Assam final voter list | বিশেষ সংশোধনের পর অসমে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, তালিকায় ২.৪৯ কোটি নাম, বাদ পড়লেন ২.৪৩ লক্ষ ভোটার

SHARE:

সাশ্রয় নিউজ ★ গুয়াহাটি : অসমে ভোটের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। বিশেষ সংশোধন বা স্পেশ্যাল রিভিশন -এর পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে (Assam final voter list)। এই তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। খসড়া তালিকার তুলনায় যা প্রায় ০.৯৭ শতাংশ কম। কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন ২ লক্ষ ৪৩ হাজার ভোটার। এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই অসমের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে নতুন করে আলোচনা। মঙ্গলবার রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রের (Assembly Constituency) জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে গত ২৭ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। সেই সময় খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪। বিশেষ সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই সংখ্যা কমে দাঁড়াল ২ কোটি ৪৯ লক্ষের কিছু বেশি। কমিশনের বক্তব্য, এই সংশোধনের মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকাকে আরও নির্ভুল ও স্বচ্ছ করে তোলা।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। মহিলা ভোটারের সংখ্যা প্রায় সমান— ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩। তৃতীয় লিঙ্গের (Third Gender) ভোটার হিসেবে নথিভুক্ত রয়েছেন ৩৪৩ জন। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, লিঙ্গভিত্তিক ভারসাম্য বজায় রেখেই তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি কমিশনের।অসমের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে ভোটার সংক্রান্ত তথ্য যাচাইয়ের কাজ চলে। এই সময়ে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য মিলিয়ে দেখেন। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৭ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হয়। তার পর ২৭ ডিসেম্বর থেকে ২২ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় দাবি ও আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তি করা হয়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হল।

এই বিশেষ সংশোধন প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই রাজনৈতিক কৌতূহল ছিল। কারণ, দেশের পাঁচটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ (West Bengal), তামিলনাড়ু (Tamil Nadu), কেরল (Kerala), পুদুচেরি (Puducherry)-তে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) চলছে। কিন্তু এই তালিকায় অসম ছিল ব্যতিক্রম। অসমে এসআইআর নয়, বরং বিশেষ সংশোধন বা এসআর (SR) প্রক্রিয়া গ্রহণ করে নির্বাচন কমিশন। কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। তবে নির্বাচন কমিশন আগেই ব্যাখ্যা দিয়েছিল, সাধারণ ভাবে ভোটার তালিকা সংশোধনের দু’টি পদ্ধতি রয়েছে। একটি হল বার্ষিক সংশোধন (Annual Revision), যা তুলনামূলক ভাবে কম নিবিড়। অন্যটি হল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর, যেখানে নতুন করে এনুমারেশন ফর্ম পূরণ করানো হয় এবং বিস্তারিত যাচাই হয়। অসমের ক্ষেত্রে এই দুই পদ্ধতির মাঝামাঝি একটি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। এই বিশেষ সংশোধনেও এসআইআর-এর মতোই বুথ লেভেল অফিসাররা ভোটারদের বাড়িতে গিয়েছেন, কিন্তু কাউকেই নতুন ফর্ম পূরণ করতে হয়নি। আগে থেকে পূরণ করা ফর্ম সঙ্গে নিয়ে গিয়ে শুধু তথ্য মিলিয়ে দেখা হয়েছে।

কেন অসমে এসআইআর প্রযোজ্য করা হয়নি, তা নিয়ে দ্বিতীয় দফায় এসআইআর ঘোষণার সময় থেকেই বিতর্ক শুরু হয়। সেই সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বিষয়টি স্পষ্ট করে বলেন, ভারতীয় নাগরিকত্ব আইনে (Citizenship Act of India) অসম রাজ্যের জন্য আলাদা ধারা রয়েছে। তাঁর বক্তব্য ছিল, ‘সুপ্রিম কোর্টের (Supreme Court of India) তত্ত্বাবধানে অসমে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি, গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু ২৪ জুন প্রকাশিত হয়েছে, তাই তা অসমে প্রযোজ্য নয়।’ এই ব্যাখ্যার পরেই কমিশন অসমের জন্য পৃথক ভাবে বিশেষ সংশোধনের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন : Mamata Banerjee Bhabanipur win | ‘ভুয়ো ভোটার ছাড়া জেতা অসম্ভব’ : ভবানীপুরের জয় নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের, পাল্টা তৃণমূলের তীব্র জবাব

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২.৪৩ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিছক পরিসংখ্যানের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নাগরিকত্ব, বসবাসের প্রমাণ এবং প্রশাসনিক যাচাইয়ের মতো সংবেদনশীল প্রশ্ন। বিরোধী দলগুলির একাংশ আশঙ্কা প্রকাশ করেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে ভবিষ্যতে আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। অন্য দিকে, কমিশনের দাবি, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে।কিন্তু, অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ রাজ্যের রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আসন্ন নির্বাচনের আগে এই তালিকাই হবে ভোটের মূল ভিত্তি। কতটা নির্ভুল ও বিতর্কমুক্ত ভাবে এই তালিকা গ্রহণযোগ্য হয়, তার উপরেই নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Amit Shah Bastar Speech | বস্তার পন্ডুম ২০২৬ -এর মঞ্চ থেকে উন্নয়ন ও শান্তির বার্তা দিলেন অমিত শাহ

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন