সাশ্রয় নিউজ ডেস্ক ★ চেন্নাই: তামিলনাড়ুর রাজনীতিতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রবিবার। অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থলপতি বিজয় (Thalapathy Vijay) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে। কিন্তু রাজনৈতিক ঘটনার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আর এক পরিচিত মুখ, অভিনেত্রী তৃষা কৃষ্ণন (Trisha Krishnan)। শপথগ্রহণ মঞ্চে তাঁর উপস্থিতি, আবেগঘন মুহূর্ত এবং পরে সমাজমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে জোরালো হল তাঁদের সম্পর্কের জল্পনা। রবিবারের এই অনুষ্ঠানে তৃষা তাঁর মা উমা কৃষ্ণনকে (Uma Krishnan) সঙ্গে নিয়ে হাজির হন। তাঁকে দেখা যায় দর্শকাসনের সেই অংশে বসতে, যেখানে বিজয়ের পরিবার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সময় যখন বিজয় শপথ নিচ্ছেন, তখন ক্যামেরায় ধরা পড়ে তৃষার আবেগঘন মুখ। অনেকের নজরে আসে তাঁর চোখে জল। সেই মুহূর্তের ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে, আর তাতেই শুরু হয় নতুন করে আলোচনা।

এই আবেগের রেশ কাটতে না কাটতেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে অনুষ্ঠান থেকে কয়েকটি ছবি ভাগ করে নেন তৃষা। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনুরাগীরা। তিনি লেখেন, ‘ভালবাসার শব্দ সব সময়েই বেশি জোরাল।’ এই এক লাইনের বার্তা ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। অনেকেই মনে করছেন, এই মন্তব্য শুধুমাত্র একটি সাধারণ অনুভূতির প্রকাশ নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে গভীর ইঙ্গিত। গত কয়েক মাস ধরেই তলপতি বিজয় (Thalapathy Vijay) এবং তৃষা কৃষ্ণন (Trisha Krishnan) -এর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। একাধিক অনুষ্ঠান, ব্যক্তিগত মুহূর্ত এবং জনসমক্ষে তাঁদের উপস্থিতি নিয়ে বহুবার আলোচনা হয়েছে। যদিও দু’জনের কেউই কখনও সরাসরি এই বিষয়ে মুখ খোলেননি, তবুও তাঁদের ঘিরে কৌতূহল কমেনি। রবিবারের এই ঘটনা সেই আগুনে যেন নতুন করে ঘি ঢালল। শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার সাজও নজর কেড়েছে দর্শকদের। হালকা আকাশি রঙের সিল্কের শাড়ি, সঙ্গে ঘিয়ে রঙের ব্লাউজ়, খোঁপায় ফুল এবং গলায় হালকা হিরের গয়না, তাঁর উপস্থিতি ছিল অত্যন্ত মার্জিত। কপালে ছোট্ট টিপ তাঁর সাজকে আরও পরিপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই তাঁর এই সাদামাটা অথচ আকর্ষণীয় লুকের প্রশংসা করেছেন। শুধু অনুষ্ঠানে উপস্থিতিই নয়, তার আগে সকালেই তৃষার বাড়ির সামনে ছবিশিকারিদের ভিড় লক্ষ্য করা যায়। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন। তাঁর কথায়, ‘উদগ্রীব হয়ে আছি।’ তবে সম্পর্কের জল্পনা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
এই ঘটনার সঙ্গে আর একটি বিষয়ও জুড়ে দেখা হচ্ছে। নির্বাচনের ফল প্রকাশের দিনই ছিল তৃষার জন্মদিন। সেই দিন তাঁকে একটি মন্দিরে প্রার্থনা করতে দেখা যায়। অনেক অনুরাগী তখনই মনে করেছিলেন, তাঁর প্রার্থনার সঙ্গে বিজয়ের রাজনৈতিক সাফল্যের সম্পর্ক থাকতে পারে। রবিবারের ঘটনার পর সেই ধারণা আবারও আলোচনায় উঠে এসেছে। বিজয়ের রাজনৈতিক যাত্রা ইতিমধ্যেই দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান ছিল একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে পূর্ণ। সেই ভিড়ের মধ্যে তৃষার উপস্থিতি এবং তাঁর আবেগঘন প্রতিক্রিয়া আলাদা করে নজর কেড়েছে। অনুষ্ঠানে বিজয়ের মা-ও ছেলেকে শুভেচ্ছা জানান, যা পরিবারকেন্দ্রিক আবহকে আরও উজ্জ্বল করে তোলে।
সমাজমাধ্যমে তৃষার পোস্ট ঘিরে বিভিন্ন মত সামনে আসছে। কেউ মনে করছেন, এটি নিছক একটি আবেগঘন মুহূর্তের প্রকাশ, আবার কেউ এটিকে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও বাস্তব পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে বিনোদন ও রাজনৈতিক দুই মহলেই চর্চা তুঙ্গে। তৃষা কৃষ্ণন (Trisha Krishnan) দীর্ঘদিন ধরেই দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অন্যদিকে তলপতি বিজয় (Thalapathy Vijay) তাঁর অভিনয়জীবনের পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রেও দ্রুত নিজের জায়গা তৈরি করেছেন। এই দুই জনপ্রিয় ব্যক্তিত্বকে ঘিরে যে কোনও ঘটনা সহজেই মানুষের আগ্রহের কেন্দ্রে চলে আসে। বর্তমানে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও, জনসমক্ষে তাঁদের উপস্থিতি এবং এমন কিছু মুহূর্ত বারবার প্রশ্ন তুলে দিচ্ছে। রবিবারের শপথগ্রহণ অনুষ্ঠান সেই প্রশ্নগুলিকে আরও জোরালো করে তুলেছে। এখন দেখার, ভবিষ্যতে এই জল্পনার কোনও স্পষ্ট উত্তর সামনে আসে কি না।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Priyanka Chopra Nick Jonas interview | নিককে নিয়ে আবেগঘন প্রিয়াঙ্কা, ভালবাসার নতুন দিক সামনে আনলেন অভিনেত্রী



