পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ ডেস্ক : ঋষভ পন্থ (Rishabh Pant) যেন এখন শুধু এক জন ক্রিকেটার নন, হয়ে উঠেছেন এক অদম্য যোদ্ধার প্রতীক। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে চোট পেয়ে ছিটকে গেলেও, রোববার মাঠে দেখা গেল তাঁকে। হাতের ভরসা ক্রাচ, পায়ে রঙিন প্লাস্টার, তবু থেমে থাকেননি। আর সোমবার চারটি ছবি দিয়ে এক আবেগঘন বার্তা দিয়ে জানিয়ে দিলেন, তিনি থামছেন না। লড়াই করছেন ফিরতে, দেশের জার্সিতে আবার খেলতে।
তিনি ঋষভের পোস্ট করা ছবিগুলির প্রথমটিতে দেখা যাচ্ছে, এক রেস্তোরাঁয় বসে রয়েছেন। ডান পায়ে প্লাস্টার, মুখে হাসি। দ্বিতীয় ছবিতে তাঁর প্লাস্টার বাঁধা পায়ে একটি বিশেষ মেডিকেল শু। তৃতীয় ছবিতে পন্থ লেখেন, “আমার জন্য যাঁরা শুভেচ্ছা পাঠিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। এই শুভকামনাগুলোই আমার শক্তি। চোট কাটিয়ে উঠলেই রিহ্যাব (Rehabilitation) শুরু করব। আমি ধৈর্য ধরে এগোচ্ছি, প্রতিদিন নিজের সেরাটা দিচ্ছি। দেশের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য, যখন আবার ব্যাট হাতে মাঠে নামতে পারব।” চতুর্থ ছবিতে আবার দেখা গেছে সেই রঙিন প্লাস্টার আর ক্রাচ, যেন তাঁর যন্ত্রণার সঙ্গে জয়ের রং মিশে গেছে।

গতকাল, রবিবারও ঋষভের উপস্থিতি নজর কাড়ে। ক্রাচে ভর করে তিনি মাঠে এসেছিলেন। প্রয়োজনে ব্যাট করতেও প্রস্তুত ছিলেন। সেই সাহসিকতায় অভিভূত কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ম্যাচের পর তিনি বলেন, “ভাঙা পা নিয়েও যেভাবে ঋষভ খেলল, তা অতুলনীয়। আগামী প্রজন্ম ওর এই ইনিংস নিয়ে বহুদিন ধরে আলোচনা করবে। এটা শুধু ক্রিকেট নয়, এটা মনোবলের উদাহরণ। দুর্ভাগ্যজনকভাবে ও চোট পেয়েছে, কিন্তু সাহস দেখিয়ে ওর জায়গা করে নিয়েছে ইতিহাসে।”
এই টেস্ট সিরিজে ওর খেলা আর সম্ভব নয়, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। শেষ টেস্টে তাঁর পরিবর্তে জায়গা পেয়েছেন এন জগদীশন (N Jagadeesan)। কিন্তু পন্থের জায়গা, বিশেষ করে মনস্তাত্ত্বিক শক্তির জায়গা, সহজে পূরণযোগ্য নয়, এ কথা বলছেন দলের অন্দরেও অনেকেই। ম্যাচ শেষের পরে ম্যাঞ্চেস্টারের ড্রেসিংরুমে গম্ভীর বলেন, “ঋষভ, তুমি শুধু ম্যাচ জেতাওনি। তুমি একটা দলকে প্রেরণা দিয়েছো। আমি সাধারণত কাউকে আলাদা করে বলি না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তুমি শুধু এই সাজঘরের নয়, পরবর্তী প্রজন্মেরও অনুপ্রেরণা। এই লড়াই তোমার আসল পরিচয়।”
ক্রিকেটার হিসেবে ঋষভ পন্থের ঝাঁঝ, আগ্রাসন ও গেম সেন্স বরাবরই আলাদা করে নজর কেড়েছে। কিন্তু এবারের টেস্টে তাঁর যে মানসিক দৃঢ়তা দেখা গেল, তা অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে তাঁর ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় তৈরি করবে।আপাতত দেশে ফিরছেন ঋষভ। দেশে ফিরে শুরু হবে রিহ্যাব, ফিজিওথেরাপি ও ফিটনেস ট্রেনিং। চিকিৎসক দলের মতে, সম্পূর্ণ সেরে উঠতে কয়েক মাস সময় লাগবে। তবে তাঁর মনোবল, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা দেখে চিকিৎসকরাও আশাবাদী। ঋষভের এই যাত্রাপথ ক্রিকেটের বাইরের এক নতুন গল্প লিখছে, একজন অ্যাথলিটের নয়, এক জন মানুষের জেদের, ভালবাসার আর স্বপ্নের গল্প।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Divya Deshmukh, Women’s Chess World Cup 2025 | ১৯ বছর বয়সে বিশ্বকাপ দিব্যা দেশমুখের হাতে



