কলকাতা রাজপথ স্তব্ধ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বুধবার সকাল থেকে ২০১৪ চাকরি প্রার্থীরা জমায়েত শুরু করেন শিয়ালদহ চত্বরে। ভাগ হয়ে ছড়িয়ে পড়েন ধর্মতলা, এক্সাইড এরিয়ায়। দিনভর তৎপর ছিল পুলিশ। সল্টলেক করুণাময়ীতেও আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। আটক হন কয়েকজন আন্দোলনকারী। সেক্টর ফাইভ, করুণাময়ী চত্বরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা রাস্তায় নামেন। বিক্ষোভ স্লোগানে সরগরম থাকল কলকাতার রাজপথ। বিভিন্ন জেলা থেকে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কলকাতায় জড়ো হন। সরাসরি নিয়োগের দাবী তোলেন চাকরিপ্রার্থীরা।

কলকাতার ধর্মতলা চত্বর, এক্সাইড মোড়। প্রিজন ভ্যানের নিচে শুয়ে পড়ে আন্দোলনকারীরা। পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। রণক্ষেত্র হয়ে ওঠে এক্সাইড, ধর্মতলা এরিয়া। রাস্তাঘাট পুলিশ ও চাকরিপ্রার্থীদের দখলে চলে যায়। একজন আন্দোলনকারীর মাথা ফেটে যায়। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে জোর করে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করে।

হাজরা মোড়েও বেশ কিছু আন্দোলকারী অবরোধ করে স্তব্ধ করে পথ। ‘আমরা আগেই টেট পাশ করেছি। আমাদের সরাসরি নিয়োগ করতে হবে।’ এই দাবি থেকে অনড় ২০১৪-এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।




