Deepika Padukone White Lotus Season 4 | দ্য হোয়াইট লোটাস সিজন ৪-এ দীপিকা পাড়ুকোন? অডিশন বিতর্কের মাঝেই ‘প্রমাণ করার কিছু নেই’ পোস্ট ভাইরাল

SHARE:

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : হলিউডের জনপ্রিয় সিরিজ হোয়াইট লোটাস (The White Lotus) -এর চতুর্থ সিজনে কি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)? গত কয়েক দিন ধরে বিনোদন জগতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। আন্তর্জাতিক স্তরে তাঁর কাজের সম্ভাবনা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই সামনে আসে অন্য খবর, অডিশন প্রক্রিয়ায় অংশ নিতে অনাগ্রহী হওয়ায় নাকি সিরিজটি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। এরই মধ্যে সমাজমাধ্যমে দীপিকার একটি পোস্ট নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকের মতে, সমালোচকদের উদ্দেশ্যে নাম না করেই কড়া জবাব দিয়েছেন তিনি।

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দীপিকা লিখেছেন, ‘শান্ত থাকতে পারাটাই হল সবথেকে বড় ফ্লেক্স। যে কেউ রাগ করতে পারে, চিৎকার করতে পারে বা তড়িঘড়ি প্রতিক্রিয়া জানাতে পারে। তার জন্য আলাদা শক্তির দরকার হয় না। আসল ক্ষমতা তখনই বোঝা যায়, যখন চারপাশে বিশৃঙ্খলা চললেও আপনি নিজেকে সামলে রাখতে পারেন।’ পোস্টের পরবর্তী অংশে তিনি যোগ করেন, ‘জীবন আপনাকে বারবার খোঁচা দেবে। কিন্তু আবেগে ভেসে না গিয়ে নিজের নিয়ন্ত্রণ ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ। শান্ত থাকা দুর্বলতার লক্ষণ নয়। এটি আত্মনিয়ন্ত্রণের পরিচয়। আপনার কাউকে কিছু প্রমাণ করার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, এটা বুঝে নেওয়াই শক্তি। শব্দের নেশায় মত্ত এই পৃথিবীতে নীরবতাই এক ধরনের সুপারপাওয়ার।’

আরও পড়ুন : Ranbir Kapoor Deepika relationship | রণবীরের এক বাক্যে ফাঁস দীপিকার ‘রাগী’ সত্তা, রাগে ফোন ভেঙে ফেলেন দীপিকা পাড়ুকোন

দীপিকার এই বক্তব্য সামনে আসার পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিশ্লেষণ। অনেকের ধারণা, ‘দ্য হোয়াইট লোটাস’ -এ অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়া সংক্রান্ত জল্পনার পরিপ্রেক্ষিতেই এই পোস্ট। যদিও কোথাও সরাসরি সিরিজ বা অডিশনের প্রসঙ্গ তোলেননি অভিনেত্রী। একটি আন্তর্জাতিক বিনোদনমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সিরিজের নির্মাতারা চতুর্থ সিজনের জন্য দীপিকার সঙ্গে যোগাযোগ করেন। তবে তাঁদের তরফে অডিশনের অনুরোধ জানানো হয়। সূত্রের খবর, বহু বছর ধরে বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করা এই তারকা অডিশন দেওয়ার বিষয়ে আগ্রহ দেখাননি। ফলত প্রজেক্টটি তাঁর হাতে আসেনি।

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত।

উল্লেখ্য, এর আগেও সিরিজটির তৃতীয় সিজনের সময় দীপিকার কাছে প্রস্তাব গিয়েছিল বলে শোনা যায়। সে সময় তিনি অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করতে পারেননি। ফলে দ্বিতীয়বার সুযোগ আসার পর তা নিয়েও এত আলোচনা স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করেছে। হলিউডে দীপিকার যাত্রা নতুন নয়। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত xXx: Return of Xander Cage ছবিতে তিনি অভিনয় করেছিলেন হলিউড তারকা ভিন ডিজেল (Vin Diesel) -এর বিপরীতে। সেই ছবির পর আন্তর্জাতিক দর্শকমহলে তাঁর পরিচিতি বাড়ে। ফলে ‘দ্য হোয়াইট লোটাস’ -এর মতো বহুল চর্চিত সিরিজে তাঁর সম্ভাব্য উপস্থিতি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। অন্যদিকে, বিনোদন জগতের একাংশ মনে করছেন, আন্তর্জাতিক প্রোজেক্টে অডিশন প্রক্রিয়া অস্বাভাবিক কিছু নয়। বহু প্রতিষ্ঠিত অভিনেতাকেও বড় সিরিজ বা ছবির ক্ষেত্রে অডিশন দিতে হয়। আবার ভক্তদের একাংশের বক্তব্য, দীপিকার মতো প্রতিষ্ঠিত শিল্পীর ক্ষেত্রে এই শর্ত চাপিয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই প্রশ্ন উঠছে।

আরও পড়ুন : Sonakshi Sinha Maldives Vacation | স্বপ্নের গন্তব্য মালদ্বীপে রোম্যান্টিক ছুটির মেজাজে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল

সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ‘দীপিকার কিছু প্রমাণ করার নেই।’ আবার কেউ মত দিয়েছেন, ‘হলিউডে কাজ করতে গেলে নিয়ম মেনেই এগোতে হয়।’ এই মতভেদের মাঝেই অভিনেত্রীর পোস্ট যেন আরও ইন্ধন জুগিয়েছে আলোচনায়।প্রসঙ্গত, বর্তমানে দীপিকা একাধিক বলিউড প্রোজেক্ট নিয়ে ব্যস্ত। ব্যক্তিগত জীবন, মাতৃত্ব ও পেশাগত দায়িত্ব এসব কিছু সামলে তিনি নতুন অধ্যায়ে পা রেখেছেন। তাই আন্তর্জাতিক প্রজেক্টের ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত নিয়ে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ বলছেন, সময়ের অভাব; কেউ বা বলছেন, শর্তে অমিল। তবে সত্যিটা জানেন একমাত্র তিনিই। কিন্তু বিনোদন দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন তাঁর সেই একটি পোস্ট।

আরও পড়ুন : Elon Musk Moon city 5 years, when will humans live on Moon | ‘৫-৭ বছরের মধ্যেই চাঁদে শহর!’ মানুষের স্থায়ী বসবাস কবে, নতুন সময়সীমা জানালেন ইলন মাস্ক

অভিনেত্রীর বক্তব্যে একটি লাইন বিশেষভাবে নজর কেড়েছে, ‘আপনার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই।’ অনেকেই মনে করছেন, এই মন্তব্যই চলতি বিতর্কের পরোক্ষ জবাব। তবে দীপিকা নিজে বিষয়টি নিয়ে সরাসরি কিছু না বলায় রহস্য রয়েই গেল। বলিউড থেকে হলিউড দীপিকার পথচলা বরাবরই নজরকাড়া। নতুন সিরিজে তাঁকে দেখা যাবে কি না, তা সময় বলবে। আপাতত তাঁর নীরবতাই আলোচনার কেন্দ্রবিন্দু।

সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন