সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, নতুন দিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতের সহ-অধিনায়ক ছিলেন শুভমন গিল (Shubman Gill)। কিন্তু হঠাৎ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর দেখা গেল, ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়কই জায়গা পাননি বিশ্বমঞ্চের স্কোয়াডে। এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে ক্রিকেটমহলে। কেন বাদ পড়লেন শুভমন? বিষয়টি নিয়ে মুখ খুলবেন কি না, সেই অপেক্ষায় ছিল গোটা দেশ। কিন্তু ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোনও উত্তর না দিয়েই প্রশ্ন এড়িয়ে গেলেন।
বিশ্বকাপের দল নির্বাচনের পর শনিবার দিল্লিতে ফেরেন গম্ভীর। কয়েক দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে তিনি ফের দলের সঙ্গে যোগ দেবেন। সামনে রয়েছে নিউ জিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। তার পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। দিল্লি বিমানবন্দরে সাংবাদিকেরা শুভমনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলতেই গম্ভীর কোনও মন্তব্য না করে শুধু মুচকি হেসে নিজের গাড়ির দিকে এগিয়ে যান। দল নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি। তবে গম্ভীরের সেই নীরব হাসিই যেন বহু ইঙ্গিত বহন করছিল!প্রসঙ্গত, শুভমন গিলের পায়ে চোট রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের পঞ্চম ম্যাচে সেই কারণেই তিনি খেলেননি। লখনউয়েও তাঁর খেলার সম্ভাবনা ছিল না। যদিও বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে যেতে পারেন। কিন্তু শুধু চোটই যে বাদ পড়ার প্রধান কারণ নয়, তা স্পষ্ট করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক কর্তা। তাঁর বক্তব্য, ‘শুভমনের ফর্মও এই মুহূর্তে দলের পক্ষে যথেষ্ট আশ্বস্ত করার মতো নয়।’
পরিসংখ্যানেও সেই ইঙ্গিতই মিলছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত শুভমন গিল (Shubman Gill) ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট রান করেছেন ২৯১। গড় খুব একটা খারাপ না হলেও, স্ট্রাইক রেট ১৩৭.২৬, যা টি-টোয়েন্টি ক্রিকেটের বিচারে শীর্ষ সারির ব্যাটারের কাছে প্রত্যাশিত নয়। বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টে যেখানে দ্রুত রান তোলাই মূল চাবিকাঠি, সেখানে নির্বাচকেরা ঝুঁকি নিতে চাননি বলেই মনে করছে ক্রিকেটমহল।
অন্যদিকে, শুভমনের বাদ পড়া মানে শুধু একজন ব্যাটারের দল থেকে বাদ যাওয়া নয়, দলের ভিতরেও একটি নীরব মেসেজ। তাঁকে এতদিন ভবিষ্যতের নেতৃত্বের মুখ হিসেবেই তুলে ধরা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে সহ-অধিনায়কত্বও তার প্রমাণ। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে জায়গা না পাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা।
এই সিদ্ধান্তের পাশাপাশি ভারতের নতুন সহ-অধিনায়ক হিসেবে অক্ষর পটেলকে (Axar Patel) দায়িত্ব দেওয়া হয়েছে। এটি শুধু নেতৃত্বের রদবদল নয়, দলের কৌশলগত ভাবনারও প্রতিফলন। অক্ষরের ধারাবাহিক পারফরম্যান্স, অলরাউন্ড দক্ষতা এবং চাপের মধ্যে নিজেকে মেলে ধরার ক্ষমতাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রিকেট বিশ্লেষকদের একাংশের মতে, শুভমন গিলের ক্ষেত্রে নির্বাচকেরা ভবিষ্যতের কথা ভেবে আরও কঠোর হতে চাইছেন। বিশ্বকাপের পর ভারতের সূচিতে রয়েছে একাধিক টেস্ট এবং এক দিনের সিরিজ়। সেখানে শুভমনই নেতৃত্বের মুখ হবেন, তা প্রায় নিশ্চিত। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁকে নিজের জায়গা নতুন করে প্রমাণ করতে হবে, এই বার্তাই দেওয়া হয়েছে। এক প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘শুভমন নিঃসন্দেহে প্রতিভাবান। কিন্তু টি-টোয়েন্টিতে প্রতিভার সঙ্গে সঙ্গে প্রভাবও জরুরি।’
দলের অন্দরমহলেও এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা কম হয়নি। তবে প্রকাশ্যে কেউই মুখ খুলতে রাজি নন। গৌতম গম্ভীরের নীরবতাও সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন অনেকে। তিনি হয়তো চান না বিশ্বকাপের আগে কোনও বিতর্ক তৈরি হোক। বরং মাঠের পারফরম্যান্স দিয়েই সব প্রশ্নের উত্তর আসুক। শুভমন গিলের (Shubman Gill) কাছেও এই বাদ পড়া এক বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরেই তাঁকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখা হচ্ছে। এই ধাক্কা তাঁকে মানসিকভাবে আরও শক্ত করবে বলেই মনে করছে ক্রিকেটমহল। বিশ্বকাপের বাইরে বসে হয়ত তিনি নিজের খেলায় নতুন করে ধার আনবেন, স্ট্রাইক রেট বাড়ানোর দিকে মন দেবেন। কারণ, নির্বাচকদের বার্তা একেবারেই জলের মতন স্বচ্ছ যে, দলে ফিরতে হলে রান করতে হবে, তাও দ্রুতগতিতে। অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শুভমন গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধুই একটি নির্বাচনী পরিবর্তন নয়। এটি ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, ফর্মের গুরুত্ব এবং প্রতিযোগিতার কঠোর বাস্তবতাকেই তুলে ধরছে বলে মনে করছেন কিছু ক্রিকেট সমালোচক। এখন দেখার, এই ধাক্কা শুভমনকে কতটা বদলায় এবং আগামী সিরিজ়গুলিতে তিনি কীভাবে নিজেই উত্তর দেন!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : T20 World Cup, Shubman Gill dropped | বিশ্বকাপের দলে কেন নেই শুভমন গিল? আগরকর-সূর্যের ব্যাখ্যায় স্পষ্ট টিম ইন্ডিয়ার নতুন ভাবনা




