Virat Kohli, Daryl Mitchell | কোহলির সই করা জার্সিতে সম্মানিত নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল

SHARE:

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : ভারত-নিউ জ়িল্যান্ড একদিনের সিরিজ় শেষ হলেও ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে এল মানবিক ও ক্রীড়াসুলভ মুহূর্ত। সিরিজ়ের সেরা ক্রিকেটার ড্যারিল মিচেলকে (Daryl Mitchell) নিজের সই করা জার্সি উপহার দিলেন ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হওয়ার পর প্রতিপক্ষের কৃতিত্বকে সম্মান জানিয়ে কোহলির এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলে।

আরও পড়ুন : Sourav Das Darshana Banik | সমাজমাধ্যমে মন্তব্যবাক্স বন্ধ হলে বহু সম্পর্ক টিকবে! দ্বিতীয় বিবাহবার্ষিকীতে খোলামেলা সৌরভ-দর্শনার দাম্পত্য দর্শন

তিন ম্যাচের একদিনের সিরিজ়ে ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে নিউ জ়িল্যান্ড (New Zealand)। ভারতের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ় জেতার রেকর্ড গড়ে কিউইরা। এই সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা নিয়েছেন ড্যারিল মিচেল। ধারাবাহিক ভাবে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন তিনি। সিরিজ় জুড়ে তাঁর ব্যাট থেকে এসেছে দু’টি শতরান ও একটি অর্ধশতরান। গড় ১৭৬, মোট রান ৩৫২, এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছন্দে ছিলেন এই ডানহাতি ব্যাটার। উল্লেখ্য যে, ইন্দোরে (Indore) সিরিজ় নির্ণায়ক ম্যাচের পর ঘটেছে সেই বিশেষ মুহূর্ত। ম্যাচ শেষ হওয়ার পর যখন দু’দলের ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখনই মিচেলের দিকে এগিয়ে যান বিরাট কোহলি। তাঁর হাতে ছিল ভারতের জার্সি। কাছে গিয়ে মিচেলের হাতে সেই জার্সি তুলে দেন কোহলি। জার্সিতে ছিল তাঁর নিজের সই। মিচেল হাসিমুখে সেই উপহার গ্রহণ করেন। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়। এই দৃশ্য ক্যামেরাবন্দী হতেই মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ক্রিকেটপ্রেমীদের একাংশ বলছেন, এই কারণেই বিরাট কোহলিএকজন রোল মডেল। প্রতিপক্ষের কৃতিত্ব স্বীকার করে নেওয়ার মানসিকতা খুব কম ক্রিকেটারের মধ্যেই দেখা যায়। মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত হলেও মাঠের বাইরে এবং ম্যাচের পরে কোহলির এই ধরনের আচরণ তাঁকে আলাদা উচ্চতায় নিয়ে গিয়েছে বলে মত অনেকের। অন্যদিকে, ড্যারিল মিচেলের পারফরম্যান্স এই সিরিজ়ে ছিল চোখে পড়ার মতন। ভারতের মাটিতে মাত্র আটটি ইনিংসে চারটি শতরান করে তিনি অনন্য রেকর্ড গড়েছেন। কোনও বিদেশি ব্যাটার এর আগে এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। স্পিন ও পেস দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই সাবলীল ছিলেন মিচেল। ভারতীয় বোলারদের লাইন-লেন্থ ভেঙে দিয়ে সহজেই রান তুলেছেন তিনি। অনেক বিশেষজ্ঞই বলছেন, মিচেলের ব্যাটিং ছিল পরিকল্পিত এবং পরিণত।

ইন্দোরের ম্যাচে নিউ জ়িল্যান্ড প্রথমে ব্যাট করে তোলে ৩৩৭ রান। মিচেলের ১৩৭ রানের অনবদ্য ইনিংসের পাশাপাশি গ্লেন ফিলিপ্স-এর (Glenn Phillips) ঝকঝকে শতরান কিউইদের বড় স্কোর গড়তে সাহায্য করে। ভারতীয় বোলারদের মধ্যে কেউই সেভাবে লাগাম টানতে পারেননি। রান তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই চাপে পড়ে যায়। ভারতের হয়ে একমাত্র দৃঢ় প্রতিরোধ গড়েন বিরাট কোহলি। তিনি ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেন। টপ অর্ডারের অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় কোহলির উপর চাপ বেড়ে যায়। শেষ পর্যন্ত ৩৩৮ রান তাড়া করতে নেমে ভারত অল আউট হয়ে যায় ২৯৬ রানে। ফলাফল হিসেবে সিরিজ় হাতছাড়া হয় ভারতের।

অপর দিকে, পরাজয়ের হতাশার মধ্যেও কোহলির এই আচরণ দেখিয়ে দিল, ক্রিকেট কেবল জয়-পরাজয়ের খেলা নয়, পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যেরও বড় মঞ্চ। ড্যারিল মিচেলের মতো প্রতিভাবান ক্রিকেটারের প্রতি এই সম্মান ভবিষ্যতে ভারত-নিউ জ়িল্যান্ড ক্রিকেট সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছেন ক্রীড়াবিশ্লেষকেরা। উল্লেখ্য, মাঠে মিচেলের ব্যাটিং যেমন স্মরণীয় হয়ে থাকল, তেমনই মাঠের বাইরে কোহলির এই সৌজন্যপূর্ণ মুহূর্তও ক্রিকেট ইতিহাসে আলাদা করে জায়গা করে নিল।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Chota Chiku fan, Kohli | মাঠে ‘ছোটা চিকু’ দেখে থমকে গেলেন বিরাট! রোহিতকে ডেকে নিজের শৈশব দেখালেন কোহলি, উচ্ছ্বসিত আট বছরের গর্বিত

Sasraya News
Author: Sasraya News