Zubeen Garg death news | দিল্লি বিমানবন্দরে গ্রেফতার জুবিন গর্গের ম্যানেজার ও অনুষ্ঠান আয়োজক

SHARE:

বিনীত শর্মা, সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক প্রয়াত জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যুকে ঘিরে এবার বড় পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা। তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা (Siddharth Sharma) এবং নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের আয়োজক শ্যামকানু মহন্ত (Shyamkanu Mahanta)–কে গ্রেফতার করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকেই শ্যামকানুকে আটক করা হয়। অন্যদিকে গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে পুলিশ গ্রেফতার করে সিদ্ধার্থকে। দু’জনকেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং পরবর্তী সময়ে তাঁদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, এই মামলায় আরও কয়েকজনকে নজরে রেখেছে তদন্তকারীরা।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আসামের গর্ব জুবিন গর্গ। তিনি গিয়েছিলেন নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালে পারফর্ম করতে। সিঙ্গাপুরের ল্যাজারুস আইল্যান্ডে স্কুবা ডাইভিং করার সময় জলের নিচে খিঁচুনি হয় তাঁর। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা দুপুর আড়াইটে তাঁকে মৃত ঘোষণা করেন। এই হঠাৎ মৃত্যুতে দেশজুড়ে নেমে আসে শোকের ছায়া।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, আয়োজক শ্যামকানু মহন্ত মৃত্যু ঘটনার পরপরই সিঙ্গাপুরেই ছিলেন। কিন্তু তদন্তের ভয়েই তিনি আত্মগোপন করেন ও কিছুদিন পরেই দিল্লিতে প্রবেশ করেন। দিল্লি বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে কর্তৃপক্ষ। অন্যদিকে ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করা হয় গুরগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে। তাঁর উপস্থিতিতেই জুবিন গর্গ সেদিন দ্বিতীয়বার স্কুবা ডাইভিংয়ে নামেন বলে জানা যাচ্ছে।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া (Garima Saikia) ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছেন, ডাইভিংয়ের প্রথম রাউন্ড শেষে জুবিন স্বাভাবিকভাবেই ফিরে আসেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি দ্বিতীয়বার জলে নামেন। তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গরিমার বক্তব্য অনুযায়ী, সেই মুহূর্তে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সঙ্গী শেখর জ্যোতি গোস্বামী (Shekhar Jyoti Goswami) তাঁর সঙ্গে ছিলেন। তদন্তকারীরা জুবিনের মৃত্যু নিয়ে সম্পূর্ণ টাইমলাইন তৈরি করার চেষ্টা করছে। সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর তাঁর দেহ দেশে আনা হলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছিল। রিপোর্টে অস্বাভাবিক কোনও কারণের উল্লেখ পাওয়া যায়নি। তবুও তদন্তকারী সংস্থার সন্দেহ, আয়োজকদের গাফিলতি বা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

২১ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় আসামে সম্পন্ন হয় জুবিন গর্গের শেষকৃত্য। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া হয় ২১ গান স্যালুট। হাজার হাজার ভক্ত ছুটে আসেন তাঁর শেষ দর্শনে। শুধু আসাম নয়, সমগ্র উত্তর-পূর্বাঞ্চল ও দেশের বিভিন্ন প্রান্তে শোকস্তব্ধ হয়ে পড়েন অনুরাগীরা। উল্লেখ্য, জুবিন গর্গ শুধুমাত্র এক জন গায়কই নন, তিনি ছিলেন আসামের সাংস্কৃতিক আইকন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -সহ দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। উত্তর-পূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতিকে জাতীয় মঞ্চে তুলে ধরতে তাঁর অবদান অনস্বীকার্য।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। আরও কয়েকজনকে নজরে রাখা হয়েছে এবং প্রয়োজনে তাঁদেরও হেফাজতে নেওয়া হতে পারে। গোটা ঘটনার ওপর বিশেষ তদন্ত দল (SIT) কড়া নজর রাখছে। প্রসঙ্গত, জুবিনের মৃত্যুর পর থেকেই ভক্তরা প্রশ্ন তুলছিলেন, কেন সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না স্কুবা ডাইভিংয়ের সময়? কেন দ্বিতীয়বার ডাইভিংয়ে নামার পরও তাঁকে যথাযথ মেডিক্যাল সাপোর্ট দেওয়া যায়নি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার আদালতের নির্দেশে তদন্তের গতি আরও জোরদার হল।আসামের সংস্কৃতি জগৎ থেকে শুরু করে ভক্তরা এখন একটাই দাবি তুলেছেন, “জুবিনের মৃত্যুর প্রকৃত সত্য সামনে আসুক।” আসন্ন দিনে আদালতে নতুন মোড় নিতে পারে এই মামলা, এমনটাই মনে করছেন আইনজ্ঞরা।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : PM Modi Congress attack | ‘আমি শিবভক্ত, গরল গিলে নেব’, কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদীর কড়া বার্তা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment