Lionel Messi India Visit | মেসির ৩৫ মিনিটের নিখুঁত ম্যাজিক: দিল্লির অভিজ্ঞতায় আবারও শিক্ষা কলকাতার জন্য, ফুটবলপ্রেমে অনন্য দৃষ্টান্ত রাজধানীতে

SHARE:

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম মহাতারকা লিয়োনেল মেসি (Lionel Messi) এলেন, দেখলেন, আর মাত্র ৩৫ মিনিটের মধ্যেই দিল্লিবাসীর মন জয় করে নিলেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suárez) ও রদ্রিগো ডি’পল (Rodrigo De Paul)। কড়া নিরাপত্তা, সময়ানুবর্তিতা, দর্শক ও খুদে ফুটবলারদের সঙ্গে আন্তরিক যোগাযোগ, সব মিলিয়ে অরুণ জেটলি স্টেডিয়াম (Arun Jaitley Stadium) যেন পরিণত হল আন্তর্জাতিক মানের এক ফুটবল উৎসবের মঞ্চে। মুম্বাই (Mumbai) ও হায়দরাবাদ (Hyderabad) -এর পর দিল্লির এই অভিজ্ঞতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বড় মাপের ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে গেলে কীভাবে পরিকল্পনা ও শৃঙ্খলা বজায় রাখতে হয়। আর সেই তুলনায় কলকাতা (Kolkata) যে এখনও পিছিয়ে, তা নিয়েই শুরু হয়েছে নতুন করে আলোচনা।

বিকাল ঠিক ৪টা ২৬ মিনিটে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছন মেসি। তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত মাপা ও পরিকল্পিত। স্টেডিয়ামে পা রেখেই প্রথমে প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়া দুই দলের ফুটবলারদের সঙ্গে করমর্দন ও সৌজন্য বিনিময় করেন তিনি। ছবি তোলা, হাসিমুখে শুভেচ্ছা, সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিটে সেরে ফেলেন এই পর্ব। এরপর মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গ্যালারির ফুটবলপ্রেমীদের অভিনন্দন গ্রহণ করেন আর্জেন্টিনার (Argentina) বিশ্বকাপজয়ী অধিনায়ক। এই সময় মেসি, সুয়ারেজ ও ডি’পল একাধিক ফুটবল গ্যালারির দিকে ছুড়ে দেন, যা মুহূর্তে উন্মাদনায় ভাসিয়ে দেয় দর্শকদের। এরপর শুরু হয় সেই পর্ব, যা মেসিকে সবচেয়ে বেশি খুশি করেছিল, অ্যাকাডেমির খুদে ফুটবলারদের সঙ্গে সময় কাটানো। মাঠের মধ্যে এক দল খুদে ফুটবলারের সঙ্গে খেলায় মেতে ওঠেন তিন তারকা। মেসির চোখেমুখে তখন স্পষ্ট আনন্দ। কোনও কোনও খুদে ফুটবলারের টাচ দেখে হাতের ইশারায় তিনি প্রশংসাও করেন। ছোটদের সঙ্গে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়া, সব মিলিয়ে আবার পাঁচ মিনিট। এরপর আবার গ্যালারির দিকে কয়েকটি বল পাঠিয়ে দর্শকদের মনোরঞ্জন করেন মেসি।

এই পর্ব শেষ হতেই তিনি চলে যান আরেক দল খুদে ফুটবলারের কাছে। দ্বিতীয় দফায়ও প্রায় পাঁচ মিনিট সময় দেন। যদিও শেষের দিকে সইয়ের আবদার ঘিরে কিছুটা ভিড় তৈরি হয়। কয়েকজন খুদে ফুটবলার একেবারে মেসির গায়ে এসে পড়ায় ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেয়। তখনই দ্রুত পরিস্থিতি সামাল দেন মেসির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ও তাঁর দুই সতীর্থ। মেসিকে নিরাপদে মাঠের মাঝখানে তৈরি মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়। তবে গোটা ঘটনায় মেসির মুখে বিরক্তির ছাপ দেখা যায়নি, তার পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে পেশাদারিত্বই নজর কেড়েছে। একমঞ্চে মেসি, সুয়ারেজ ও ডি’পলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত (Rekha Gupta)। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সভাপতি জয় শাহ (Jay Shah) এবং দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি (Rohan Jaitley)। এই মঞ্চ থেকেই মেসির হাতে তুলে দেওয়া হয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারত বনাম আমেরিকা (India vs USA) ম্যাচের টিকিট। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সই করা একটি ব্যাট ও বিশেষভাবে তৈরি ভারতীয় দলের জার্সিও উপহার দেওয়া হয় তিন ফুটবলারকে। জার্সিগুলিতে লেখা ছিল মেসি, সুয়ারেজ ও ডি’পলের নাম এবং তাঁদের নিজস্ব জার্সি নম্বর।

এই বিশেষ মুহূর্তে মঞ্চে উঠে আসেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তিন আর্জেন্টাইন তারকার সঙ্গে তিনি সৌজন্য বিনিময় করেন, যা ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে। মাত্র আট মিনিটের ছোট কিন্তু ঝরঝরে আনুষ্ঠানিকতার পর বক্তব্য রাখেন মেসি। স্প্যানিশ ভাষায় তিনি দিল্লির ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান। তাঁর বক্তব্যের দৈর্ঘ্য ছিল মাত্র ৩০ সেকেন্ড, কিন্তু সেই কয়েকটি শব্দই দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক বিকাল ৫টা ১ মিনিটে স্টেডিয়াম ছাড়েন মেসি। সময়ানুবর্তিতার এই নিখুঁত উদাহরণ আবারও প্রমাণ করে দেয়, আন্তর্জাতিক মানের ক্রীড়া ইভেন্টে কীভাবে প্রতিটি মুহূর্ত পরিকল্পনা করে এগোতে হয়।দিল্লির এই আয়োজনের সঙ্গে স্বাভাবিকভাবেই তুলনা টানা হচ্ছে কলকাতার। ফুটবলের শহর হিসেবে পরিচিত হলেও, বড় মাপের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কলকাতাকে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে, এমনটাই মনে করছেন ক্রীড়া মহলের একাংশ। মুম্বাই, হায়দরাবাদ এবং এবার দিল্লি দেখিয়ে দিল, সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও পেশাদার ব্যবস্থাপনা থাকলে বিশ্বতারকাদের সফর কীভাবে স্মরণীয় করে তোলা যায়। মেসির এই ৩৫ মিনিট শুধু একটি অনুষ্ঠান নয়, বরং ভারতীয় ক্রীড়া ব্যবস্থাপনার জন্য এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ফুটবলপ্রেম, আতিথেয়তা এবং সময়ানুবর্তিতার নিখুঁত মেলবন্ধনে দিল্লি যে এক অনন্য নজির স্থাপন করল, তা বলাই বাহুল্য।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lionel Messi flight | ১৩৬ কোটি টাকার আকাশবিলাসে ভারত সফর মেসির: যে প্রাইভেট তাক লাগানো অন্দরমহল

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন