Poet Arpita Acharyya : অর্পিতা আচার্য -এর কবিতা

SHARE:

কবি অর্পিতা আচার্যের জন্ম ও বড় হয়ে ওঠা ত্রিপুরা আগরতলা শহরে। কবিতা ছাড়াও গল্প এবং প্রবন্ধ লেখেন। নিয়মিত লেখেন ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পত্র-পত্রিকায়। কবির প্রকাশিত বইয়ের সংখ্যা ৭টি। লিখেছেন উত্তরের ট্রেন, স্কিৎজোর ডায়ারি, ব্ল্যাঙ্ক ভার্সেস, নোয়ার নৌকা ও ডার্ক পোয়েট্রি নামে ৫ টি কবিতার বই, মন্দার বৃক্ষ ও পিতলের পিলসুজ নামে দুটি গল্পের বই। সাশ্রয় নিউজ-এর এই সংখ্যায় রইল তাঁর একগুচ্ছ কবিতা। 

 

অ র্পি তা  আ চা র্য 

অশ্ম জাতক 

১.

যে চায় নি তাকেও ঘরামি হতে হয়। বড় হওয়া রোদের সঙ্গে খড়িমাটি মিশিয়ে বসতবাড়ি তৈরি করলে তার পাশে বাসা বাঁধে অন্য মানুষেরা। তারপর পাখি ও মানুষেরা তাকে ঘিরে ঘিরে কথা বলে। 

২.

ভাঙা কিছু শব্দ জড়ো করেছি। অল্প অল্প মরে যাওয়া নিয়ে এই আমাদের বেঁচে থাকা। সামান্য আলোর দিনে, গাঢ়তর অন্ধকারের প্রাক মুহুর্তে, কাকে দেখতে চাও তুমি? শরীরের খাতায় বুলিয়েছে কারা দুঃখ-পেন্সিল ? ধূসর দাগে ডুবে যাচ্ছে ইতিহাস, ভেসে যাচ্ছে লেখা। নদীলিপ্ত  বয়ে যায় জন্মান্তর, সমুদ্রে ও অস্তিত্বে।  ডোবো প্রাণ- বৃষ্টি হও।

৩. 

শব্দদের শরীরে কোনো স্বপ্ন মাখা নেই 

ওরা অতীত থেকে কুয়াশা নেয়, সময় থেকে ক্লান্তি 

যারা ছিল, চলে গেছে আজ, তাদের ছায়া দোলে 

অক্ষরের আঁকে। দাঁড়ি কমা সেমিকোলনে 

তাদের নিঃশ্বাস কেঁপে কেঁপে চলে যায়,

যেমন দুপুর ভেসে যায় মধ্যযামের দিকে।

প্রতিধ্বনি সবটা ফিরিয়ে দিতে পারে না 

তাই অপভ্রংশ ধ্বনিদের মিড় নিয়ে 

ঘুম ও অন্ধকার জমে ওঠে, ধুলোট সেতারে

৪.

আদি অক্ষর আমাকে চুপ থাকতে বলেছে। পাহাড়ের খাদে জমে থাকে যেসব প্রতিধ্বনির ভাঙা অংশ, তারা প্রস্তর বিলাপ লিখে রেখেছে নৈঃশব্দের গায়ে। কত পোকামাকড় যেখানে জন্ম নিল, সেখানেই মরে গেল, কত শ্যাওলা এক পা এগোয় নি ঝর্ণার দিকে। পৃথিবীর পালল-শিলায় সেসব কাহিনী লেখা আছে। আপাতত: ভাষাহীন পড়ে আছি – ছায়াবৃক্ষ- তোমাকে এত সহজ হতে দেখিনি কোনোদিন, এত দীর্ঘ হতেও নয়।

৫.

একটি আঙুল প্রকৃতিকে ধারণ করে রাখে 

এক আদি শব্দ, ব্রহ্মাণ্ড বুকে নিয়ে

অনন্ত কাল ঘুরতে থাকে নিজেরই চারপাশে 

একটি নিঃশ্বাস অন্য একটি নিশ্বাসের মুখাপেক্ষী হয়ে

দাঁড়িয়ে থাকে গোটা জীবনের ওপর।

৬.

আগুনের কাছে যা আসে

তাই আগুন হয়ে যায়

আগুন নিভে গেলে, সে পড়ে থাকে ছাই বৎ 

তবে অন্ধকারে সে ছাই দৃশ্যমান নয়

🍁নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ভ্রমণ… ই-মেল : sasrayanews@gmail.com

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment