সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ফুটবল মানেই যাঁর নাম সবার আগে আসে, সেই লিওনেল মেসি (Lionel Messi) এখন ভারত সফরে। কলকাতা ও হায়দরাবাদ ঘুরে আজ, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে আর্জেন্টাইন মহাতারকার। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ল্যুই সুয়ারেজ় (Luis Suárez) এবং আর্জেন্টিনা জাতীয় দলের তারকা মিডফিল্ডার রড্রিগো ডি’পল (Rodrigo De Paul)। মেসির এই ভারত সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে মেসির উপস্থিতির পাশাপাশি আরেকটি বিষয়ও সমানভাবে চমকে দিচ্ছে ভক্তদের, যে বিমানে চড়ে তিনি ভারতে এসেছেন, তার বিলাসিতা ও দাম।
বিশ্বফুটবলের এই জীবন্ত কিংবদন্তী ভারতে এসেছেন নিজের ব্যক্তিগত প্রাইভেট জেটে। বিমানটির নাম গাল্ফস্ট্রিম ৫ (Gulfstream V)। শুধু নাম নয়, এর দাম জানলে চোখ কপালে উঠবে। এই জেটের বাজারমূল্য প্রায় ১৩৬ কোটি টাকা। ফুটবল মাঠে যেমন মেসির পা জাদু ছড়ায়, আকাশে তাঁর যাত্রাও তেমনই রাজকীয়। গাল্ফস্ট্রিম ৫ হল বিশ্বের অন্যতম বিলাসবহুল লং রেঞ্জ বিজনেস জেট (Long Range Business Jet)। এই বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নন-স্টপ উড়ে যেতে সক্ষম। দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার সময় যাত্রীদের আরাম ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই জেটে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনের সাহায্যে এই বিমান হাই অল্টিটিউডে উড়তে পারে, ফলে এয়ার ট্রাফিকের ঝামেলাও অনেকটাই কমে যায়।
মেসির এই প্রাইভেট জেটের অন্দরমহল যেন চলমান পাঁচতারা হোটেল। বিমানের ভেতরে রয়েছে প্রশস্ত কেবিন, আলাদা বসার জায়গা, আরামদায়ক আসন এবং ব্যক্তিগত কাজের জন্য নিরিবিলি স্পেস। মোট ১৪টি সিট রয়েছে এই জেটে, যা প্রয়োজন অনুযায়ী ৭টি পূর্ণাঙ্গ বিছানায় রূপান্তর করা যায়। দীর্ঘ আন্তর্জাতিক সফরে এই ব্যবস্থাই মেসি ও তাঁর সফরসঙ্গীদের বিশ্রামের বড় ভরসা।
শুধু বসার জায়গা-ই নয়, এই বিমানে রয়েছে অত্যাধুনিক বিনোদন ব্যবস্থা। বড় স্ক্রিন, স্যাটেলাইট ফোন, হাই-স্পিড ইন্টারনেট, সবই মজুত। ফলে আকাশে উড়তে উড়তেই মেসি নিজের কাজ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত সময় কাটাতে পারেন। বিমানের ভেতরের আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এমনভাবে তৈরি, যাতে দীর্ঘ যাত্রাতেও শরীরে ক্লান্তি কম লাগে। সাধারণত গাল্ফস্ট্রিম সিরিজের জেটগুলির দাম ৯ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারের মধ্যে হয়ে থাকে। তবে নতুন ভ্যারিয়েন্টগুলির দাম ৪০ মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। মেসির গাল্ফস্ট্রিম ৫ সেই উচ্চমূল্যের শ্রেণিতেই পড়ে। শুধু কেনার দামই নয়, এই ধরনের বিমানের রক্ষণাবেক্ষণের খরচও বছরে কয়েক মিলিয়ন ডলার। পাইলট, ক্রু, জ্বালানি, পার্কিং, নিয়মিত টেকনিক্যাল চেক, সব মিলিয়ে খরচের অঙ্কটা সত্যিই আকাশছোঁয়া। অন্যদিকে, মেসির ভারত সফরের সূচীও বেশ চমকপ্রদ। কলকাতা ও হায়দরাবাদের পর মুম্বাইয়ে তাঁর বিভিন্ন অনুষ্ঠানে। মেসির এই সফর শুধু ফুটবলপ্রেমীদের জন্য নয়, ভারতের ক্রীড়া সংস্কৃতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে মাঠের জাদুকর, অন্যদিকে আকাশে বিলাসবহুল যাত্রা, সব মিলিয়ে মেসির উপস্থিতি যেন এক অনন্য অভিজ্ঞতা। ১৩৬ কোটি টাকার প্রাইভেট জেট থেকে নেমে যখন তিনি ভারতের মাটিতে পা রাখছেন, তখন তা শুধু একজন ফুটবলারের আগমন নয়, বরং বিশ্ব ক্রীড়াজগতের এক বিশাল অধ্যায়ের ছোঁয়া।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Lionel Messi in Kolkata: Salt Lake Stadium chaos, main organiser detained | কলকাতায় লিয়োনেল মেসি সফর ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলা: রণক্ষেত্র যুবভারতী, বিমানবন্দর থেকে আটক মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত




