Anubhav Sinha Mamata Banerjee biopic |বাংলার মুখ্যমন্ত্রীকে বড়পর্দায় আনতে চান অনুভব! কেন আকর্ষণীয় চরিত্র মমতা?

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বলিউডে ভিন্ন ধারার রাজনৈতিক ও সামাজিক ছবি নির্মাণে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha)। ‘মুলক’, ‘থাপ্পড়’ -এর মতো সমাজমনস্ক ছবির পর আবারও কোর্টরুম ড্রামা ঘরানায় ফিরছেন তিনি। অভিনেত্রী তাপসী পান্নুকে (Taapsee Pannu) নিয়ে তাঁর নতুন ছবি ‘আশি’ ইতিমধ্যেই আলোচনায়। নারীর উপর নির্যাতন, বিচারব্যবস্থার জটিলতা এবং ন্যায়বিচার অধরাই থেকে যাওয়ার বাস্তবতা এই বিষয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি। প্রচারের ফাঁকে একান্ত আলাপে উঠে আসে তাঁর চমকপ্রদ ইচ্ছার কথা, বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে বায়োপিক বানাতে চান অনুভব। বাংলার রাজনৈতিক পরিসর এবং সেখানে একজন নারী নেত্রীর উত্থান তাঁকে বিশেষ ভাবে আকর্ষণ করে বলেই জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, ‘আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক বানাতে চাই। উনি খুব আকর্ষণীয় চরিত্র। একজন মহিলা রাজনীতিবিদ হিসেবে যেভাবে মাঠে নেমে রাজনীতি করেন, তা আলাদা মাত্রা যোগ করে।’ তিনি আরও বলেন, ‘বাংলা রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য। সেখানে একজন নারী নেত্রীর এই দীর্ঘ পথচলা নিশ্চয়ই চমকপ্রদ।’

Mamata Banerjee। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে রাজ্যের শাসনভার গ্রহণ করেছেন। অনুভবের মতে, ‘মানুষ মাত্রেই জীবনে ওঠাপড়া থাকে। রাজনৈতিক জীবন তো আরও বেশি উত্থান-পতনে ভরা। তাই তাঁর জীবনী অবশ্যই নাটকীয় ও সিনেম্যাটিক হতে পারে।’ তবে তিনি এ-ও বলেন, ‘এটা সহজ কাজ নয়। ব্যক্তিগত ভাবে তাঁকে জানি না। সময় কাটাতে হবে, গবেষণা করতে হবে, তবেই সম্ভব।’ উল্লেখ্য যে, করোনা পর্বে কলকাতার একটি চলচ্চিত্র উৎসবে এসে মুখ্যমন্ত্রীকে কাছ থেকে দেখার অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন অনুভব। ‘প্রায় পনেরো ফুট দূর থেকে তাঁকে দেখেছি। তখনই বুঝেছিলাম, উনি সত্যিই মাঠে নেমে রাজনীতি করা মানুষ,’ বলেন তিনি। বর্তমানে অনুভবের ফোকাস ‘আশি’ ছবির প্রচার। এটি তাপসীর সঙ্গে তাঁর তৃতীয় কাজ। কেন বারবার তাপসীকেই বেছে নেন? উত্তরে পরিচালক জানান, ‘ছবি ভাবলেই তাপসীর কথা মাথায় আসে। ওর সঙ্গে কাজের সম্পর্ক খুব সহজ। তাপসী যে চরিত্র করে, সেটা বিশ্বাস করে করে। শুধু কাজের তালিকা বাড়ানোর জন্য কাজ করে না। গল্পের আত্মার সঙ্গে একাত্ম হয়ে যায়।’ তাঁর মতে, অনেক অভিনেতা বিভিন্ন ঘরানার কাজ করেন কেরিয়ার বৈচিত্র্য দেখাতে, কিন্তু তাপসী চরিত্রের বিশ্বাসযোগ্যতাকে প্রাধান্য দেন।

কোর্টরুম ড্রামা ঘরানায় বারবার ফিরে আসার কারণ প্রসঙ্গে অনুভব বলেন, ‘আমি এই ঘরানাটা পছন্দ করি। সুযোগ পেলে প্রতি বছর একটা করে কোর্টরুম ড্রামা বানাতে পারি।’ তাঁর অভিজ্ঞতা থেকে জানান, আদালতের ভিতরে যে নাটকীয়তা চলে, তা অনেক সময় সিনেমাকেও হার মানায়। ‘আমি ব্যক্তিগত কারণে দু’বার সুপ্রিম কোর্টে গিয়েছি। আবার ছবির গবেষণার জন্য দিল্লির পাটিয়ালা হাউস সেশন কোর্টেও সময় কাটিয়েছি। সেখানে যে সব অদ্ভুত মামলা আর তর্ক শুনেছি, তা অবিশ্বাস্য। কেউ যদি সেখানে বেশিক্ষণ কাটায়, সে শুধু কোর্টরুম ড্রামাই বানাতে চাইবে,’ মন্তব্য অনুভবের। ‘আশি’ ছবির বিষয় অত্যন্ত সংবেদনশীল। নারীর নিরাপত্তা ও বিচারব্যবস্থার সীমাবদ্ধতা। পৃথিবী কি মেয়েদের জন্য নিরাপদ? প্রশ্নের উত্তরে অনুভব অকপটে বলেন, ‘আমরা পুরুষেরা নিজেদের মতো করে পৃথিবী সাজিয়ে নিয়েছি। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছি। বাকিরা নিজেদেরটা বুঝে নিক এমন মানসিকতা কাজ করে।’ তিনি কলকাতার আরজি কর-কাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রতি মুহূর্তে কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে। খুব করুণ বাস্তব।’

কলকাতার সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগও রয়েছে। কলেজজীবন থেকেই বাঙালি বন্ধুদের মাধ্যমে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয়। ‘বাঙালিরা তাদের সংস্কৃতি ও খাবার নিয়ে খুব সংবেদনশীল। অবশ্য অন্য প্রদেশের মানুষও কম যায় না,’ বলেন অনুভব। তাঁর দিদির বিয়ে কলকাতায় হওয়ায় পরিবারের সঙ্গেও শহরের নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলা চলচ্চিত্র নিয়েও তাঁর আগ্রহ প্রবল। তিনি জানান, বহু বাঙালি চলচ্চিত্রকার তাঁর বন্ধু। বিশেষ করে মৃণাল সেন (Mrinal Sen) -এর ‘একদিন প্রতিদিন’ তাঁকে গভীর ভাবে প্রভাবিত করেছে। ‘কখনও মনে হয়েছে, যদি ছবিটা আমি বানাতে পারতাম! আমার ছবির ধরন আর ওঁর মেকিংয়ের মধ্যে কিছু মিল খুঁজে পাই,’ বলেন অনুভব। উল্লেখ যে, সমাজমনস্ক গল্প বলায় যিনি সিদ্ধহস্ত, সেই অনুভব সিনহার মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক তৈরির ইচ্ছা নিঃসন্দেহে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছে। আদৌ সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তা সময়ই বলবে। তবে পরিচালক নিজেই জানিয়েছেন, ‘গভীর গবেষণা আর সময় ছাড়া এমন কাজ সম্ভব নয়।’ তত দিন ‘আশি’ মুক্তির অপেক্ষায় দর্শক।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Anushka Sharma spiritual change, Virat Kohli ashram visit | গলায় তুলসীর মালা, সাদা সরল সাজ অনুষ্কা-বিরাট কি আধ্যাত্মিক জীবনের পথে? জল্পনায় নেটদুনিয়া

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন