তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে যাঁর নাম আজ শক্তিশালী অভিনয়ের প্রতিশব্দ, সেই ইয়ামি গৌতম (Yami Gautam) আবারও আলোচনার কেন্দ্রে। সদ্য মুক্তিপ্রাপ্ত ওটিটি ছবি ‘হক’ (Haq) -এ বাস্তব জীবনের চরিত্র শাহ বানো (Shah Bano) হিসেবে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের মন জয় করেছে। সংযত অভিব্যক্তি, গভীর সংলাপবোধ এবং দৃঢ় ব্যক্তিত্বে যামি যেন একেবারে নতুন মাত্রা যোগ করেছেন চরিত্রটিতে। তবে এই সাফল্যের আবহেই ফের সামনে এসেছে অভিনেত্রীর অতীতের এক বেদনাদায়ক স্বীকারোক্তি, যেখানে তিনি বলেছিলেন, বলিউডে এক সময় নিজেকে ‘অবাঞ্ছিত’ মনে হত।

উল্লেখ্য যে, পরিচালক মুকেশ গৌতম (Mukesh Gautam) -এর কন্যা ইয়ামি গৌতমের অভিনয়জীবন শুরু হয়েছিল ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভিকি ডোনার’ (Vicky Donor) দিয়ে।
প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়লেও পথটা খুব একটা মসৃণ ছিল না। ‘বাদলাপুর’ (Badlapur), ‘কাবিল’ (Kaabil), ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ (Uri: The Surgical Strike), ‘ভূত পুলিশ’ (Bhoot Police), ‘আ থার্সডে’ (A Thursday), ‘দাসভি’ (Dasvi), ‘আর্টিকেল ৩৭০’ (Article 370)-এর মতো ছবিতে নিজেকে প্রমাণ করলেও দীর্ঘদিন ধরে তাঁকে নানা অদৃশ্য দেওয়ালের মুখে পড়তে হয়েছে। ‘হক’-এর সাফল্য যেন সেই সব লড়াইয়েরই স্বীকৃতি। ‘হক’ ছবিতে ইয়ামির অভিনয় ঘিরে প্রশংসার ঢল নেমেছে। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই ছবিতে তিনি তুলে ধরেছেন শাহ বানোর জীবনসংগ্রাম, সামাজিক চাপ এবং আইনি লড়াইয়ের গল্প। যামির সংযত অভিনয়, চোখের ভাষা এবং দৃঢ় অবস্থান চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে। সমালোচকদের মতে, এই ছবি তাঁর কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স।

ঠিক এই সময়েই আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বর্ষীয়ান চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গন (Bharadwaj Rangan) -এর সঙ্গে যামির এক পুরনো সাক্ষাৎকার। সেই কথোপকথনে যামি অকপটে স্বীকার করেছিলেন, বলিউডে এমন সময় এসেছে যখন তাঁকে স্বাগত জানানো হয়নি। চোখের জল সামলে তিনি বলেছিলেন, ‘এমন সময় এসেছে যখন নিজেকে অবাঞ্ছিত মনে হয়েছে, মনে হয়েছে আমি এই জায়গার অংশ নই। কেউ মুখে কিছু না বললেও একবার তাকালেই বোঝা যায়, আপনি এখনও গ্রহণযোগ্য নন।’ ইয়ামি গৌতম -এর এই স্বীকারোক্তি বর্তমানে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ ইয়ামির বর্তমান সাফল্য প্রমাণ করে দেয়, অবহেলার দেওয়াল ভেঙে এগিয়ে যাওয়াই তাঁর জীবনের সবচেয়ে বড় জয়। সেই সাক্ষাৎকারে তিনি আরও বলেছিলেন, এই কঠিন সময়ে একমাত্র তাঁর পরিবারই ছিল তাঁর ভরসা। তাঁর কথায়, ‘এই যাত্রার জন্য নয়, বরং আমার পরিবারের জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’ ইয়ামি আরও জানান, কঠিন সময়ে তাঁর স্বামী আদিত্য ধর (Aditya Dhar) ছিলেন তাঁর সবচেয়ে বড় শক্তি। পরিচালক হিসেবে নিজেও সফল আদিত্য কখনও যামির উপর বিশ্বাস হারাননি। অভিনেত্রীর ভাষায়, ‘একটা ফোন কল- মা, বোন বা আদিত্য, এই তিনজনের যে-কোনও একজনের কাছে করলেই মনটা হালকা হয়ে যেত। আমরা দু’জনেই খুব একটা সামাজিক নই, কিন্তু আমাদের মূল্যবোধ এক। আমি বাইরে যেটা খুঁজছিলাম, সেটা আমি আদিত্যের মধ্যেই পেয়েছি।’

‘হক’ মুক্তির পর ইয়ামির অভিনয় দেখে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের বহু তারকা। তাঁদের মধ্যে অন্যতম পরিচালক করণ জোহর (Karan Johar)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘অনেক বছর পর কোনও অভিনয়ে আমি এতটা আবেগতাড়িত হয়েছি। ইয়ামি গৌতমের অভিনয় অসাধারণ। তাঁর নীরবতা, দৃষ্টি, শেষ মনোলগ, সবটাই অভিনয়ের এক অনন্য পাঠ।’ এই প্রশংসা প্রমাণ করে, ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে লড়াই করতে হয়েছিল, আজ তাঁর কাজই কথা বলছে। ‘হক’ -এর সাফল্যের সঙ্গে সঙ্গে তাঁর অতীতের অভিজ্ঞতা যেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য এক বাস্তব শিক্ষা প্রতিভা কখনও হারিয়ে যায় না, সময় এলেই সে নিজের জায়গা করে নেয়।উল্লেখ্য, বর্তমানে ‘হক’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার পর নতুন করে দর্শকের কাছে পৌঁছেছে। ছবির শক্তিশালী গল্প ও যামির সংযত অভিনয় তাঁকে আবারও প্রমাণের সুযোগ দিয়েছে যে, তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী। অতীতের ‘অবাঞ্ছিত’ হওয়ার অনুভূতি আজ তাঁর সাফল্যের গল্পেরই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠেছে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : celebrity parenting, Priyanka Chopra Nick Jonas | গোল্ডেন গ্লোবসেও ফাঁস প্রিয়াঙ্কা, কীভাবে বড় হচ্ছে তাঁদের মেয়ে মালতী




