প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : দ্বিতীয় বিয়ের পর থেকেই দক্ষিণী তারকা সমান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুকে (Raj Nidimoru) ঘিরে শুরু হয়েছে নানান আলোচনা। ১ ডিসেম্বর ঘরোয়া আয়োজনে চার হাত এক করেছেন দু’জন। পরিবার-বন্ধুর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের সমস্ত অনুষ্ঠান। কিন্তু নতুন দম্পতি যখন মধুচন্দ্রিমায় সময় কাটাচ্ছেন, তখনই প্রাক্তন স্ত্রী শ্যামলী দে’র (Shyamlee De) সমাজমাধ্যম পোস্ট ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। তিনি এমন কিছু লিখেছেন, যা নেটদুনিয়ায় নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে।

বিয়ের আগে থেকেই রাজ ও শ্যামলীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। শোনা গিয়েছিল, বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার আগেই নাকি রাজ সমান্থাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যদিও এই অভিযোগের কোনওটিই সরকারি ভাবে স্বীকার করেননি কেউই। বরং রাজের পরিবারের একাংশ স্পষ্ট জানিয়েছে, সমান্থার সঙ্গে সম্পর্ক নিয়ে তাদের কোনও আপত্তি নেই, বরং তাঁরা তাঁর পাশে রয়েছেন। তা সত্ত্বেও শ্যামলীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে। বিয়ের পরদিনই নবদম্পতি দেশ ছেড়ে মধুচন্দ্রিমায় উড়ে গিয়েছেন। এমন সময়েই শ্যামলীর পোস্ট, “গত কয়েক দিন ধরে রাতে ঘুমোতে পারছি না।” এই কয়েকটি শব্দের মধ্যেই যেন লুকিয়ে আছে তাঁর মানসিক অস্থিরতার ইঙ্গিত। বহু নেটিজেন তাঁর কাছে জানতে চেয়েছেন, তিনি ঠিক আছেন কিনা। কেউ কেউ আবার তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানালেও, শ্যামলী জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে তিনি একেবারেই কোনও সাক্ষাৎকার দিতে আগ্রহী নন।
তিনি স্পষ্ট লিখেছেন, “আমার কোনও জনসংযোগ আধিকারিক নেই। আমার সামাজিক মাধ্যমের পাতাগুলোর দেখভাল আমি নিজেই করি। এর মধ্যেই আমার দীক্ষাগুরুর ক্যানসার ধরা পড়েছে। পুরো শরীরে রোগটা ছড়িয়ে পড়েছে। আশা করি পরিস্থিতির গভীরতা বুঝতে পারছেন।” তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, জীবনের অন্য বড় চ্যালেঞ্জের মধ্যেই দিয়ে যাচ্ছেন তিনি। অতএব এখন তিনি সম্পূর্ণ মনোযোগ দিতে চান গুরুজনের চিকিৎসায়। আরও তীর্যকভাবে তিনি লিখেছেন, “যাঁরা নাটক খুঁজছেন, কাদা ছোড়াছুড়ি দেখতে চাইছেন, তাঁরা আসতে পারেন। কিন্তু আমি কারও হয়ে প্রচার করতে, কোনও সাক্ষাৎকার দিতে বা কারও সহানুভূতি পেতে রাজি নই।” তাঁর এই মন্তব্যকে অনেকেই সমান্থা-রাজকে ঘিরে চলা বিতর্কের দিকেই ইঙ্গিত বলে মনে করছেন। অনেকে বলছেন, পরোক্ষভাবে হয়তো তিনি নতুন দম্পতির সিদ্ধান্তকে লক্ষ্য করে এমন বার্তা দিয়েছেন। তবে এ সবই অনুমান। শ্যামলী নিজে কোথাও সরাসরি তাঁদের নাম উল্লেখ করেননি।
সমান্থা ও রাজের সম্পর্ক নিয়ে যে জল্পনা বিয়ের অনেক আগে থেকেই শুরু হয়েছিল, তা নতুন নয়। সমান্থা নিজেও আগের দাম্পত্যে (নাগা চৈতন্য/Naga Chaitanya) কঠিন সময় পার করেছেন। সেই কারণেই হয়ত তিনি এখন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও রকম মন্তব্য করতে চান না। বিয়ের পর আপাতত তাঁর সামাজিক মাধ্যমেও দেখা মিলেছে শুধুই স্বামী-স্ত্রীর আনন্দময় ছবি।
অন্যদিকে, রাজের প্রাক্তন স্ত্রী যে এই মুহূর্তে ভীষণ চাপে রয়েছেন, তা তাঁর পোস্টে স্পষ্ট। গুরুজনের অসুস্থতা, ব্যক্তিগত জীবনের দোলাচল, সব মিলিয়ে গভীর মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু জনসমক্ষে নিজের কথা নিয়ে কোনও নাটক তৈরি হোক, এটা তিনি কখনওই চাইছেন না। বরং তিনি নিজের লড়াইয়ে একাগ্র থাকতে চাইছেন।সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট ঘিরে উপচে পড়া মন্তব্যে স্পষ্ট, মানুষ তাঁর পাশে দাঁড়াতে চাইছেন। কিন্তু শ্যামলী জানিয়ে দিয়েছেন, এটা তাঁর জীবনের সংবেদনশীল সময়, তাই এ মুহূর্তে ব্যক্তিগত বিষয়ে কিছু প্রকাশ করবেন না। বহু নেটিজেন লিখেছেন, শক্ত থাকুন, সুস্থ থাকুন। আবার অনেকেই দুই পক্ষের সম্পর্ক নিয়ে নানান জল্পনাও তুলেছেন।
এদিকে সমান্থা-রাজ দম্পতি নিজেদের মুহূর্ত কাটাচ্ছেন। বিয়ের পরবর্তী আনন্দ, নতুন জীবনের খুশি- সবকিছুই ভাগ করে নিচ্ছেন তাঁরা। কিন্তু প্রাক্তন স্ত্রীর এই পোস্ট তাঁদের দাম্পত্যের ওপর নতুন করে চাপ তৈরি করতে পারে বলেই মত জানাচ্ছেন অনেকে। যদিও দম্পতি এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। পুরো ঘটনা ঘিরে নেটদুনিয়ার একাংশ বলছে, সমান্থা-রাজের নতুন অধ্যায় শুরু হলেও, এই সম্পর্কের অতীত এখনো কাঁটার মতো বিঁধে আছে কয়েকজনের জীবনেই। অন্যদিকে, শ্যামলীর পোস্ট স্পষ্ট করে দিয়েছে-তিনি আর কোনও প্রকার কাদা ছোড়াছুড়ির অংশ হতে চান না, তাঁর লক্ষ্য এখন একটাই, গুরুজনের চিকিৎসা এবং পরিবার। এখন দেখার বিষয়, সমান্থা-রাজ দম্পতি এই ঘটনার কোনও প্রতিক্রিয়া জানাবেন কি না, অথবা শ্যামলী আবার নতুন কিছু শেয়ার করেন কি না। তবে নেটদুনিয়া আপাতত নজর রেখেছে তিন তারকার এই সংবেদনশীল সমীকরণের দিকেই।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Samantha wedding, Raj Nidimoru marriage | অল্প সাজেই রাজ-সমান্থার শুভ পরিণয়: লাল বেনারসিতে নববধূর সরল সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা




