বেসরকারি আবাসিক স্কুলে দশম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : একটি বেসরকারি আবাসিক স্কুলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ, মুর্শিদাবাদের সুতিতে। মৃত ছাত্রীর বাড়ি বড়ঞার আকাম্বায়। বেসরকারি ওই আবাসিক স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল আফসানা খাতুন নামে ওই ছাত্রী। ওই ছাত্রীর বাবা জানান, “গতকাল ৭:৩০ নাগাদ আমাকে স্কুল থেকে ফোন করা হয়। বলা হয়, আপনার মেয়ে বদমায়েশি করছে। ওকে আপনারা নিয়ে যান। সেইসময় আমি বলেছিলাম, সকালে এসে ওকে নিয়ে যাব। ৮ টা নাগাদ স্কুলে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলতে চাই। স্কুল থেকে বলা হয়, মেয়েকে দেওয়া যাবে না। রাত্রি ১১.৪০ নাগাদ আবার স্কুলে থেকে ফোন আসে। বলা হয়, আপনার মেয়ে অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আমরা সুস্থ মেয়ে কীভাবে অসুস্থ হয়ে পড়ল? ওরা বলল আসুন, এলে বুঝতে পারবেন। রাত পৌনে একটা নাগাদ ফের ফোন আসে। আমাকে বলা হয়, আপনার মেয়ে মারা গিয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে আমার মেয়ে বদমায়েশি করল, অসুস্থ হল। আবার মারাও গেল? আমার বিশ্বাস, মেয়েকে ওরা মেরে ফেলেছে।”
উল্লেখ্য, মৃতার পরিবার সুতি থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে ভয়েস পাবলিক স্কুল নামে ওই স্কুল কর্তৃপক্ষ জানান, “গলায় ফাঁস লাগানো অবস্থায় বাথরুম থেকে শিক্ষিকারা তাঁর দেহ উদ্ধার করেন।” গোটা ঘটনায় শোকস্তব্ধ ছাত্রীর পরিবার। রহস্যময় ছাত্রী মৃত্যুর ঘটনার তদন্ত করছে পুলিশ।
ছবি : প্রতিকী




