WaveX, Ministry of Information and Broadcasting | ভারতের মিডিয়া ও সম্প্রচার প্রযুক্তি : আইআইটি দিল্লির সঙ্গে চুক্তি করে উদ্ভাবনের গতি বাড়াতে ওয়েভএক্স

SHARE:

রেশমী ঘোষ ★ নতুন দিল্লি : ভারতের মিডিয়া, বিনোদন ও সম্প্রচার প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় পদক্ষেপ নিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Ministry of Information & Broadcasting)। মন্ত্রকের অধীন স্টার্টআপ অ্যাক্সিলারেটর উদ্যোগ ওয়েভএক্স (WaveX) সম্প্রতি আইআইটি দিল্লির ফাউন্ডেশন ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার, ফিট (FITT, IIT Delhi) -এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা মউ (MoU) স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশজুড়ে মিডিয়া, বিনোদন, সম্প্রচার ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন, ইনকিউবেশন এবং উদ্যোক্তা গড়ে তোলার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে বলে জানায় মন্ত্রক।

নতুন দিল্লির শাস্ত্রী ভবনে (Shastri Bhawan, New Delhi) অনুষ্ঠিত এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু (Shri Sanjay Jaju)। ওয়েভএক্স এবং ফিট-আইআইটি দিল্লির প্রতিনিধিরা তাঁর উপস্থিতিতেই আনুষ্ঠানিক ভাবে চুক্তিতে সই করেন। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই অংশীদারিত্ব ভারতের মিডিয়া ও এন্টারটেনমেন্ট প্রযুক্তি ইকোসিস্টেমকে ভবিষ্যৎ-উপযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সহযোগিতার আওতায় ফিট (FITT, IIT Delhi) ওয়েভএক্স প্রোগ্রামের বাস্তবায়ন ও সম্প্রসারণে সক্রিয় সহায়তা করবে। উল্লেখযোগ্য ভাবে, ওয়েভএক্স একটি জাতীয় স্তরের উদ্যোগ, যার মূল লক্ষ্য দেশজুড়ে ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা এবং বিদ্যমান কেন্দ্রগুলিকে আরও মজবুত করা। ফিট এই ক্ষেত্রে কৌশলগত ও পরিচালনাগত পথনির্দেশ দেবে, নতুন ইনকিউবেটর স্থাপনে সহায়তা করবে এবং অন্যান্য আইআইটি ও উদ্ভাবন কেন্দ্রগুলির সঙ্গে সংযোগ স্থাপনে সেতুবন্ধনের কাজ করবে।
এছাড়াও, স্টার্টআপগুলিকে প্রযুক্তিগত দক্ষতা, গবেষণাগার ব্যবহারের সুযোগ, মেন্টরশিপ, মেধাস্বত্ব (আইপি) সংক্রান্ত সহায়তা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। ফলে মিডিয়া ও সম্প্রচার প্রযুক্তি ক্ষেত্রে কাজ করা নতুন উদ্যোক্তারা এক ছাদের নিচে একাধিক সুবিধা পেতে চলেছেন।

আরও পড়ুন : Viksit Bharat G Ram G Act, Shivraj Singh Chouhan Erode visit | ‘বিকশিত ভারত- জি রাম জি আইন’ আত্মনির্ভর গ্রামের ভিত্তি গড়ছে: ইরোডে কৃষক ও শ্রমজীবীদের সঙ্গে মত বিনিময়ে শিবরাজ সিং চৌহান

