পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli) কি এক দিনের ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন? অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের পরেই তাঁদের এই ফরম্যাট থেকে সরে যাওয়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনায় তাঁদের রাখছে না। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করেন, যদি পারফরম্যান্সে ধারাবাহিকতা থাকে, তাহলে রোহিত-কোহলির খেলা চালিয়ে যাওয়া উচিত।

কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “আমি বিষয়টা জানি না। তাই মন্তব্য করা ঠিক হবে না।” তবে প্রাক্তন অধিনায়কের মতে, পারফরম্যান্সই আসল মাপকাঠি। সৌরভের ভাষায়, “জানি না ওরা অবসর নেবে কি না। তবে যে পারফর্ম করবে সে খেলবে। যদি দু’জনেই ভাল খেলে তা হলে খেলা চালিয়ে যাওয়া উচিত। এক দিনের ক্রিকেটে কোহলির পরিসংখ্যান অসাধারণ। রোহিতেরও তাই। দু’জনেই সাদা বলের ক্রিকেটে খুবই ভাল খেলেছে।” উল্লেখ্য যে, এই মুহূর্তে ভারতীয় দল বিশ্রামে রয়েছে। আইপিএল (IPL) মরসুমের পর থেকে তারা পাঁচটি টেস্ট খেলেছে। আসন্ন এশিয়া কাপ (Asia Cup) নিয়েও সৌরভ আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, “ভারত এমনিতেই শক্তিশালী দল। সাদা বলের ক্রিকেটে আরও বেশি শক্তিশালী। আমার মতে ভারতই ফেভারিট। দুবাইয়ের পিচে ওদের হারানো খুবই কঠিন কাজ হবে।”

এদিকে, ‘দৈনিক জাগরণ’-এর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বোর্ডের পরিকল্পনায় ২০২৭ সালের বিশ্বকাপ দলে বিরাট ও রোহিতকে রাখার বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেই। কারণ, সেই বিশ্বকাপের আগে ভারতের এক দিনের সিরিজের সংখ্যা খুব বেশি নয়। ফলে দুই অভিজ্ঞ তারকাকে দলে রাখার বিষয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। উল্লেখ্য যে, ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা রয়েছে তাতে কোহলি ও রোহিত নেই।” এমনকী, ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, রোহিত ও কোহলি ইংল্যান্ড (England) সফরে খেলতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের জানানো হয়েছিল দলে নেওয়া হবে না। এই সিদ্ধান্তের পরই তাঁরা লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, সূত্রের খবর যে, ভারতীয় বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, রোহিত ও কোহলিকে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) খেলার নির্দেশ দেওয়া হতে পারে। এই ৫০ ওভারের ঘরোয়া প্রতিযোগিতায় খেললেই তাঁদের এক দিনের বিশ্বকাপে ফেরার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তাঁদের বিজয় হাজারে ট্রফিতে খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফলে একদিনের ফরম্যাটে তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও গভীর হচ্ছে।

অন্যদিকে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে রোহিত ও কোহলির খেলার কথা রয়েছে। তবে ‘দৈনিক জাগরণ’-এর দাবি, সেই সিরিজ শেষে তাঁরা এক দিনের ক্রিকেট থেকেও অবসর নিতে পারেন।ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবদান অনস্বীকার্য। রোহিতের নেতৃত্বে ভারত পেয়েছে একাধিক সাফল্য, অন্যদিকে কোহলির ব্যাটিং ধারাবাহিকতা তাঁকে বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে জায়গা করে দিয়েছে। তাই তাঁদের সম্ভাব্য অবসর শুধুমাত্র ক্রিকেটপ্রেমীদের আবেগ হাতুড়ি নিক্ষেপই শুধু নয় জাতীয় দলের ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এখন দেখার বিষয় যে, রোহিত-কোহলি সত্যিই কি এক দিনের ক্রিকেটকে বিদায় জানান, নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতোই তাঁরা পারফরম্যান্সের জোরে আরও কিছু বছর সাদা বলের ক্রিকেটে মাঠে রাজত্ব করবেন। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই দিকে।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sourav Gangly, VVS Laxman | নীরবতা আর প্রত্যাবর্তনের মাঝে রাগ অভিমানের গল্প, লক্ষ্মণকে বাদ দেওয়ার সেই সিদ্ধান্তের গোপন কথা জানালেন সৌরভ




