সংবেদন শীল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি : ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল রবিবার, এক দিনের অধিনায়ক হিসেবে শুভমন গিল (Shubman Gill) -এর প্রথম ম্যাচ দিয়ে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে (Australia) সেই শুরুটা পরিণত হল, তিক্ত অভিজ্ঞতায়। চার দফা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ও বোলিং দু’দিকেই ব্যর্থতা যেন তাড়া করল ভারতীয় দলকে। ফলত ৭ উইকেটের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেল মিচেল মার্শের (Mitchell Marsh) অস্ট্রেলিয়া।
পার্থের (Perth) আকাশে সকাল থেকেই মেঘের ঘনঘটা। গিল জানতেন, টসে হারা মানে অগ্নি পরীক্ষায় নামা। দুর্ভাগ্যবশত টস হেরে ভারতকে ব্যাট করতেই হল। ভেজা পিচে এবং সুইং-সহায়ক পরিবেশে শুরু থেকেই হোঁচট খেলেন ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma)। টাইমিং ঠিক হচ্ছিল না, চোখে পড়ছিল আত্মবিশ্বাসের ঘাটতি। জশ হেজলউডের (Josh Hazlewood) নিখুঁত লেংথে ধরা পড়ে ৮ রানে স্লিপে ক্যাচ দেন রোহিত। তারপর নামেন বিরাট কোহলি (Virat Kohli)। ২২৪ দিন পর জাতীয় দলে ফিরে সকলের নজর ছিল তাঁর দিকে। কিন্তু সেই পুরনো রোগ ফের দেখা দিল, অফ স্টাম্পের বাইরের বল খোঁচানোর প্রবণতা। মিচেল স্টার্কের (Mitchell Starc) শর্ট বল মারতে গিয়ে হাওয়ায় তুলে দেন; পয়েন্টে কুপার কোনোলির (Cooper Connolly) হাতে ধরা পড়েন শূন্য রানে। স্টেডিয়ামের গ্যালারি তখন হতাশায় নিঃস্তব্ধ।
আরও পড়ুন : Rohit Sharma | নতুন রূপে রোহিত শর্মা : ফিটনেসে বদলে গেল হিটম্যান, ক্রিকেট দুনিয়া মুগ্ধ
দুই তারকা ব্যাটারের ব্যর্থতায় চাপে পড়েন শুভমন নিজেই। কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেননি। লেগ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দেন উইকেটকিপারের হাতে। একইভাবে আউট হন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তখন স্কোরবোর্ডে ভারত ৪ উইকেটে ৩৫। বৃষ্টি এসে থামিয়ে দিল খেলা। বিরতির পর ওভার কমে দাঁড়ায় ৩২, তারপর আবার ২৬। ছোট ইনিংসে হাত খুলে খেলতে মরিয়া হন অক্ষর প্যাটেল (Axar Patel) ও লোকেশ রাহুল (KL Rahul)। দুই অভিজ্ঞ ব্যাটারই চেষ্টা করেন ইনিংস টেনে নেওয়ার। রাহুল ৩৮ ও অক্ষর ৩১ রান করে কিছুটা মর্যাদা বাঁচান। শেষ দিকে নীতীশ রেড্ডি (Nitish Reddy) ১৯ রানে দলকে ১৩৬ রানে পৌঁছে দেন। কিন্তু ডাকওয়ার্থ-লুইস (DLS) নিয়মে লক্ষ্য দাঁড়ায় ১৩১।অস্ট্রেলিয়ার বোলাররা ছিলেন কার্যকর ও ধারাবাহিক। হেজলউড, মিচেল ওয়েন (Mitchell Wane) ও ম্যাথু কুহনেমান (Matthew Kuhnemann) নেন ২টি করে উইকেট। স্টার্ক ও নেথান এলিস (Nathan Ellis) পান ১টি করে সাফল্য। প্রতিটি বলেই বোঝা যাচ্ছিল, তারা জানে এই পিচে কীভাবে বল করতে হয়।
লক্ষ্য ছিল সহজ। ১৩১ রান তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। অর্শদীপ সিংহের (Arshdeep Singh) বলে বড় শট মারতে গিয়ে আউট হন ট্রেভিস হেড (Travis Head)। ম্যাথু শর্টও (Matthew Short) বেশি রান পাননি, তাঁকেও ফেরান অক্ষর। তবে অধিনায়ক মিচেল মার্শ ও জশ ফিলিপ (Josh Phillipe) জুটিতে স্থিতিশীলতা আসে। ঘরের মাঠে খেলার সুবিধা নেন মার্শ। বলের বাউন্স মেপে আত্মবিশ্বাসের সঙ্গে মারেন বড় শট। ফিলিপ মাঝেমধ্যে বাউন্ডারি খুঁজে দেন। ৩৭ রানে আউট হলেও তখন জয় প্রায় নিশ্চিত। মার্শ অপরাজিত থাকেন ৪৬ রানে, দলকে জেতিয়ে মাঠ ছাড়েন।
অন্যদিকে, ভারতীয় বোলাররা এই ম্যাচে একেবারেই ছন্দে ছিলেন না। অর্শদীপ, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হর্ষিত রানা (Harshit Rana), কেউই উইকেট তোলার হুমকি দিতে পারেননি। লাইন ও লেংথে এলোমেলো বোলিংয়ে সুযোগ করে দেন অজি ব্যাটারদের। শুভমন গিল বিভিন্ন বিকল্প প্রয়োগ করেও সমাধান পাননি। শেষ পর্যন্ত ২১.১ ওভারেই জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে গিল বলেন, “আমরা কিছু জায়গায় পরিকল্পনা মেনে খেলতে পারিনি। বৃষ্টি ও পিচ দুটোই ব্যাটারদের জন্য কঠিন ছিল। তবে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে।” কোচ গৌতম গম্ভীর মন্তব্য করেন, “ছোট ফরম্যাটে এই ধরনের দিন আসে। গুরুত্বপূর্ণ হচ্ছে শেখা ও প্রস্তুতি।” এদিকে, ভারতের এই হার ও চিন্তার বিষয় রোহিত ও কোহলির ফর্ম। বিশ্বকাপের পর থেকে লম্বা বিরতিতে থাকা দুই তারকার ব্যাটে রান না পাওয়া নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। বৃহস্পতিবার ফের মাঠে নামবে ভারত। সেই ম্যাচে দেখা যাবে, রোহিত-কোহলি কি ফিরতে পারেন ছন্দে, নাকি অস্ট্রেলিয়ার দাপটই চলবে সিরিজে!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ পনেরো-তম কিস্তি)




