অলোক নাথ, সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : ছোটবেলাতেই জীবনের কঠিনতম ধাক্কাটা এসেছিল অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)-র জীবনে। বাবা মারা যাওয়ার পর জীবন যেন থমকে গিয়েছিল তাঁর। এক বৃদ্ধা মা আর খালি পকেট নিয়ে শুরু হয়েছিল টানাটানির দিনগুজরান। সংসারের দায়িত্ব যেন কিশোর বয়সেই তাঁর কাঁধে এসে পড়ে। স্কুলের পোশাক পরে ক্লাসে গিয়ে বইয়ের পাতায় মুখ গুঁজে পড়াশোনা করার সেই সময়েই রাত কাটত কারখানার ঘামে। পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়লে ক্লাসেই ঘুমিয়ে পড়তেন শঙ্কর। আর সেই সময় কিছু শিক্ষক সহানুভূতি তো দূরের কথা, নির্মমতাই দেখাতেন। একবার এক শিক্ষক তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, “চুরি করিস নাকি তুই? যে ক্লাসে ঘুমাচ্ছিস?”
কিন্তু এই কষ্টই যেন শিখিয়েছে তাঁকে লড়াই করে বাঁচতে। বাস করতেন এক বস্তিতে। সেই বস্তিতেই আলোর মতো তাঁর জীবনে আসেন সোনালি চক্রবর্তী (Sonali Chakraborty)। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী সোনালিই হয়ে ওঠেন শঙ্করের জীবনসঙ্গিনী। তখনও অভিনয়ে সোনালি প্রতিষ্ঠিত নন, ছিলেন একজন গানের শিক্ষিকা। ছোটদের গান শেখাতেন। আর সেই সামান্য টাকাই তুলে দিতেন শঙ্করের হাতে। নিজের স্বপ্ন, নিজের প্রয়োজন ভুলে শঙ্করের পাশে থেকেছেন অটলভাবে। সোনালি ছিলেন অভিজাত পরিবারের মেয়ে। সেই সময়ে বস্তির এক সংগ্রামী যুবকের সঙ্গে মেয়ের সম্পর্ক মানতে পারেননি তাঁর পরিবার। প্রবল বিরোধিতা হয়। তবু সোনালি থামেননি। এক কাপড়ে ঘর ছাড়েন, বিয়ে করেন শঙ্করকে। প্রেম তখন কোনও সিনেমার গল্প নয়, বাস্তবের মাটিতেই লড়াই করে জিতে নেওয়া সম্পর্কের এক উজ্জ্বল উদাহরণ।
Read More | Shah Rukh Khan husband personality | চার দেওয়ালের মধ্যের শাহরুখ: গৌরীর চোখে সহজ, সংবেদনশীল আর নায়কসুলভ নয়
২০২২ সালে দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে সোনালির দেহাবসান হয়। তাঁর শূন্যতা আজও তাড়া করে ফেরে শঙ্করকে। এখন কলকাতার এক বড় ফ্ল্যাটে থাকেন একাই। বাইরে থেকে দেখলে পরিপাটি জীবন, সাফল্যের ছাপ, কিন্তু ভিতরে জমে আছে হাহাকার। আজও ডেটের পর ডেট নেন শুটিংয়ে, যাতে বাড়িতে সময় কাটাতে না হয়। কারণ, ওই চার দেওয়ালের ভেতরে ঢুকলেই মনে পড়ে সেই মানুষটার কথা, যিনি তাঁর হাত ধরে এই আলোয় নিয়ে এসেছিলেন।
একটি সাক্ষাৎকারে শঙ্কর বলেছিলেন, “আজও মনে পড়ে, সোনালি কীভাবে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি কিছুই ছিলাম না, ও আমার হাত ধরে বলেছিল, ‘তুই পারবি’। ও যদি না থাকত, আমি হয়ত আজ এই জায়গায় পৌঁছতাম না।” প্রেম, ত্যাগ আর লড়াইয়ের এক অনন্য কাহিনি বয়ে নিয়ে চলেছেন শঙ্কর চক্রবর্তী। জীবনের শূন্যতা আর অতীতের ঘরে-ঘরে খুঁজে বেড়ান একটিই মুখ, সোনালি।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : personality traits women love | নারীরা কোন গুণে মুগ্ধ হন? জেনে নিন পুরুষের সেই গোপন চার্মের রহস্য



