Ranbir Kapoor education story, Bollywood celebrity education | ৫৪.৩ শতাংশ নম্বর পেয়েও ‘সবচেয়ে শিক্ষিত’ রণবীর কাপূর, ভাইরাল পুরনো সাক্ষাৎকার

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বই : বলিউডে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনা মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসে। তবে কখনও কখনও সেই ঘটনাই হয়ে ওঠে রসিকতা আর চমকের মিশেল। ঠিক তেমনই এক পুরনো সাক্ষাৎকারের মন্তব্য ফের ভাইরাল হয়েছে অভিনেতা রণবীর কাপূর (Ranbir Kapoor) -এর। যেখানে তিনি নিজেকে কাপূর (Kapoor) পরিবারের ‘সবচেয়ে বেশি শিক্ষিত’ সদস্য বলে দাবি করেছিলেন, আর সেই দাবির পেছনের কারণ শুনে চমকে উঠেছিলেন অনেকেই। জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’ (Koffee With Karan) –এর একটি পর্বে এই প্রসঙ্গ তোলেন রণবীর। সঞ্চালক কর্ণ জোহর (Karan Johar) -এর সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজের স্কুলজীবনের একটি মজার স্মৃতি ভাগ করে নেন। অভিনেতার কথায়, ‘আমাদের পরিবারে আমি নাকি সবচেয়ে বেশি পড়াশোনা করেছি।’ তাঁর এই মন্তব্যে প্রথমে অবাক হয়ে যান কর্ণ নিজেই।

আরও পড়ুন : Kangana Ranaut Controversy, Ranveer Singh Don 3 Issue | কঙ্গনাকে কড়া জবাব অশোক পণ্ডিতের! রণবীর বিতর্কে নতুন করে উত্তাপ বলিউডে

আরও পড়ুন : Toxic movie cast, Yash Kiara film | ‘মা হওয়ার পর বাঘিনি’ : টক্সিক মুক্তির আগে নিজের বদল নিয়ে মুখ খুললেন কিয়ারা আডবাণী

এরপর রণবীর জানান, দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশের সময় তিনি ভারতে ছিলেন না। সেই সময় তিনি আমেরিকায় ছিলেন এবং তাঁর বাবা ঋষি কাপূর (Rishi Kapoor)-এর পরিচালিত ছবি ‘আ অব লৌট চলেঁ’ (Aa Ab Laut Chalen)-এর কাজে তাঁকে সাহায্য করছিলেন। অন্যদিকে, তাঁর মা নীতু কাপূর (Neetu Kapoor) স্কুল থেকে ফল আনতে গিয়েছিলেন। ফল প্রকাশের দিনেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। রণবীরের এক বন্ধু আয়েশা (Ayesha) ফোন করে নীতুকে জানান, রণবীর ৫৪.৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এই খবর শুনে নীতুর প্রতিক্রিয়া ছিল আবেগঘন। রণবীরের কথায়, ‘মা খবরটা শুনেই আনন্দে চিৎকার করে ওঠেন।’

এই ফলাফল নিয়ে পরিবারের প্রতিক্রিয়াও ছিল চমকপ্রদ। রণবীর জানান, তাঁর পাশ করার খবর ঘিরে বাড়িতে বড় করে পার্টির আয়োজন করা হয়েছিল। কারণ, কাপূর পরিবারের ইতিহাসে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা। কর্ণ জোহর তখন অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, ‘তুমিই কি পরিবারের প্রথম ছেলে, যে একবারে দশম শ্রেণি পাশ করেছ?’ উত্তরে রণবীর বলেন, ‘হ্যাঁ, আমার জন্যই বাড়িতে পার্টি হয়েছিল। আমার ঠাকুমার চোখে আনন্দের জল এসে গিয়েছিল। কারণ, আমাদের পরিবারের কোনও ছেলে আগে একবারে এই পরীক্ষায় পাশ করতে পারেনি।’ এই ঘটনার উল্লেখ করেই রণবীর মজা করে বলেন, ‘তাই আমি বলি, আমিই আমাদের পরিবারের সবচেয়ে শিক্ষিত সদস্য।’ তাঁর এই মন্তব্য শুনে উপস্থিত সকলেই হেসে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আবার ছড়িয়ে পড়তেই তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কাপূর পরিবার বলিউডের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী পরিবার হিসেবে পরিচিত। রাজ কাপূর (Raj Kapoor) থেকে শুরু করে ঋষি কাপূর, করিশ্মা কাপূর (Karisma Kapoor), করিনা কাপূর (Kareena Kapoor) একাধিক প্রজন্ম ধরে এই পরিবার চলচ্চিত্র জগতে সক্রিয়। তবে তাঁদের অনেকেই খুব কম বয়সেই অভিনয়ে যোগ দেওয়ায় পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি, এমন কথাও শোনা যায়।

এই প্রেক্ষিতেই রণবীরের এই মন্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। যদিও এটি নিছক রসিকতা, তবুও পরিবারের ইতিহাসের একটি ভিন্ন দিক সামনে এনেছে। ভক্তদের অনেকেই বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘এই রকম আত্মবিশ্বাসই তো দরকার’, আবার কেউ বলেছেন, ‘৫৪ শতাংশেই যদি এমন হয়, তবে বাকিদের কী অবস্থা!’ উল্লেখ্য, অভিনয়ের জগতে অবশ্য রণবীর কাপূরের সাফল্য প্রশ্নাতীত। ‘বারফি’, ‘সঞ্জু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। সামনেও একাধিক বড় প্রকল্পে তাঁকে দেখা যাবে।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali) -এর ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ (Love and War), যেখানে রণবীরের সঙ্গে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) ও ভিকি কৌশল (Vicky Kaushal)। এছাড়াও নীতেশ তিওয়ারি (Nitesh Tiwari) -এর বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এ রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে সাই পল্লবী (Sai Pallavi) সীতার চরিত্রে, যশ (Yash) রাবণের চরিত্রে, সানি দেওল (Sunny Deol) হনুমানের ভূমিকায় এবং রবি দুবে (Ravi Dubey) লক্ষ্মণের চরিত্রে অভিনয় করবেন। জানা গিয়েছে, ছবিটি দুই ভাগে মুক্তি পাবে। উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের মজার স্মৃতি থেকে পেশাগত জীবনের ব্যস্ততা দুই দিকেই সমান ভাবে নজর কেড়েছেন রণবীর কাপূর। তাঁর সেই পুরনো মন্তব্য আবার সামনে আসায় ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt salary Alpha, highest paid Bollywood actress | ২৫ কোটিতে শীর্ষে আলিয়া! ‘আলফা’ নিয়ে বিতর্কের মাঝেই পারিশ্রমিকে দীপিকা-ক্যাটরিনাকে টপকালেন বলিউড তারকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন