Neha Bhasin childfree decision | বিয়ের প্রায় এক দশক পরেও নিঃসন্তান থাকার সিদ্ধান্ত, সন্তান নিয়ে কেন স্পষ্ট ‘না’ বললেন নেহা ভসীন?

SHARE:

নেহা ভসীন

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : গায়িকা নেহা ভসীন (Neha Bhasin) মানেই সাহসী মতামত, নিজের শর্তে জীবনযাপন এবং সামাজিক বাঁধন ভাঙার স্পষ্ট উচ্চারণ। কখনও পোশাক নিয়ে বিতর্ক, কখনও শিল্পী হিসেবে নিজের অবস্থান নিয়ে খোলামেলা বক্তব্য, তিনি বারবারই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এবার ফের চর্চায় নেহা। কারণ, বিয়ের প্রায় ন’ বছর পরেও সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন এই জনপ্রিয় গায়িকা। নেহার স্পষ্ট বক্তব্য, মা হওয়া তাঁর জীবনের লক্ষ্য নয়, এবং এই সিদ্ধান্ত তিনি একা নন, স্বামী সমিরুদ্দিন (Sameer Uddin) -এর সঙ্গে যৌথ ভাবেই নিয়েছেন।

বর্তমান সমাজে সন্তান নেওয়াকে এখনও অনেকেই দাম্পত্য জীবনের ‘অবধারিত ধাপ’ বলে মনে করেন। কিন্তু সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নেহা ও সমিরুদ্দিন নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘ ন’ বছরের দাম্পত্য জীবনেও তাঁরা নিঃসন্তান। তা নিয়ে কোনও আক্ষেপ নেই বলেই জানাচ্ছেন নেহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের জীবনে সন্তান না থাকার পিছনে কোনও নির্দিষ্ট ট্রমা বা শারীরিক সমস্যা নেই। আমরা খুব সচেতন ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মনে হয় না, শুধুমাত্র বংশবিস্তার করার জন্য সন্তান আনা জরুরি।’

আরও পড়ুন : Indian Air Force global ranking | চীনকে পিছনে ফেলে বিশ্বে তৃতীয় শক্তিশালী বিমানবাহিনী ভারত! আন্তর্জাতিক রিপোর্টে গর্বের জায়গায় ভারতীয় এয়ার ফোর্স

নেহার এই মন্তব্য সমাজের এক বড় অংশের চোখে যেমন সাহসী, তেমনই অনেকের কাছে বিতর্কিতও। নেটমাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা। কেউ তাঁর সিদ্ধান্তকে সমর্থন করেছেন, কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। তবে সমালোচনায় অভ্যস্ত নেহা বরাবরের মতোই নিজের বক্তব্যে অনড়। তাঁর মতে, জৈবিক ভাবে সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র পূর্ণতা, এই ধারণা তিনি মানেন না। তিনি বলেন, ‘আমরা আমাদের জীবনের চাওয়া-পাওয়ার শেষটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই। পৃথিবীতে আরও একজন মানুষ এনে তার দায়ভার নেওয়ার মানসিকতা আমাদের নেই।’

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ আঠেরো-তম কিস্তি)

উল্লেখ্য যে, নেহা শুধু সন্তান ধারণ নয়, বিয়ের ধারণাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, আদতে তিনি বিয়ের পক্ষেও নন। তাঁর যুক্তি, সৃজনশীল মানুষের জীবনে সৃষ্টিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিল্পীর কাছে তাঁর কাজই প্রথম প্রেম। ব্যক্তিগত সম্পর্ক সেখানে দ্বিতীয় স্থানে থাকে। নেহার কথায়, ‘আমি একজন শিল্পী। আমার গান, আমার সৃষ্টিই আমার জীবনের মূল চালিকাশক্তি। ভালবাসার মানুষ গুরুত্বপূর্ণ, কিন্তু সৃষ্টির পরে।’ নেহা ভসীনের জীবনদর্শন বরাবরই একটু আলাদা। গানের দুনিয়ায় যেমন তিনি নিজস্ব ঘরানা তৈরি করেছেন, তেমনই ব্যক্তিগত জীবনেও তিনি সামাজিক প্রত্যাশার ধার ধারে না। পোশাক নিয়ে বহু বার তিনি কটাক্ষের শিকার হয়েছেন। গায়িকা হয়েও কেন তিনি খোলামেলা পোশাক পরেন, এই প্রশ্ন তুলে তাঁকে আক্রমণ করেছেন নেটাগরিকদের একাংশ। এমনকি পর্ন তারকার সঙ্গে তুলনা করতেও পিছপা হননি কেউ কেউ। কিন্তু সেই সব আক্রমণকে পাত্তা দিতে নারাজ নেহা। তাঁর বক্তব্য, পোশাক কোনও মানুষের চরিত্র বা পেশাগত দক্ষতা নির্ধারণ করে না।

নেহা ও সমিরুদ্দিনের দাম্পত্য সম্পর্কও অনেকের কাছে ব্যতিক্রমী। প্রেম করে বিয়ে হলেও তাঁরা নিজেদের সম্পর্ককে কোনও সামাজিক কাঠামোয় বেঁধে রাখতে চাননি। সন্তান না নেওয়ার সিদ্ধান্তেও তাঁদের মধ্যে পূর্ণ সহমত রয়েছে। নেহা জানিয়েছেন, এই বিষয়ে তাঁকে কখনও চাপ দেননি তাঁর স্বামী। বরং দু’জনেই একে অপরের সিদ্ধান্তকে সম্মান করেন। সমাজে ধীরে ধীরে ‘চাইল্ড-ফ্রি কাপল’ ধারণা জায়গা করে নিচ্ছে। শহুরে মধ্যবিত্ত সমাজে এমন দম্পতির সংখ্যা বাড়ছে, যাঁরা সন্তান ছাড়াই জীবন কাটাতে চান। নেহা ভসীনের মতো পরিচিত মুখ এই বিষয়ে মুখ খুলে নিজের অবস্থান জানানোয় সেই আলোচনাই আরও জোরালো হল বলে মনে করছেন সমাজ বিশ্লেষকেরা। তাঁদের মতে, তারকাদের বক্তব্য সাধারণ মানুষের মানসিকতা বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যাই হোক, নেহা ভসীনের সিদ্ধান্ত একদিকে যেমন ব্যক্তিগত, তেমনই সামাজিক দৃষ্টিভঙ্গির নিরিখে তা তাৎপর্যপূর্ণ। মা হওয়া বা না হওয়া,,দু’টিই যে একজন নারীর নিজস্ব অধিকার, সেই কথাই যেন নতুন করে মনে করিয়ে দিলেন তিনি। বিতর্ক থাকবেই, সমালোচনাও হবে। কিন্তু নিজের জীবন নিজের মতো করে বাঁচার অধিকার যে নেহা ছাড়তে নারাজ, তা আবারও স্পষ্ট হয়ে গেল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Ranbir Kapoor secret Instagram | রণবীর কাপুরের গোপন ‘ফিনস্টা’ নিয়ে চাঞ্চল্য! কেন আলিয়াকেও ফলো করতে দেন না অভিনেতা? দুবাইয়ের ইভেন্টে মুখ খুলেই চমকে দিলেন তারকা

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন