মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : হলিউডের ঝলমলে রেড কার্পেট থেকে শুরু করে পার্কে মেয়েকে নিয়ে আইসক্রিম খাওয়া, যেখানেই যান না কেন, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) -এর পাশে নিরাপত্তারক্ষী থাকাটা এখন প্রায় স্বাভাবিক দৃশ্য। অনেকেই মনে করেন, নিশ্চয়ই বড় ধরনের হুমকি রয়েছে তাঁর জীবনে। আবার সোশ্যাল মিডিয়ার একাংশের প্রশ্ন ‘এত নিরাপত্তা কিসের?’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ধারণা নিয়েই সরাসরি মুখ খুলেছেন আন্তর্জাতিক তারকা। তিনি জানিয়ে দিয়েছেন, তাঁর প্রাণসংকট নেই; কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা, বিশেষ করে মেয়েকে ঘিরে, তিনি অত্যন্ত সতর্ক। সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) বলেন, ‘যে কেউ আমার কাছে এসে ছবি তুলতে চাইলে আমি আপত্তি করি না। আমি মানুষের সঙ্গে কথা বলতে ভালবাসি। আমার নিরাপত্তারক্ষীরাও সেটা জানেন।’ তবে তিনি এটাও ওই সাক্ষাৎকারে যোগ করে বলেন তাঁদের মূল দায়িত্ব অন্য জায়গায়, ‘তাঁরা দেখেন যেন আমাদের অনুমতি ছাড়া কেউ ভিডিও না তোলে বা গোপনে ছবি ধারণ না করে।’

অভিনেত্রীর বক্তব্যে পরিষ্কার, বিষয়টি নিরাপত্তা-হুমকি নয়, এটি৷ ব্যক্তিগত মুহূর্তের অননুমোদিত প্রচার রোধ। তাঁর কথায়, ‘এখন সবার হাতে মোবাইল ফোন। মুহূর্তের মধ্যে ব্যক্তিগত সময় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।’ পার্কে হাঁটাহাঁটি বা আইসক্রিম খাওয়ার মতো সাধারণ মুহূর্তও কখন যে ভাইরাল হয়ে যায়, তা টের পাওয়ার আগেই সারা বিশ্ব দেখে ফেলে। ‘বিশেষ করে মেয়েকে নিয়ে বাইরে থাকলে বিষয়টা বেশি অস্বস্তিকর লাগে,’ স্বীকার করেছেন প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, ‘আমাকে কেউ মারতে আসবে না,’ হাসতে হাসতেই বলেন অভিনেত্রী। তাঁর এই মন্তব্যে পরিষ্কার, নিরাপত্তা বলয় কোনও আতঙ্কের ফল নয়। বরং তা গোপনীয়তা রক্ষার সচেতন পদক্ষেপ। ‘তা না হলে আমার নিরাপত্তার প্রয়োজন নেই,’ তিনি এমনটাই জানিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং তাঁর স্বামী নিক জোনাস (Nick Jonas) -এর মেয়ে ‘মালতি’ (Malti Marie) -এর বয়স এখন তিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুই তারকার সন্তান হওয়ায় কৌতূহল যে তুঙ্গে থাকবে, তা বলাই বাহুল্য। ফলে অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া আটকাতেই এই অতিরিক্ত সতর্কতা বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আমরা চাই, মালতি যতটা সম্ভব স্বাভাবিক পরিবেশে বড় হোক।’ তারকা-পরিবারের সন্তান হয়েও যেন শৈশবের স্বাভাবিক আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটাই তাঁদের লক্ষ্য। এই প্রসঙ্গে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, হলিউড ও বলিউড দুই ক্ষেত্রেই এখন তারকাদের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার নজরবন্দি। বিমানবন্দর, রেস্তোরাঁ, পার্ক সমস্ত জায়গাতেই পাপারাজ্জিদের উপস্থিতি। অনেক সময় ভক্তদের উচ্ছ্বাসও সীমা ছাড়ায়। ফলে অনুমতি ছাড়া ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং আটকাতে নিরাপত্তাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘প্রিয়াঙ্কা চোপড়া’ (Priyanka Chopra) স্পষ্ট করেছেন, তিনি ভক্তদের থেকে দূরে থাকতে চান না; বরং অনিয়ন্ত্রিত ডিজিটাল প্রচারই তাঁর উদ্বেগের কারণ।

তারকাদের ব্যক্তিগত পরিসর নিয়ে এই আলোচনা নতুন নয়। তবে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) -এর সরাসরি বক্তব্য বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। তিনি একদিকে যেমন গ্লোবাল আইকন, অন্যদিকে মা হিসেবেও তাঁর দায়িত্ব রয়েছে। ফলে নিরাপত্তা নিয়ে তাঁর অবস্থান অনেকটাই বাস্তবসম্মত বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। কাজের দিক থেকেও বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী। শিগগিরই তাঁকে দেখা যাবে হলিউড ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff) -এ। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিতে তাঁর চরিত্র নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্র নির্মাতা ‘এস এস রাজামৌলি’ (S. S. Rajamouli) -এর আগামী ছবিতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা ‘মহেশ বাবু’ (Mahesh Babu)। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের পর আবার ভারতীয় মূলধারার বৃহৎ প্রোজেক্টে ফেরা, এই দুই দিক মিলিয়ে তাঁর কেরিয়ারের উত্তেজনা তুঙ্গে। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া’ (Priyanka Chopra) ইতিমধ্যেই বলিউড থেকে হলিউড, দুই জগতেই নিজের অবস্থান পোক্ত করেছেন। অভিনয়, প্রযোজনা, মানবিক উদ্যোগ সব ক্ষেত্রেই তিনি সক্রিয়। কিন্তু এই ঝলমলে সাফল্যের আড়ালে একজন মা ও পরিবারের সদস্য হিসেবে তাঁর সংবেদনশীলতা যে কতটা গভীর, তা সাম্প্রতিক মন্তব্যে ফুটে ওঠে।

প্রসঙ্গত, তারকা জীবনের চাকচিক্য যতই থাকুক, ব্যক্তিগত পরিসর যে সবার কাছেই মূল্যবান, সেটাই যেন মনে করিয়ে দিলেন তিনি। নিরাপত্তা বলয়কে অহংকার বা বাড়াবাড়ি হিসেবে না দেখে, গোপনীয়তার সুরক্ষা হিসেবে দেখার অনুরোধই যেন তাঁর বক্তব্যে নিহিত। ডিজিটাল যুগে যেখানে প্রতিটি মুহূর্ত ভাইরাল হওয়ার সম্ভাবনায় ভরপুর, সেখানে সচেতনতার এই বার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এখন ভক্তদের নজর তাঁর আগামী কাজের দিকে। ‘দ্য ব্লাফ’ (The Bluff) এবং ‘এস এস রাজামৌলি’ (S. S. Rajamouli) -এর ছবিতে ‘মহেশ বাবু’ (Mahesh Babu) -এর সঙ্গে জুটি, দুই প্রোজেক্ট নিয়েই উত্তেজনা তুঙ্গে। ব্যক্তিগত জীবনকে আড়াল রেখে পেশাদার জগতে দৃঢ় উপস্থিতি, এই দুইয়ের ভারসাম্যেই যেন আজকের প্রিয়াঙ্কা চোপড়া।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas, Indian kadha benefits : নিক জোনাসকে ‘অর্ধেক ভারতীয়’ বানালেন প্রিয়াঙ্কা চোপড়া, সেলেব দাম্পত্যের গল্পে ঘরোয়া কাড়া থেকে উৎসবের রঙ


