ছাত্রছাত্রীদের পোশাকে নিষেধাজ্ঞার পথে কর্তৃপক্ষ
সাশ্রয় নিউজ★ কলকাতা : ছাত্রছাত্রীদের পোশাকে নিষেধাজ্ঞার পথে কলেজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, এর আগেও ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের পোশাক নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ছাত্র-ছাত্রীদের ছেঁড়া জিন্স নিয়ে এবার নিষেধাজ্ঞা জারির পথে কলকাতার একটি কলেজ কর্তৃপক্ষ। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজ কর্তৃপক্ষ স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জানান, ছেঁড়া-ফটা “অশালীন” জিন্সের মতো পোশাক না পরে কলেজে আসতে। এবিষয়ে কলেজটির অধ্যক্ষ পূর্ণচন্দ্র মাইতি-এর বক্তব্য, “গত বছর, আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য একই ধরনের নির্দেশ জারি করেছিলাম। কিন্তু এমন নোটিশের পরও কিছু পড়ুয়াকে ছেঁড়া ফাটা জিন্স পরে কলেজে আসতে দেখা গিয়েছে। আমরা চাই না আমাদের কলেজের পড়ুয়ারা এমন পোশাকে ক্যাম্পাসে আসুক। আমি কাউকে এমন অশালীন পোশাক পরে কলেজে আসতে দেব না। সেজন্য এই বছর যারা কলেজে ভর্তি হবে তাদের জন্য পরামর্শ জারি করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া ভর্তির আগে এ ধরনের পোশাক পরবেন না বলে লিখিতভাবে জানাতে হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই না আমাদের পড়ুয়ারা এমন পোশাক পরে ক্যাম্পাসে আসুক… ভর্তির আগে তাদের লিখিতভাবে জানাতে হবে যে তারা এই ধরনের পোশাক পরবে না।” উল্লেখ্য, পোশাকে স্বাধীনতা নিয়ে স্বভাবতই হৈচৈ ছাত্রছাত্রীদের একাংশের। কিন্তু তাতে কর্ণপাত না করে কলেজ কর্তৃপক্ষ স্পষ্ট জানান, কলেজের বাইরে তাঁদের সেই স্বাধীনতা থাকলেও কলেজের ভেতরে কলেজের নিয়ম শৃঙ্খলা মানতে হবে পড়ুয়াদের।
ছবি : প্রতীকী



