সুশান্ত সম্পর্কে কী বললেন কিয়ারা?
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : সুশান্ত সিং রাজপুত-এর সঙ্গে কিয়ারা আডবানিকে দেখা গিয়েছিল, ‘এম.এস. ধোনি দ্য আনটোল্ড স্টোরি’ ছবিতে। ওই ছবিতে মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় সুশান্তের অভিনয় মুগ্ধ করেছিল তাঁর ভক্তদের। ছবিটিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছিলেন, কিয়ারা। কিয়ারা একটি সাক্ষাৎকারে জানান, সুশান্তের সাময়িক ইনসমনিয়া ছিল। রাত্রিবেলা মাত্র দু-ঘন্টা ঘুমাতেন সুশান্ত। তাঁর এই অভ্যাস কিয়ারার অদ্ভুত লাগত। কিয়ারা জানান, মাত্র ২ ঘন্টা ঘুমিয়ে সুশান্ত সেটে প্রাণবন্ত থাকতেন। ক্লান্তির ছাপ থাকত না। দারুণ এনার্জি থাকত। কিয়ারা দাবি, সুশান্ত তাঁকে বলেন, ‘মানুষ মাত্র ২ ঘন্টা ঘুমিয়েই চাঙ্গা থাকতে পারেন।’ কিয়ারা সাক্ষাৎকারে জানান, ”কিছুটা ইনসমনিয়াক ছিল সুশান্ত। কারণ দিনের শেষে কাজ সেরে আমার ভীষণ ঘুম পেত। তখন সুশান্ত বলত, মানুষের শরীরে মাত্র ২ ঘণ্টা ঘুমের প্রয়োজন। তা আপনি ৮ ঘণ্টাই ঘুমোন বা ৭ ঘণ্টা ঘুমান। এর থেকে মাত্র ২ ঘণ্টা হল আসল সময় যখন আপনার মস্তিষ্ক আসলে ঘুমায়, বাকি সময় আপনি অজ্ঞান বা ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু আপনার মন তখনও সক্রিয় থাকে। তাই ও ২ ঘণ্টাই ঘুমাত। ওটা আমার একটু অদ্ভূত লেগেছিল।” উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। তারপর অনেক জল গড়িয়েছে তাঁর মৃত্যু রহস্য নিয়ে। মাত্র ৩৪ বছর বয়সে অকালে ঝরে যায় ভারতীয় সিনেমার ওই অভিনেতার প্রাণ! আজকে সুশান্ত-এর ৩৭ তম জন্মদিন।




