কৌশিক রায় চৌধুরী, সাশ্রয় নিউজ ডেস্ক★ হায়দরাবাদ : সন্তান আসার খবরটা পরিকল্পনা করে পাওয়া নয়, তা অনেকটা আচমকাই জীবনে এসে ধরা দিয়েছে। এমনই জানালেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। পরিচালক রাজ নিদিমোরু (Raj Nidimoru) -এর সঙ্গে সন্তান নেওয়া নিয়ে আগে থেকেই কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না তাঁদের। একটা সময় দু’জনেই মেনে নিয়েছিলেন, সন্তান নাও হতে পারে। তাই গর্ভধারণের খবর তাঁদের কাছে ছিল রীতিমতো চমক। এখন অবশ্য মাতৃত্বের নতুন অধ্যায় নিয়ে বেশ উচ্ছ্বসিত দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী। সম্পর্কের কথা প্রকাশ্যে আনার পর থেকেই সামান্থা ও রাজকে নিয়ে অনুরাগীদের আগ্রহ কমেনি। তার মধ্যেই প্রথম সন্তানের অপেক্ষার খবর সামনে আসে। চলতি বছরের জুনে তাঁরা জানান, তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেগন্যান্সির নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামান্থা। কখনও বেবি বাম্পের ছবি, কখনও শরীরের পরিবর্তন নিয়ে মজার মন্তব্য ইত্যাদি তাঁর মাতৃত্বের সফর এখন অনুরাগীদের কাছেও বেশ পরিচিত হয়ে গিয়েছে।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’ (The Hollywood Reporter India)-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের প্রেগন্যান্সির খবর জানার মুহূর্তের কথা বলেছেন সামান্থা। অভিনেত্রীর কথায়, তিনি এ রাজ দু’জনেই এমন একটা মানসিক জায়গায় পৌঁছে গিয়েছিলেন যেখানে সন্তান থাকুক বা না থাকুক, কোনও পরিস্থিতিই তাঁদের কাছে অস্বস্তিকর ছিল না। সামান্থা বলেন, ‘আমি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে দুটো সম্ভাবনাই মেনে নিতে পারতাম। হয়ত আমাদের সন্তান হবে না, আবার হয়ত হবে। আমি দুটো পরিস্থিতির জন্যই প্রস্তুত ছিলাম। রাজও একই জায়গায় ছিল। তাই এই খবরটা আমাদের কাছে সত্যিই সারপ্রাইজ।’ সন্তান আসার খবর পাওয়ার ঘটনাটিও বেশ ব্যস্ত সময়ের মধ্যে। ‘থাসাডিয়া’ (Thassadiya) গানের শুটিং চলছিল তখন। সেই দিনই প্রেগন্যান্সির খবর জানতে পারেন অভিনেত্রী। নতুন খবর পাওয়ার পরই তাঁকে ক্যামেরার সামনে নাচের দৃশ্য করতে হয়েছিল। সামান্থা জানিয়েছেন, তখন তাঁর শরীরে অস্বস্তিও ছিল। কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তথাপি শুটিং চালিয়ে যেতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বলতে গিয়ে অভিনেত্রী জানান, ‘যেদিন থাসাডিয়ার শুটিং শুরু করেছিলাম, সেদিনই জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। খবরটা একেবারে নতুন ছিল। তখন সামান্য অসুস্থও লাগছিল। তার মধ্যেই আমাকে নাচের স্টেপ করতে হয়েছিল। মনে হয়, সব কিছু যেন একই সময়ে ঘটে গেল।’
সেই আকস্মিক পরিবর্তন নিয়ে এখন আর কোনও দ্বিধা নেই সামান্থার। মা হওয়ার পর জীবন কীভাবে বদলে যাবে, তা নিয়ে তাঁর মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ। অভিনেত্রীর কথায়, ‘সবাই বলে সন্তান জীবনের পুরো ছবিটাই বদলে দেয়। আমার মনে হয়, সেই পরিবর্তনের জন্য আমি তৈরি।’ সামান্থার প্রেগন্যান্সির খবর প্রকাশ্যে আসে ‘মা ইন্তি বঙ্গারাম’ (Maa Inti Bangaaram) ছবির মুক্তির পর। জুন মাসে ছবিটি প্রেক্ষাগৃহে আসার পরদিনই নিজের মাতৃত্বের খবর অনুরাগীদের তিনি জানান। এরপর থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে ধরা পড়ছে নতুন জীবনের নানা ছোট ছোট মুহূর্ত।
