আজকের
কবি
ও
কবিতা
_____________________________________________
কবি আফজল আলি দীর্ঘ দিন লিখেছেন। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। তাঁর বারোটি কাব্যগ্রন্থ এবং একটি কবিতা বিষয়ক মৌলিক গদ্যের বই প্রকাশিত হয়েছে। এছাড়াও একটি স্বতন্ত্র দর্শন লিখেছেন, জিরো বাউন্ডারি কনসেপ্ট নামে। বর্তমানে সম্পাদনা করেন জিরো বাউন্ডারি কবিতা পত্রিকা। সাশ্রয় নিউজ-এর আজকের পাতায় রইল কবির কবিতাগুচ্ছ। _____________________________________________

আ ফ জ ল আ লি
পরিকল্পনাহীন রাত
পরিকল্পনাহীন একটা রাত যতক্ষণ না ‘ হ্যাঁ ‘ বলছে ততক্ষণ-ই চাবুক চালাই। ভীষণ ভাবে অখ্যাত আমি টার্গেট পয়েন্ট ক্লিয়ার করতে থাকি। একি ব্যক্তি সত্তার বিকাশ, না ভাবের গোঁফ কামানো। এত রাতে শব্দগুলো বিধ্বস্ত হয়ে ওঠে। আমার তো চিনি বা মধু ছাড়া নেই। ওদিকে মূল সমস্যাটা রয়েই গেল। যারা এক বাক্যে স্বীকার করে, তাদের চুলে মেলানিন কম থাকতে পারে না। দেখছো তো কেমন যন্ত্রণা এসে টুকরো টুকরো করছে দাগ। সব ছাপিয়ে কান্নাগুলো অরগ্যানিক কেমিস্ট্রি। এমন প্রলেপ কে দেবে, যত সব বিষন্নতার টুকরো
অতৃপ্ত এক আত্মা
অনেক কষ্টের পর কয়েকটা হত্যা পড়ে থাকে
মানুষের মধ্যে থাকে মানুষের মতোই একজন
আমরা তা জানি না, বুঝতে পারি না
অকারণে আঘাত দিয়ে সুখ অনুভব করি
এ সুখ প্রতিশোধের
এ সুখ দাহ্য পদার্থের
প্রবল ভাবে অতৃপ্ত এক আত্মা ঘোরাঘুরি করে
চাহিদার বিষয়বস্তু যখন ঘৃণা হয়
তখনই বুঝি বাতাস বিষাক্ত হয়ে ওঠে
বাতাসের দোষ তো তেমন নাই
চিৎকার আর নিজেকে না জানার কিছু ভিন্নতা
স্বপ্নগুলো ভাঙতে আরম্ভ করে
এখন যাওয়া যাবে কোনদিকে
একটি জোনাকি নাকি একটি জনপদের কাছে
ভূগোলের উপপাদ্য
আমি এবং আমি নেই- এ সব গল্পের ভিতর ব্যথার উপশম
ভেবেছিলাম জীবনবিজ্ঞান দিয়ে ভূগোলের উপপাদ্য বাংলায় লিখব
অসাধারণ এক সময় পুরনো কবিতার ফর্মগুলো ভেঙে দিচ্ছে
কোনও এক টোল-পড়া গালে ফ্রাই হচ্ছে পড়াশোনা সব
কিছুটা ব্যবস্থা নেওয়া যেত
কিন্তু পাঁজরে জমেছে যত মর্মাহত
ঘুম বেগুনি রঙের মতো নাক ডাকছে বেত্রাঘাত পড়ছে না যতক্ষণ
কী বললে?
এরপরেও কালো কালো চশমা দিয়ে শুধু সাদা দেখবে
আহাম্মক কাকে বলে
এই বর্ষায় বৃষ্টিহীনদের মামাতো ভাই বলে যখন ডেকেছি
তখন কাশির সিরাপের বদলে সোয়েটার পরে কী লাভ বলো
অলঙ্করণ : সানি সরকার
🍁সাশ্রয় নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, উপন্যাস … ★ ই-মেল : sasrayanews@gmail.com



