সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : শান্তিনিকেতন ঘুরতে গিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন টেলিভিশন তারকা প্রারব্ধি সিংহ (Prarabdhi Singh) এবং অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী (Asmita Chakraborty)। ছুটির আনন্দ ভাগাভাগি করতে গিয়ে তাঁদের সামনে আসে অপ্রত্যাশিত অভিজ্ঞতা, পচা খাবার এবং হোটেল কর্মীর অশোভন ব্যবহার। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দু’জনেই।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষ হওয়ার পর বান্ধবী অস্মিতা এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে বোলপুর ভ্রমণের পরিকল্পনা করেছিলেন প্রারব্ধি। উদ্দেশ্য ছিল নিছক আনন্দের ছুটি কাটানো। কিন্তু সেই দুই দিনের সফর তাঁদের কাছে দুঃস্বপ্নের মতো হয়ে উঠল।প্রারব্ধি বলেন, “আমার বন্ধুরা খেতে খুব ভালবাসে। তাই খাবারে যদি কোনও সমস্যা হয়, ওদের ভ্রমণের মেজাজই নষ্ট হয়ে যায়। সেদিন রাতে যে মাংস অর্ডার করেছিলাম, সেটা মুখে দেওয়ার মতো ছিল না। প্রথম কামড়েই বুঝতে পারি মাংসটা নষ্ট হয়ে গেছে। অথচ হোটেল কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করতেই চাইছিল না।”
অভিনেত্রী অস্মিতার অভিযোগ, শুধু খাবার নয়, হোটেলের কর্মীর ব্যবহারও অত্যন্ত অপমানজনক ছিল। প্রারব্ধি জানান, “আমরা যখন মাংস নিয়ে অভিযোগ করি, তখন অস্মিতার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করা হয়। পরিস্থিতি এতটাই বিব্রতকর ছিল যে আমরা চুপ করে চলে আসি।”
পরের দিন সকালে তাঁদের ফের সমস্যায় পড়তে হয়। প্রারব্ধি সেদিন খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু অস্মিতা হোটেলের ‘থালি’ অর্ডার করেন। প্রারব্ধি জানান, তিনি ভেবেছিলেন অস্মিতার থালি থেকে সামান্য খাবেন। তখন হোটেলের কর্মী সোজাসুজি বলে দেন, “এখানে ভাগ করে খাওয়া যায় না, খেতে হলে আলাদা থালি অর্ডার করতে হবে।” শুধু তাই নয়, কথা বলার ধরনও ছিল অত্যন্ত রূঢ় বলে উল্লেখ। এই আচরণে ক্ষুব্ধ হয়ে যান অস্মিতা। তিনি মোবাইলে সেই ঘটনার ভিডিও করেন এবং পরে সেটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। অভিনেত্রীর কথায়, “একটা হোটেল যদি তার অতিথিকে সম্মান না দেয়, তবে সেই জায়গায় আবার কেউ আসবে কেন?”
শিল্পীদের এমন অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই ভক্তরা ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই প্রশ্ন তুলছেন, শান্তিনিকেতনের মতো পর্যটনকেন্দ্রে যদি এমন দুর্ব্যবহার হয়, তবে সাধারণ পর্যটকদের পরিস্থিতি আরও কঠিন হতে পারে। উল্লেখ্য, অস্মিতাকে দর্শক বর্তমানে দেখছেন জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’-তে। অন্যদিকে প্রারব্ধি এখন নতুন একটি ধারাবাহিকের প্রস্তুতিতে ব্যস্ত। শোনা যাচ্ছে, গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Sholanki Roy) -এর সঙ্গে একটি আসন্ন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে।
এই ঘটনার পর অনেকেই বলছেন, জনপ্রিয় মুখ হওয়ায় প্রারব্ধি ও অস্মিতা ঘটনাটি প্রকাশ্যে আনতে পেরেছেন। কিন্তু সাধারণ মানুষ প্রতিনিয়ত এ ধরনের সমস্যার শিকার হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই তা সামনে আসে না। পর্যটন শহরগুলিতে পরিষেবার মান বজায় রাখা যে অত্যন্ত জরুরি, সেটাই আরও একবার সামনে এনে দিল এই ঘটনা।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shankar Chakraborty, Bengali celebrity news | শঙ্কর চক্রবর্তীর জীবনের লড়াই ও সোনালির ভালবাসা




