৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, ভস্মীভূত কন্টেইনার
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা বাইপাসে একটি ইলেক্ট্রিক সামগ্রী ভর্তি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারে। ধাক্কা লাগার পর কন্টেইনারটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা কন্টেনারের চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা দুর্ঘটনা স্থলে পৌঁছন। পুলিশসূত্রে খবর, সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। চার ঘন্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। উল্লেখ্য যে, কন্টেইনারটি খড়গপুর থেকে ওড়িশা যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় কন্টেইনারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এরফলে ৬০ নম্বর জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।




