শুভ্রাংশু চন্দ ✪ সাশ্রয় নিউজ স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট টিম মানেই মাঠের লড়াই, জয়ের উল্লাস আর হোটেলে ফিরলে মন খুলে আড্ডা। তবে সেই আড্ডায় কখনও কখনও ‘হুমকি’ও চলত! এমনই মজার স্মৃতি শেয়ার করলেন চেতেশ্বর পুজারা (Cheteshwar Pujara)। ফাঁস করলেন, কীভাবে একবার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ভিডিও গেমের দলে টানতে শুভমন গিল (Shubman Gill) আর তাঁর সঙ্গীরা মিলে হুমকি দিয়েছিলেন। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে ঘটেছিল এই ঘটনা। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুজারা জানান, সফরের দিনগুলোতে প্লে-স্টেশনে ফিফা (FIFA) খেলা ছিল তাঁদের নেশা। পুজারা বলেন, ‘আমাদের একটা দল ছিল। সেখানে আমি, শুভমন (Shubman), ঋষভ পন্থ (Rishabh Pant) আর ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ছিলাম। আমরা প্রায় দিনই হোটেলে ফিরে ফিফা খেলতাম। একদিন ঠিক করলাম, বুমরাহকে আমাদের দলে চাই। কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছিল না। শেষে বললাম, যদি না খেলিস, তাহলে তোর বলে আমরা কোনও ক্যাচ ধরব না!’ পুজারা ওই সাক্ষাৎকারে জানান, শেষমেশ বুমরাহ রাজি হলেও খুব একটা সাবলীল ছিলেন না গেম প্লেতে। তাই বাকিরা মিলে ওকে সাহায্য করতেন। তিনি বলেন, ‘ওকে বুঝিয়ে দিতে হত কীভাবে খেলতে হয়। তবুও মজাই ছিল। মাঠের বাইরে এইসব খেলাধুলা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করত।’
বুমরাহ সম্পর্কে কথা বলতে গিয়ে পুজারা আরও বলেন, ‘ও খুব শান্ত স্বভাবের। সাধারণত হেডফোন কানে লাগিয়ে একাই থাকত। খুব বেশি কথা বলত না। তাই আমরাই ভেবেছিলাম, ওকে আমাদের গেম টিমে ঢোকাতেই হবে। শেষমেশ সেই মিশন সফল হয়েছিল।’ বর্তমানে পুজারা ভারতীয় টিমের অংশ না হলেও ক্রিকেটের সঙ্গ ছাড়েননি। চলতি ইংল্যান্ড সফরে তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাচ্ছে। পাশাপাশি মাঝেমধ্যেই মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে তিনি কথাবার্তাও বলছেন। সম্প্রতি ঋষভ পন্থের সঙ্গে আড্ডায় পুরনো স্মৃতি ঘুরে আসে। পন্থ পুজারাকে প্রশ্ন করেন, এখনও কি ভিডিয়ো গেম খেলেন? জবাবে পুজারা জানান, এখনও সময় পেলেই খেলেন, তবে সতীর্থদের সঙ্গে একসঙ্গে বসে খেলার সেই আনন্দ আলাদা ছিল। তিনি এখন সেই দিনগুলির অভাব বোধ করেন।
এই মজার ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটভক্তরা যেমন হেসে খুন, তেমনই ভালও লেগেছে তাঁদের প্রিয় তারকাদের বন্ধুত্বের গল্প শুনে। কেউ লিখেছেন, ‘এটাই আসল টিম স্পিরিট।’ আরেকজনের মন্তব্য, ‘যেখানে বুমরাহকেও হুমকি দেওয়া যায়, সেখানে ক্রিকেটারদের বন্ধুত্ব কত গভীর তা বোঝাই যায়।’ উল্লেখ্য যে, ক্রিকেট মাঠের বাইরের এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলোই দলকে আরও একজোট করে তোলে। আর শুভমন-পুজারা-পন্থদের এই মজার ‘হুমকি কাণ্ড’ তারই প্রমাণ। ফিফা গেমের এই ছোট্ট গল্প দেখিয়ে দিল, একসঙ্গে খেলতে গেলে মাঝে মাঝে মজা করে হুমকিও দিতে হয়!
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Indian-A Team England tour : ভারতীয় ক্রিকেট দলে টেস্ট সিরিজের আগে ভুলভাল, আশা নাকি নিরাশা!



