা নির্বাচনগুলিতে ত্রিপুরা ও মেঘালয়কে সতর্কভাবে দেখছে। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার মেঘালয়ে ঘুরে এসেছেন, আর দু’বারই তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা সফরেও তাঁর সফর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা তৃণমূল কংগ্রেস-এর একজন রাজ্য নেতা জানান, ‘এখনও চুড়ান্ত নয়। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই তিনি ত্রিপুরা আসতে পারেন।’ সূত্রের খবর, দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে বৈঠকের পরে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে সভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়-এর। উল্লেখ্য যে, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ওই নির্বাচনে শাসক ও প্রধান বিরোধী দল বামপন্থীদের মধ্যে রাজনৈতিক প্রচার অভিযান তুঙ্গে। সেখানে তৃণমূল কংগ্রেস নিজের দাঁড়ানোর জায়গা পেতে মরিয়া বলে মনে করছেন রাজনৈতিক মহল।



