তৃণমূল সরকারের দিকে নিশানা স্মৃতির
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ধর্না তৃণমূল কংগ্রেসের। এদিকে রাজ্যে স্বচ্ছতা অভিযানে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী। চা শ্রমিকদের বর্তমান অবস্থা উত্তরবঙ্গের জনজীবনে বড় সমস্যা। সেই সমস্যকে হাতিয়ার করে শিলিগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাগান শ্রমিকদের পিএফের টাকা থেকে বঞ্চিত করায় মালিকদের বিরুদ্ধে ৮০টি এফআইআর হয়েছে। তারপরেও শ্রমিকদের পিএফের টাকা দিতে কোনও পদক্ষেপ করা হয়নি। সমাজে এমন কোনও অংশ নেই যাদের ঠকায়নি তৃণমূলের সরকার। আজ এই সরকারের বিরুদ্ধে চা শ্রমিকরা ঐক্যবদ্ধ’। এপ্রসঙ্গে স্মৃতি রাজ্য সরকারের দিকে আঙুল তোলেন। স্মৃতির কথায়, ‘বছরের পর বছর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চা শ্রমিকদের ঠকিয়েছে তৃণমূল সরকার। বিধায়কদের বেতন বেড়েছে, কিন্তু চা শ্রমিকদের বেতন দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রমিকদের বেতন থেকে ঘর তৈরির প্রতিশ্রুতি, জমির পাট্টা প্রদান কিছুই করেনি’। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২০২১ এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলের সঙ্গে বড় টক্কর দেয় বিজেপি। সেখানে সেবার তাঁরা নিজেদের পায়ের নিচের জায়গা অনেকটা শক্ত করে। এরপর, গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের হারানো জমি কিছুটা পুনরুদ্ধার করে রাজ্যের শাসক দল। ২০২৪ সালে লোকসভা ভোট। সেই ভোটকে সামনে রেখেই আসরে নেমেছে বিজেপি, তৃণমূল সহ রাজনৈতিক দলগুলি।




