প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : অভিনেত্রী হিনা খান (Hina Khan) আবারও প্রমাণ করলেন, তিনি শুধু পর্দার চরিত্রেই নয়, বাস্তব জীবনেও স্পষ্টভাষী। সম্পর্ক, বিয়ে, অসুস্থতা সব কিছু নিয়েই অকপটে কথা বলতে বরাবরই তিনি পিছপা হন না। গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে এসেছিলেন হিনা। শারীরিক অসুস্থতা সত্ত্বেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। চিকিৎসা চলছে, কিন্তু জীবনের গতি থামেনি। এই লড়াইয়ের মাঝেই ১৩ বছরের দীর্ঘ সম্পর্কের পর তাঁর দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সল (Rocky Jaiswal) -এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। আর বিয়ের পর দাম্পত্যজীবন, মানসিক টান ও শারীরিক সম্পর্কের গুরুত্ব নিয়ে তাঁর বক্তব্য নতুন করে চর্চা শুরু করেছে।

হিনা এবং রকির সম্পর্ক দীর্ঘদিন ধরেই টেলিভিশন দুনিয়ায় পরিচিত। প্রেমের বয়স ১৩ বছর। এত দীর্ঘ সময় একে অপরের পাশে থাকা মানেই যে সব কিছু নিখুঁত ছিল, এমন দাবি করেননি হিনা।
তিনি বার বার বলেছেন, জীবনের কঠিন সময়গুলোতেই মানুষের প্রকৃত সঙ্গীকে চেনা যায়। ক্যানসারের চিকিৎসার সময় তাঁর শারীরিক যন্ত্রণা, মানসিক ভেঙে পড়া, ঘুমহীন রাত, সব কিছুর সাক্ষী ছিলেন রকি। সেই অভিজ্ঞতাই নাকি তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

হিনার কথায়, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোতে রকি যেভাবে পাশে থেকেছে, সেটাই আমার কাছে ভালবাসার সবচেয়ে বড় প্রমাণ।’
উল্লেখ্য, বিয়ের পর তাঁদের সম্পর্ক নিয়ে নানা মন্তব্যও শোনা গিয়েছে সমাজমাধ্যমে। কেউ প্রশ্ন তুলেছেন সময় নির্বাচন নিয়ে, কেউ বা অসুস্থতার মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন। তবে সেই সব সমালোচনায় বিশেষ গুরুত্ব দেননি হিনা। তিনি বারবার বলেছেন, ‘আমার স্বপ্নের রাজপুত্র রকি। কিন্তু রাজপুত্র মানেই যে সব কিছু নিখুঁত হবে, এমন কোনও প্রতিশ্রুতি কেউ দেয় না।’ এই বাস্তববাদী মনোভাবই হিনাকে আলাদা করে।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ফের আলোচনায় আসেন অভিনেত্রী। সেই ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত হিনার পাশে একটি কাগজে হাতে লেখা ‘আই লাভ ইউ’ রেখে কাজে বেরিয়ে গিয়েছেন রকি। হিনা জানান, এমন ছোট ছোট ভালবাসার প্রকাশ রকি প্রায়শই করেন। সকালে ঘুম ভেঙে এই ধরনের বার্তা পাওয়াই নাকি তাঁর দিনটা সুন্দর করে তোলে।
এই প্রসঙ্গ থেকেই তিনি সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক, শারীরিক ঘনিষ্ঠতা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। হিনার বক্তব্যে কোনও রকম ভনিতা নেই। তিনি স্পষ্টই বলেন, ‘দীর্ঘ সম্পর্কের পরে অনেক সময় শারীরিক সম্পর্ক স্বাভাবিক ভাবেই পিছনের সারিতে চলে যায়।’ তাঁর মতে, এর নেপথ্যে থাকে একাধিক কারণ, হরমোনের পরিবর্তন, কাজের চাপ, সংসারের দায়িত্ব, শরীর ও মনের ক্লান্তি, এমনকি স্বাস্থ্যগত সমস্যাও। বিশেষ করে যখন কেউ দীর্ঘ অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন শারীরিক সম্পর্ক সব সময় প্রাধান্য পায় না। তবে সেটাকে সম্পর্কের দুর্বলতা হিসেবে দেখতেও নারাজ অভিনেত্রী।

হিনা মনে করেন, ১৩ বছর ধরে একসঙ্গে বহু ঝড়ঝঞ্ঝা পেরিয়ে এলে সম্পর্কের কেন্দ্রে চলে আসে মানসিক সংযোগ। তাঁর ভাষায়, ‘এত বছর একসঙ্গে থাকার পর শারীরিক টানের থেকেও মানসিক টানটাই বেশি অনুভব করি।’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, শারীরিক সম্পর্কের প্রয়োজনীয়তাকে তিনি অস্বীকার করছেন না। বরং তাঁর মতে, ভালবাসার প্রকাশের ধরন সময়ের সঙ্গে বদলে যায়। কখনও তা স্পর্শে, কখনও কথায়, কখনও আবার ছোট ছোট যত্নে ধরা দেয়।অভিনেত্রীর কথায়, ‘ভালবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়। রকি যেভাবে আমার খেয়াল রাখে, যেভাবে ছোট ছোট জিনিসে ভালবাসা প্রকাশ করে, সেটাই আমার জন্য যথেষ্ট।’ এই বক্তব্য অনেক দম্পতির কাছেই বাস্তব ও প্রাসঙ্গিক বলে মনে করছেন মনোবিদদের একাংশ। তাঁদের মতে, দীর্ঘ সম্পর্ক বা বিবাহিত জীবনে শারীরিক ঘনিষ্ঠতার পাশাপাশি মানসিক নিরাপত্তা ও পারস্পরিক সম্মান সমান গুরুত্বপূর্ণ।

ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝেও হিনার এই খোলামেলা স্বীকারোক্তি অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে। অসুস্থতা, কাজের চাপ, সামাজিক প্রত্যাশা,,সব কিছুর মাঝেও তিনি নিজের জীবনের গল্প নিজস্ব শর্তে বলতে চাইছেন। অভিনেত্রীর এই দৃষ্টিভঙ্গি দেখিয়ে দিচ্ছে, সম্পর্ক কোনও একমাত্রিক বিষয় নয়। সময়, পরিস্থিতি ও মানুষের মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে তার রূপ বদলায়। প্রসঙ্গত, হিনা খান ও রকি জয়সলের সম্পর্ক শুধু তারকাখ্যাতির গল্প নয়। এটি দীর্ঘ সময় ধরে একসঙ্গে বেড়ে ওঠা, কঠিন সময় পার করা এবং বাস্তবতার মুখোমুখি দাঁড়ানোর এক মানবিক আখ্যান। শারীরিক সম্পর্ক নিয়ে তাঁর বক্তব্য সেই আখ্যানেরই একটি অংশ, যা হয়তো অনেকের নিজের জীবনের সঙ্গেও মিলে যাবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Hina Khan cancer recovery, Hina Khan Rocky Jaiswal | কাজের ডাক মিলছে না, আক্ষেপ হিনা খানের! ক্যানসার পর কেরিয়ারের নতুন লড়াই অভিনেত্রীর



