মুর্শিদাবাদের ইসলামপুরের সমাবেশে মহঃ সেলিম
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : রবিবার মুর্শিদাবাদের ইসলামপুরে প্রকাশ্য জনসভায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমন শানালেন মহঃ সেলিম। এদিন সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের ডাকে একটি সমাবেশ ছিল ইসলামপুরে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপি আই (এম)-এর রাজ্য সম্পাদক। তিনি বলেন,’পঞ্চায়েত নির্বাচনের পরে, আখের রস তৈরির মতন মেশিন দিয়ে যেভাবে রস বের করা হয়, পঞ্চায়েতে লুট হয়ে যাওয়া টাকা সেভাবেই চিপে বের করা হবে।’ এই তাঁর বক্তৃতায় কেন্দ্রীয় সরকারকেও তুলোধুনো করতে শোনা যায়। তেমনি রাজ্যে এস এস এস সি প্রাইমারি চাকরি দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে পুনরায় সরব হন তিনি। তেমনি ১০০ দিনের কাজের দুর্নীতির প্রসঙ্গও বাদ যায়নি সেলিমের বক্তব্য থেকে। এলাকার বিভিন্ন গ্রাম থেকে খেটে খাওয়া কৃষক শ্রমিক মজদুর ছাত্র যুবরা মিছিল করে ইসলামপুরে আসেন। কী বার্তা নিয়ে গ্রামে ফিরছেন? এলাকার মানুষের উত্তর, সৎ রাজনীতি ও পঞ্চায়েত নির্বাচনে মানুষকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক লড়াই করে এলাকা পুনরুদ্ধার করাই এখন আমাদের লক্ষ্য।
ইসলামপুরের রবিবারের জনসভায় এছাড়াও বক্তব্য রাখেন, সিপি আই (এম) -এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা, সারাভারত ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক অমিয় পাত্র প্রমুখ নেতৃত্ব।




