পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রণবীর কাপুর (Ranbir Kapoor) এমন এক বলিউড তারকা, যিনি নিজের ব্যক্তিগত জীবন সাধারণের চোখের আড়ালেই রাখতে ভালবাসেন। গ্ল্যামার দুনিয়ায় তিনি যতটা উজ্জ্বল, ব্যক্তিগত পরিসরে ততটাই সংযত। বিশেষ করে, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে। বহুদিন ধরেই জানা ছিল, রণবীরের কোনও অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। তবে সময় সময় কানাঘুঁষো শোনা যেত, অভিনেতার নাকি একটি গোপন অ্যাকাউন্ট আছে। এবার দুবাইয়ে একটি বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্পের লঞ্চ ইভেন্টে এসে নিজেই স্বীকার করলেন সেই গোপন রহস্য। শুধু তাই নয়, কেন তিনি আলিয়া ভাটকেও (Alia Bhatt) তাঁর সেই অ্যাকাউন্টের ফলোয়ার করতে দেন না। সেটাও খোলাখুলি জানালেন।
দুবাইয়ের ওই ইভেন্টে আলিয়া ভাটের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীর। ঝলমলে আলোর রোশনি, লাল গালিচার মহিমান্বিত পরিবেশের মধ্যে সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন, ইনস্টাগ্রামে কি তাঁর কোনও উপস্থিতি রয়েছে? রণবীর মুচকি হেসে বলেন, “আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই। কিন্তু একটা ফিনস্টা আছে, পুরোপুরি ব্যক্তিগত। সেখানে আমি শুধু অন্যদের কাজ দেখি, ভাল লাগে বলে ফলো করি। তবে সেই অ্যাকাউন্টটা আমার নিজের জায়গা। এটা কাউকে দেওয়ার বা দেখানোর জায়গা নয়।” অভিনেতার কথায় স্পষ্ট, সোশ্যাল মিডিয়া তাঁর কাছে বিনোদনের জায়গা নয়, তা একধরনের ব্যক্তিগত পর্যবেক্ষণ ক্ষেত্র। তিনি বলেন, “অফিসিয়ালি ইনস্টাগ্রামে এলেই নিজের ব্যক্তিগত জীবন, ব্যক্তি-রূপ- সবকিছুই প্রকাশ্যে তুলে ধরতে হয়। কিন্তু আমি তো আমার চরিত্রগুলোর মধ্য দিয়েই নিজেকে দেখাই। আমার সিনেমাই আমার পরিচয়।” তাই নিজের অভিনয়জীবনকে কেন্দ্রে ধরে রাখতে, সোশ্যাল মিডিয়ার বাড়তি আলো থেকে তিনি খানিক দূরেই থাকতে চান। মজার বিষয়, রণবীর জানিয়েছেন, তাঁর সেই গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটাও ফলোয়ার নেই! একেবারে ‘সাইলেন্ট লার্কার’। তিনি বলেন, “আমি ফলো করি, দেখি, কিন্তু আমার অ্যাকাউন্ট কেউ জানে না।” তখন পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে আলিয়া ভাট বলেন, “ও আমাকে পর্যন্ত ফলো করতে দেয় না! আমি জানিই না, ওর ওই অ্যাকাউন্টে কী আছে!” সঙ্গে সঙ্গেই রণবীরের উত্তর, “যদি আলিয়া আমাকে ফলো করতে শুরু করে, সবাই জেনে যাবে অ্যাকাউন্টটা কোনটা। তাহলে আর গোপন থাকবে না।”

এ বিষয়ে আলিয়া আরও মজার তথ্য যোগ করেন, “ওর সেই অ্যাকাউন্টে দু’টি রিল আছে। একটা ও নিজের মেয়ে রাহাকে নিয়ে বানিয়েছে। আর সেগুলো ও ছাড়া আর দু’জন মানুষ ছাড়া কেউই দেখবে না!” এই মন্তব্যে রণবীর-আলিয়ার দাম্পত্যের হাস্যরসই আরও স্পষ্ট হয়ে ওঠে।ইভেন্টে দু’জনের লুক নিয়েও হয়েছে আলোচনা। সাদা শার্টের সঙ্গে নেভি ব্লু স্যুটে রণবীর ছিলেন এলিগ্যান্ট এবং ড্যাশিং। অন্যদিকে, আলিয়া ঝলমল করছিলেন আকর্ষণীয় সোনালি পোশাকে। দু’জন একসঙ্গে নাচলেন তাঁদের জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ -এর হিট গান ‘বদতমিজ দিল’ -এ। উপস্থিত দর্শকদের একাংশ বলছিলেন, “রণবীর-আলিয়ার কেমিস্ট্রি যেন সিনেমার থেকেও বেশি বাস্তবে।”
রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে হয় ২০২২ সালের এপ্রিলে। একই বছরের নভেম্বরে জন্ম নেয় তাঁদের মেয়ে রাহা। ২০২৩ সালের বড়দিনে প্রথমবার মেয়েকে নিয়ে জনসমক্ষে উপস্থিত হন এই তারকা দম্পতি। দর্শক-অনুরাগীরা রাহার প্রথম ঝলক দেখে তখনই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এদিকে আলিয়া বর্তমানে ব্যস্ত তাঁর নতুন অ্যাকশন থ্রিলার ‘আলফা’ ছবির শুটিংয়ে। এই ছবিতে তিনি অভিনয় করছেন একজন মহিলা কমব্যাট ইউনিটের কমান্ডিং অফিসারের চরিত্রে। পাশাপাশি সামনে আসছে সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali) -এর মেগা প্রজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’, যেখানে আলিয়া, রণবীর এবং ভিকি কৌশল (Vicky Kaushal) একসঙ্গে পর্দা মাতাবেন। অন্যদিকে রণবীরকে দেখা যাবে নীতেশ তিওয়ারির (Nitesh Tiwari) ‘রামায়ণ’ ছবিতে সাই পল্লবী (Sai Pallavi) ও যশের (Yash) সঙ্গে। প্রসঙ্গত উল্লেখ্য যে, রণবীরের ফিনস্টা স্বীকারোক্তি প্রমাণ করল, বলিউড তারকারাও মাঝে মাঝে সাধারণ মানুষের মতোই সোশ্যাল মিডিয়ায় অন্যদের দেখে অনুপ্রাণিত হন। তবে তারকার জীবনে ব্যক্তিগত জায়গা কতটা মূল্যবান, তাও বোঝা গেল তাঁর কথায়। আর তাই হয়তো আজও তিনি নিজের গোপন অ্যাকাউন্টের দরজা স্ত্রী আলিয়াকেও খুলে দিতে নারাজ।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Kiara Advani, Salman Khan, Kiara Advani real name | সলমন -এর এক কথাতেই বদলে গেল আলিয়া আডবাণীর জীবন! জানেন কি, কীভাবে হলেন ‘কিয়ারা’?




