West Bengal final voter list 2026, SIR | পরিবর্তিত সূচীতে ভোটের প্রস্তুতি: ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা, শনিবারের মধ্যেই শেষ শুনানি

SHARE:

সাশ্রয় নিউজ ★ কলকাতা : পশ্চিমবঙ্গের ভোট প্রস্তুতির গুরুত্বপূর্ণ অধ্যায়ে বড়সড় পরিবর্তন। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যের এসআইআর (SIR) পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার নির্বাচন কমিশন (Election Commission of India) সংশোধিত সূচি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। দিল্লির নির্বাচন সদনে (Nirvachan Sadan) রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) -এর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়। কমিশন সূত্রে খবর, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়ার সময়সীমায় এই রদবদল আনা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ দেয়। শীর্ষ আদালত জানায়, ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনির জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হবে। সেই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের (ERO) হাতেই। অ্যাসিস্ট্যান্ট ইআরও (AERO) বা মাইক্রো অবজারভারদের এই বিষয়ে কোনও সিদ্ধান্তমূলক ভূমিকা থাকবে না। আদালতের এই পর্যবেক্ষণকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের পরই কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে পারে। সোমবারই জানানো হয়, ১৪ ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশের যে প্রাথমিক পরিকল্পনা ছিল, তা আর কার্যকর থাকছে না। মঙ্গলবার সেই ইঙ্গিতই সরকারি ভাবে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ পেল। উল্লেখ্য, শুনানির সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়ে আগেই নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, নতুন সূচী অনুযায়ী আগামী শনিবারের মধ্যেই সমস্ত শুনানি প্রক্রিয়া শেষ করা হবে। তারপর শুরু হবে নথি যাচাই বা স্ক্রুটিনির ধাপ। আদালতের নির্দেশ মেনে এই স্ক্রুটিনির জন্য দেওয়া হচ্ছে বাড়তি সাত দিন। ফলে শুনানি শেষ হওয়ার সম্ভাব্য দিন ধরা হচ্ছে ১৪ ফেব্রুয়ারি, আর তার পর ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। এই গোটা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব নয় বলেই কমিশনের অভিমত। প্রসঙ্গত, কমিশনের আগের ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সময়সীমা স্বাভাবিক ভাবেই পিছিয়ে যায়। কমিশনের অন্দরের খবর অনুযায়ী, শুধু ২১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেই তালিকা প্রকাশ করা হলে বিভিন্ন প্রশাসনিক স্তরে চাপ তৈরি হতে পারত। সেই কারণেই আরও এক সপ্তাহ সময় নিয়ে ২৮ ফেব্রুয়ারিকে চূড়ান্ত দিন হিসেবে স্থির করা হয়েছে। এতে ইআরও ও এইআরও-রা নথি যাচাই করে আরও সঠিক ও স্বচ্ছ সিদ্ধান্ত নিতে পারবেন বলে দাবি কমিশনের।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটার তালিকা সংশোধনের এই বাড়তি সময় শাসক ও বিরোধী উভয় পক্ষের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ ভোটার তালিকাকে ঘিরে আগেও একাধিক অভিযোগ উঠেছে। কারও নাম বাদ পড়া, ভুয়ো নাম অন্তর্ভুক্তি কিংবা ঠিকানা সংক্রান্ত গরমিল এই সব বিষয় নিয়ে প্রায় প্রতিটি নির্বাচনেই বিতর্ক তৈরি হয়। কমিশনের এই বাড়তি সতর্কতাকে তাই অনেকেই ইতিবাচক বলেই দেখছেন। অন্য দিকে, নির্বাচন কমিশনের তরফে বার্তা দেওয়া হয়েছে, আদালতের নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং কোনও রকম তাড়াহুড়ো করা হবে না। কমিশন সূত্র জানাচ্ছে, ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। গণতন্ত্রের ভিত্তি যে ভোটাধিকার, সেই অধিকার যেন কোনও যোগ্য নাগরিকের হাতছাড়া না হয় এবং একই সঙ্গে তালিকায় কোনও অনিয়ম না থাকে, তা নিশ্চিত করতেই এই সময়সীমা বৃদ্ধি। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের আগামী রাজনৈতিক সমীকরণে বড় ভূমিকা নিতে চলেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের সংশোধিত সূচী এবং প্রশাসনিক স্তরে বাড়তি সতর্কতার ফলে এই তালিকা কতটা নির্ভুল হয়, সে দিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী ও রাজনৈতিক দলগুলি।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Congress West Bengal Election | সিপিএমকে ছেড়ে একার পথে কংগ্রেস, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনেই লড়াইয়ের ঘোষণা খড়্গে-রাহুলের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন