পশ্চিম বর্ধমানের ধন্ডাদিহিতে মানুষের মাথার খুলি উদ্ধার
সাশ্রয় নিউজ ★ পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের ধন্ডাদিহিতে বুধবার মানুষের মাথার খুলি উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনা স্থলে পৌঁছয় স্থানীয় অন্ডাল থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় এক বাসিন্দারার কথায়, “দিন ১৫ ধরে এই এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পাচ্ছিলেন এলাকার মানুষজন। তবে আজ সত্য উদঘাটন হল। এলাকা থেকে উদ্ধার হল মানুষের মাথার খুলি ও হাড়গোড়।” স্থানীয় সূত্রে উল্লেখ যে, কুকুরে ক’য়েকটি হাড়গোড় নিয়ে টানাটানি করছিল। স্থানীয় মানুষজন মনে করেন ওগুলি জন্তু-জানোয়ারের হাড়গোড় হবে হয়ত। তবে পরে মাথার খুলির সঙ্গে হাড়গোড়, পুরনো জামাকাপড় রাস্তার ধারে সাধারণ মানুষের চোখে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেন অন্ডাল থানায়। পুলিশ এসে উদ্ধার করে মাথার খুলি, হাড়গোড়, পুরনো জামাকাপড়। তবে স্থানীয় কেউ-ই দেহ শশনাক্ত করতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। পুরো ঘটনার তদন্ত করছেন আসানসোল-দূর্গাপুর কমিশনারেট। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই মাথার খুলি, হাড়গোড়, ও পুরনো জামাকাপড় ফরেন্সিক টেস্ট-এর জন্য পাঠানো হতে পারে।




