প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডে পারিশ্রমিকের দৌড়ে নতুন সমীকরণ তৈরি করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। যশরাজ ফিল্মস (Yash Raj Films) –এর বহুল আলোচিত ‘স্পাই ইউনিভার্স’ (Spy Universe) -এর আসন্ন ছবি ‘আলফা’ (Alpha) মুক্তির আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে। ছবির কাস্টিং থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য, ছবির এসব কিছু নিয়েই আলোচনা চলছে। তার মধ্যেই সামনে এসেছে পারিশ্রমিকের অঙ্ক, যেখানে বলিউডের তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন আলিয়া। প্রযোজনা সংস্থার এই বড় বাজেটের ছবিতে আলিয়া ভট্টকে দেখা যাবে এক শক্তিশালী অ্যাকশন চরিত্রে। তবে এই চরিত্রে তাঁকে মানাবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। একাংশের মতে, এমন ধাঁচের চরিত্রে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন রয়েছে। অন্যদিকে অনেকে মনে করছেন, নতুন ধরনের ভূমিকায় নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন অভিনেত্রী।

এই সমস্ত বিতর্কের মাঝেই সামনে এসেছে চমকপ্রদ তথ্য, ‘আলফা’ ছবির জন্য প্রায় ২৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন আলিয়া। ফলে বর্তমানে তিনিই দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতে উঠে এলেন। এই অঙ্ক দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) -এর পারিশ্রমিককেও ছাড়িয়ে গিয়েছে। বলিউডে দীর্ঘদিন ধরেই পারিশ্রমিকের নিরিখে দীপিকা, ক্যাটরিনা এবং প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) -এর নাম শীর্ষে থাকত। যদিও প্রিয়াঙ্কা বর্তমানে আন্তর্জাতিক প্রোজেক্টে বেশি ব্যস্ত ও হিন্দি ছবিতে নিয়মিত নন। শোনা যাচ্ছে, তিনি ‘বারাণসী’ (Varanasi) নামের একটি ছবির মাধ্যমে ফের ভারতীয় পর্দায় ফিরতে পারেন।
অন্যদিকে ক্যাটরিনা কাইফ কিছু দিন ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন। আগে তিনি প্রতি ছবিতে প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিতেন বলে জানা যায়। দীপিকা পাড়ুকোনকে শেষবার দেখা গিয়েছে ‘কল্কি’ (Kalki)-তে। মা হওয়ার পর তিনি কিছুটা সময় কাজ থেকে দূরে রয়েছেন। তাঁর পারিশ্রমিক সাধারণত ২০ কোটির আশেপাশে থাকত। সেই তুলনায় ‘আলফা’-র জন্য আলিয়ার ২৫ কোটির চুক্তি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
এই ছবিতে আলিয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ববি দেওল (Bobby Deol)। ‘অ্যানিম্যাল’ (Animal) ছবির পর তাঁর জনপ্রিয়তা নতুন করে বেড়েছে। দীর্ঘ সময়ের মন্দার পর তাঁর কেরিয়ারে এখন নতুন সুযোগ আসছে একের পর এক। জানা গিয়েছে, ‘আলফা’-তে অভিনয়ের জন্য তিনি প্রায় ৬ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। ছবির আর এক গুরুত্বপূর্ণ মুখ শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। যশরাজ ফিল্মসের হাত ধরেই তাঁর বলিউডে প্রবেশ। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন ও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন। ‘আলফা’-র জন্য তিনি প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

একই পরিমাণ পারিশ্রমিক পাচ্ছেন অভিজ্ঞ অভিনেতা অনিল কাপূর (Anil Kapoor)। দীর্ঘদিন ধরে বলিউডে নিজের অবস্থান ধরে রাখা এই অভিনেতা এখনও বড় প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন। তাঁর উপস্থিতি ছবির গুরুত্ব আরও বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। ছবির আর একটি বড় আকর্ষণ হল হৃতিক রোশন (Hrithik Roshan)-এর ক্যামিয়ো উপস্থিতি। যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর আগের ছবি ‘ওয়ার’ (War)-এ তাঁর চরিত্র দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় ‘আলফা’-তেও তাঁকে দেখা যাবে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়াচ্ছে।

ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ৩ জুলাই। মুক্তির আগেই পারিশ্রমিক, কাস্টিং এবং চরিত্র নিয়ে এত আলোচনা তৈরি হওয়ায় ছবির প্রতি প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে আলিয়ার অ্যাকশন অবতার কেমন হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। উল্লেখ্য, বলিউডে নারী অভিনেত্রীদের পারিশ্রমিক নিয়ে বহু দিন ধরেই আলোচনা চলছে। সেই প্রেক্ষাপটে আলিয়ার এই পারিশ্রমিক নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করা হচ্ছে। বড় বাজেটের ছবিতে নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প গড়ে ওঠা এবং সেই চরিত্রে উচ্চ পারিশ্রমিক, এই প্রবণতা ইন্ডাস্ট্রির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ‘আলফা’ মুক্তির পর এই সমস্ত আলোচনা কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। তবে মুক্তির আগেই পারিশ্রমিকের দৌড়ে আলিয়া ভট্ট যে নতুন উচ্চতায় পৌঁছেছেন, তা বলিউডে একটি বড় ঘটনা হিসেবেই ধরা হচ্ছে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ranbir Kapoor viral video, Alia Bhatt premiere incident | ক্যামেরার সামনে রেগে গেলেন রণবীর কপূর! নীতু কপূর -এর ছবির প্রিমিয়ারে কী ঘটেছিল, নেপথ্যের সত্যি সামনে এল



