সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : পাঞ্জাবের (Punjab) বিস্তীর্ণ এলাকা বিধ্বংসী বন্যার কবলে। কয়েক দশকের মধ্যে রাজ্যে এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি বলে জানাচ্ছেন স্থানীয়রা। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে নদীর জল বিপদসীমার বহু উপর দিয়ে বইছে। এক হাজারেরও বেশি গ্রাম জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষের ঘরবাড়ি ভেসে গিয়েছে, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে ও গৃহহীন হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। রাজ্যবাসীর এই অসহায় পরিস্থিতি দেখে মর্মাহত হয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ও টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।

ভারতীয় টেস্ট দলের তরুণ অধিনায়ক শুভমান গিল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘পাঞ্জাবের ভয়াবহ বন্যা দেখে আমার মন ভেঙে গিয়েছে। তবে আমি জানি, পাঞ্জাব সব সময় প্রতিকূল পরিস্থিতির সামনে শক্ত হয়ে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য আমার প্রার্থনা রইল। আমি মানুষের পাশে আছি।’ শুভমান গিলের এই মানবিক বার্তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তাঁর ভক্তরা ও সাধারণ মানুষ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একদিকে শুভমন গিল আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) প্রস্তুতির মধ্যে রয়েছেন, অন্যদিকে নিজের রাজ্যের মানুষের দুর্দশা নিয়েও সমানভাবে চিন্তিত হয়েছেন। ওয়াকিবহাল মহলের দাবি, গত ৩৭ বছরে পাঞ্জাবে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি।

ভারী বৃষ্টির প্রভাবে শুধু পাঞ্জাব নয়, হিমাচল প্রদেশ (Himachal Pradesh), জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir), উত্তরাখণ্ড (Uttarakhand) জুড়েই একই পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লি (Delhi) ও হরিয়ানাতেও (Haryana) বন্যা সতর্কতা জারি হয়েছে। যমুনার (Yamuna) জল বিপদসীমার উপর দিয়ে বইছে, যার জেরে রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে। এই মুহূর্তে হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। অন্যদিকে, শুভমান গিলের ক্রিকেটীয় ব্যস্ততার মধ্যেও তাঁর নজর ছিল উত্তর ভারতের এই ভয়াবহ পরিস্থিতির দিকে। এশিয়া কাপের আগে তিনি দুবাই (Dubai) রওনা হবেন ৪ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। জানা গিয়েছে, উত্তর ভারতের লাগাতার বর্ষণের কারণে ঠিকমতো প্র্যাকটিস করতে পারেননি গিল। দলীপ ট্রফিতেও তাঁর খেলার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। তাই এখন তিনি সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষা ও ট্রেনিং একসঙ্গে চালিয়ে যাচ্ছেন। তবুও শুভুমন রাজ্যের এই দুর্দশার সময়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

অন্যদিকে, আফগানিস্তানেও (Afghanistan) চলছে ভয়াবহ মানবিক সঙ্কট। কুনার (Kunar) প্রদেশে ভয়ঙ্কর ভূমিকম্পে প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সূত্রের খবর, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু গ্রামবাসী। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশের ক্রিকেটাররাই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। আফগান দলের তারকা স্পিনার রশিদ খান (Rashid Khan) জানিয়েছেন, খেলোয়াড়রা তাঁদের ম্যাচ ফি ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যের জন্য তুলে দেবেন। বর্তমানে পাকিস্তান (Pakistan) ও সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে আফগানিস্তানের ত্রিদেশীয় সিরিজ চলছে। সেখান থেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন ক্রিকেটাররা।প্রসঙ্গত উল্লেখ্য যে, শুভমান গিলের মতোই আফগান ক্রিকেটারদের এই মানবিক বার্তাও বিশ্ব ক্রীড়াজগতকে আলোড়িত করেছে। দুই দেশের মানুষ যখন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত, তখন ক্রিকেটারদের এই সহমর্মিতা তাঁদের পাশে নতুন শক্তি জোগাচ্ছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Cheteshwar Pujara | শুভমন গিলের ‘হুমকিতে’ ফিফা টিমে ঢুকেছিলেন বুমরাহ! খোলসা করলেন পুজারা