অন্য দিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ওয়েভএক্স (WaveX) এই উদ্যোগে আর্থিক সহায়তা, নীতিগত দিকনির্দেশ এবং জাতীয় স্তরে দৃশ্যমানতা প্রদান করবে। ওয়েভএক্সের লক্ষ্য, স্টার্টআপগুলিকে পরিকাঠামো, শিল্প সংযোগ, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়া। এর ফলে ভারতীয় মিডিয়া ও বিনোদন প্রযুক্তি বিশ্ব দরবারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করছেন অভিজ্ঞমহল।
এই উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু (Sanjay Jaju) বলেন, ‘ওয়েভএক্সকে আমরা জাতীয় স্তরের অনুঘটক হিসেবে কল্পনা করেছি, যা মিডিয়া ও বিনোদন প্রযুক্তিতে উদ্ভাবনের গতি বাড়াবে। এই প্ল্যাটফর্ম এমন স্টার্টআপগুলিকে এগিয়ে নিয়ে যাবে, যারা মিডিয়া শিল্পে মূল প্রযুক্তিগত পরিবর্তন আনছে, আবার এমন উদ্ভাবকদেরও উৎসাহ দেবে, যারা বিদ্যমান প্রযুক্তির উপর নতুন অ্যাপ্লিকেশন তৈরি করছে। ওয়েভএক্সের লক্ষ্য বিশ্বমানের ইনকিউবেশন পরিকাঠামো গড়ে তোলা এবং গোটা ইকোসিস্টেমকে সক্রিয় করা।’

ফিট-আইআইটি দিল্লির পক্ষ থেকে মউ-তে সই করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ড. নিখিল আগরওয়াল (Dr. Nikhil Agarwal)। তিনি বলেন, ‘ওয়েভএক্সের সঙ্গে এই অংশীদারিত্ব উদীয়মান ও সৃজনশীল প্রযুক্তি ক্ষেত্রে প্রযুক্তি-নির্ভর উদ্যোক্তা তৈরির প্রতি ফিটের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করল। নীতিগত সহায়তা, একাডেমিক উৎকর্ষ এবং শিল্প সংযোগ, এই তিনের সমন্বয়ে আমরা একটি শক্তিশালী জাতীয় ইনকিউবেশন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যা মিডিয়া, প্রযুক্তি ও উদ্ভাবনের সংযোগস্থলে কাজ করা স্টার্টআপগুলিকে সহায়তা করবে।’ উল্লেখ্য যে, কূটনৈতিক ও শিল্প মহলের মতে, এই চুক্তি আইআইটি দিল্লির একাডেমিক ও গবেষণা শক্তিকে কাজে লাগিয়ে মিডিয়া ও বিনোদন প্রযুক্তির স্টার্টআপগুলির দ্রুত বৃদ্ধি এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণে গতি আনবে। ওয়েভএক্স ফ্রেমওয়ার্কের আওতায় এই উদ্যোগ ভারতের মিডিয়া ও এন্টারটেনমেন্ট ইনোভেশন ইকোসিস্টেমকে আরও সুসংহত করবে বলেই তাঁদের মত।

ফিট (FITT, IIT Delhi) সম্পর্কে বলতে গেলে, এটি আইআইটি দিল্লির শিল্প সংযোগ সংস্থা। উদ্ভাবন, উদ্যোক্তা গঠন এবং প্রযুক্তি বাণিজ্যিকীকরণের ক্ষেত্রে এই সংস্থা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইনকিউবেশন, শিল্প সহযোগিতা, গবেষণার বাস্তব প্রয়োগ, মেধাস্বত্ব ব্যবস্থাপনা এবং স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়নে ফিটের অবদান উল্লেখযোগ্য।
অন্য দিকে, ওয়েভএক্স (WaveX) হল তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন একটি জাতীয় মিডিয়া ও এন্টারটেনমেন্ট প্রযুক্তি উদ্ভাবন ও ইনকিউবেশন কর্মসূচী, যা ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Film Development Corporation Ltd.) -এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রচার, যোগাযোগ, মিডিয়া এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে কাজ করা স্টার্টআপ ও উদ্যোক্তাদের কাঠামোবদ্ধ সহায়তা, শিল্প সংযোগ, মেন্টরশিপ এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিতি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
যাই-হোক, ওয়েভএক্স ও ফিট-আইআইটি দিল্লির এই সমঝোতা ভারতের মিডিয়া ও সম্প্রচার প্রযুক্তি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন