কবি বর্ণশ্রী বকসী। কবিতার সঙ্গে আজন্ম সখ্য। তাঁর মায়ের লেখা কবিতার সঙ্গে বড় হয় ওঠা। কবিতা লেখার মধ্যে দিয়ে উঠে আসে জীবন ও প্রকৃতি। প্রকাশিত কাব্যগ্রন্হ “আমিও ওথেলো হবো’! সাশ্রয় নিউজ-এর এ আজকের পাতায় রইল কবির একগুচ্ছ কবিতা।
ব র্ণ শ্রী ব ক সী
স্বপ্ন সম্ভবা সিরিজ
১.
মেয়েটির নীল চোখে মায়াঘোর
মেদুর বাতাসে উড়ে যায় ঘুম
স্বপ্ন দেখার অভিলাষ নিয়ে চলে
আবাদ ভূমির ঊর্বর মাটিতে….
২.
অহংকার ভেঙে বের হয়ে আসে
এক নতুন মানুষ সিক্ত অনুভবে
অবাঞ্ছিত গলি ছেড়ে চলতে থাকে
এক ছায়া ছায়া শরীরী আলো
নিশানা উড়লেই শুরু ঘোড় দৌড়।
৩.
সিঁড়ি বেয়ে ওঠা আর নামার অঙ্ক
সূত্রের থেকে সরে আসলেই ভুল
অযথা মনের কারাগার থেকে ছোটে
ভাবনার মুক্তি বিহঙ্গম স্বাধীনতায়
তবু সপন্ মধুর হয় মিলনের গানে!
৪.
আরোগ্য লাভের পথ চেয়ে থাকা
একতারার সুরে কে যেন ডাকে
রতনের অমল সীমান্ত পেরোয়
ট্রেনের ঝিকঝিক কু আওয়াজ
আমি আর নিসর্গের অটুট বন্ধন
ছুঁয়ে থাকে মাঘ মাসের সোনালি রোদ।
৫.
সারি সারি মুখগুলোতে রঙের বদল
দ্রুত ঘটে চলে পরিবর্তনের পালা
রাতের বুকে তারাদের সৌন্দর্য বিস্তার
মধ্যযাম শেষ হলে নতুন উদ্যম শুরু
স্বপ্নিলার ডায়েরির পাতা ভর্তি হতে থাকে!
🍁নিউজ-এ আপনিও দিতে পারেন স্বরচিত স্থানীয় সংবাদ, ফিচার, গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ ভ্রমণ… ই-মেল : sasrayanews@gmail.com




