প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-এর
সাশ্রয় নিউজ ★ আগরতলা : ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে মোট ৬০ টি আসনের মধ্যে ৩৬ টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। বামেরা পেয়ছিল মাত্র ১৬ টি আসন। আজ শনিবার, ত্রিপুরা বিধানসভা নির্বাচন ২০২৩-এ ৪৮ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্যের ক্ষমতাসীন শাসকদল বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয় বাকি আসনগুলিতে দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। উল্লেখ্য তিপ্রামথার সঙ্গে যে জোট প্রক্রিয়া নিয়ে কথাবার্তা চলছিল তা ভেস্তে গেলেও ত্রিপুরায় বিজেপির বর্তমান জোটসঙ্গী আইপিএফটি-এর সঙ্গে এখনও জোট সংক্রান্ত কথাবার্তা চলছে বলে বিজেপি সূত্রে উল্লেখ। তবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-এর প্রার্থী তালিকায় নাম নেই। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বরদোয়ালি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিজেপি নেতৃত্ব ঘোষণা করেন। ত্রিপুরা রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ‘প্রার্থীতালিকায় দলিত, মূলবাসী, মহিলা-সহ সকল শ্রেণি এবং বর্ণের প্রতিনিধিত্ব রাখা হয়েছে।’ পাশাপাশি বাম ও কংগ্রেস জোটকে কটাক্ষ করে রাজীব ভট্টাচার্য বলেন, “এই নির্বাচনে কংগ্রেস এবং সিপিএমের জোটকে মানুষ ভাল চোখে নিচ্ছে না। তাই অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।”