কখনও আবার অনুরাগীদের মজার মন্তব্যের জবাবও দিচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি একাধিক অনুরাগী তাঁদের সন্তানের সম্ভাব্য নাম নিয়ে পরামর্শ দিতে শুরু করেন। এক জন কন্যাসন্তানের জন্য ‘সামাইরা’ ও পুত্রসন্তানের জন্য ‘সামরাজ’ নামের প্রস্তাব দেন। সামান্থা ও রাজের নাম মিলিয়ে তৈরি ‘সামরাজ’ নামটি দেখে অভিনেত্রী মজার ছলে লেখেন, ‘SAMRAJ. নিজেদের নিয়ে একটু বেশিই ভাবা হয়ে যাচ্ছে না?’ প্রেগন্যান্সির সময় শরীরের পরিবর্তন নিয়েও খোলামেলা সামান্থা। ইনস্টাগ্রামে আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) পর্বে অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হওয়া মহিলাদের প্রশ্নের তিনি উত্তর দিয়েছেন।
শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে ফেললেও সেই জিনিসগুলির দিকে তাকিয়ে কিছুটা ঘাবড়ে যাচ্ছেন বলে মজা করেছেন অভিনেত্রী। তাঁর মন্তব্য, ‘বাচ্চার জন্য সব কিছু কিনে ফেলেছি। এখন সেই সব জিনিস দেখেই একটু ভয় লাগছে। আপাতত ল্যাপটপ স্ট্যান্ডটাই ভরসা।’ ওজন বাড়ার বিষয়টিও বাদ যায়নি তাঁর কথোপকথনে। এক অনুরাগী গর্ভাবস্থায় ওজন বেড়ে যাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলে সামান্থা জানান, তাঁরও ইতিমধ্যে ১১ কেজি ওজন বেড়েছে। আবার এক মহিলা তাঁকে বেশি করে ঘুমিয়ে নেওয়ার পরামর্শ দেন। কারণ সন্তান জন্মের পর জীবন আর আগের ছন্দে ফিরবে না। এই মন্তব্যের সঙ্গে নিজের অভিজ্ঞতাও মিলিয়ে দেখছেন অভিনেত্রী। সামান্থা ও রাজের সম্পর্কের গল্পও কম আলোচিত নয়।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিটাডেল: হানি বানি’ (Citadel: Honey Bunny)-এর কাজের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে কোয়েম্বাটোরের ইশা যোগা সেন্টারে একটি যোগিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্ককে প্রকাশ্যে আনেন তাঁরা। এর আগে নাগা চৈতন্য (Naga Chaitanya)-এর সঙ্গে সামান্থার বিবাহবিচ্ছেদ ২০২১ সালে প্রকাশ্যে আসে। অন্যদিকে রাজ নিদিমোরুর আগের বৈবাহিক সম্পর্ক নিয়েও নানা আলোচনা রয়েছে। তবে ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় পেরিয়ে এখন সামান্থার সামনে নতুন পর্ব। অভিনয়ের পাশাপাশি মাতৃত্বের প্রস্তুতিও তাই তাঁর জীবনের অন্যতম বড় পরিবর্তন হয়ে উঠেছে। একদিকে নতুন সন্তানের অপেক্ষা, অন্যদিকে কাজের ব্যস্ততা দুই দিক সামলে এগোচ্ছেন সামান্থা। তবে এবার তাঁর জীবনের সবচেয়ে বড় ‘রিলিজ’ কোনও সিনেমা নয়, আসতে চলেছে এক নতুন পরিচয়। আর সেই পরিচয়ের জন্যই এখন অপেক্ষা অভিনেত্রী থেকে হবু মা সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas first message, Nick Jonas asked photo timestamp Priyanka | প্রথম আলাপেই প্রমাণ চেয়েছিলেন নিক! প্রিয়াঙ্কার মুখে ফাঁস প্রেমের অজানা গল্প, ভাইরাল পুরনো চ্যাট



