প্রিয়াঙ্কা চতুর্বেদী, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) দু’জনেই শুধু তারকা নন, আন্তর্জাতিক মঞ্চে পরিচিত ‘গ্লোবাল আইকন’। কিন্তু এই দুই সুপারস্টারের মধ্যে প্রকৃত মিল কোথায়? সম্প্রতি এই প্রশ্ন ঘিরেই নতুন করে বিতর্ক উসকে দিলেন প্রযোজক শৈলেন্দ্র সিং (Shailendra Singh)। জনপ্রিয় সাংবাদিক সিদ্ধার্থ কানানের (Siddharth Kannan) সঙ্গে একটি আলাপচারিতায় তিনি শুধু শাহরুখ ও প্রিয়াঙ্কার কাজের ধরন নয়, বলিউডের অন্দরমহলের রাজনীতি নিয়েও মন্তব্য করেছেন। শৈলেন্দ্র সিংয়ের বক্তব্যে উল্লেখ, তাঁর চোখে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া একই মানসিকতার মানুষ। তাঁর মতে, দু’জনেই শুধুমাত্র অভিনেতা নন, তাঁরা নিজের কেরিয়ারকে একটি সুসংগঠিত ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা দু’জনেই জানেন নিজেদের শক্তি কোথায়। ওরা কাজ নিয়ে কোনও আপস করে না। পেশাদারিত্বের জায়গায় ওরা একেবারে নির্ভুল।’

প্রযোজকের কথায়, শাহরুখ খান হলেন একজন ‘সাইলেন্ট অপারেটর’। তিনি চুপচাপ নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যান। বাহ্যিক চাকচিক্যের আড়ালে অত্যন্ত কৌশলীভাবে নিজের কেরিয়ার পরিচালনা করেন কিং খান। শৈলেন্দ্রর মতে, ‘শাহরুখ জানেন তিনি কে, জানেন সিনেমার শক্তি কতটা। তিনি কোনওদিন অকারণে প্রতিক্রিয়া দেখান না। নিজের কাজ দিয়েই উত্তর দেন।’ ঠিক একই জায়গায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর মিল খুঁজে পান শৈলেন্দ্র। প্রযোজকের দাবি, প্রিয়াঙ্কাও একজন ‘নো-ননসেন্স’ পেশাদার। তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা কোনও সাধারণ তারকা নন। তিনি একসঙ্গে তিনটি সত্তা বহন করেন, একজন মানুষ, একজন ব্র্যান্ড এবং একজন অসাধারণ অভিনেত্রী। এই তিনের ভারসাম্য খুব কম মানুষই রাখতে পারে।’
এই প্রশংসার পাশাপাশি বলিউডের প্রতি তীব্র ক্ষোভও উগরে দিয়েছেন শৈলেন্দ্র সিং। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়ার প্রসঙ্গে তাঁর বক্তব্য বেশ তীক্ষ্ণ। তাঁর অভিযোগ, বলিউড প্রিয়াঙ্কাকে যেভাবে কোণঠাসা করেছে, তা ক্ষমার অযোগ্য। শৈলেন্দ্র বলেন, ‘প্রিয়াঙ্কার মতো একজন মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ হতে পারতেন। তিনি হতে পারতেন বলিউডের প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিন্তু আমরা কী করলাম? এমন পরিস্থিতি তৈরি করলাম যে তাঁকে দেশ ছাড়তে হল।’ এই মন্তব্যের মধ্য দিয়েই শৈলেন্দ্র বলিউডের অভ্যন্তরীণ রাজনীতির দিকেও আঙুল তুলেছেন। শৈলেন্দ্রর প্রশ্ন, ‘বলিউডের আসল কণ্ঠস্বর কে? গত ১৫ বছর ধরে মনে হচ্ছে, করণ জোহরই (Karan Johar) যেন সব। কিন্তু বলিউড কি শুধুই একজনের মধ্যে সীমাবদ্ধ? প্রিয়াঙ্কা চোপড়ার মতো আন্তর্জাতিক মুখকে আমরা ধরে রাখতে পারলাম না, এটাই সবচেয়ে বড় ব্যর্থতা।’ প্রযোজকের মতে, প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যে এমন ক্ষমতা ছিল, যা একাই বলিউডকে আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারত। তিনি বলেন, ‘ওর মধ্যে এমন এক গ্লোবাল আবেদন ছিল, যা খুব কম ভারতীয় অভিনেত্রীর আছে। হলিউডে গিয়ে সে প্রমাণও করেছে, ও কতটা শক্তিশালী।’
এখানেই আবার ফিরে আসে শাহরুখ খানের প্রসঙ্গ। শৈলেন্দ্র মনে করেন, শাহরুখ খান সেই বিরল তারকাদের একজন, আন্তর্জাতিক মঞ্চে গিয়েও নিজের শিকড় ভুলে যাননি। পাশাপাশি ভারতীয় সিনেমাকে বিশ্বদরবারে পরিচিত করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাঁর কথায়, ‘শাহরুখ নিজেকে এমনভাবে তৈরি করেছেন, যাতে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ভারতীয় সিনেমার প্রতিনিধি।’ এই জায়গাতেই শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে মিল দেখছেন শৈলেন্দ্র সিং। দু’জনেই নিজেদের কেরিয়ার নিজেরাই নিয়ন্ত্রণ করেছেন। দু’জনেই ঝুঁকি নিতে ভয় পাননি। আর দু’জনেই প্রয়োজনে পুরনো নিরাপদ গণ্ডি ভেঙে নতুন পথে হাঁটতে পিছপা হননি।
শৈলেন্দ্রর আক্ষেপ, বলিউড এই ধরনের তারকাদের যথাযথ সম্মান দিতে পারেনি। তাঁর মতে, ‘টপ পিপলদের যেভাবে সম্মান দেওয়া উচিত, তা আমরা দিইনি। ফলে প্রিয়াঙ্কার মতো একজন তারকাকে হারাতে হল। আর শাহরুখ? তিনি নিজের জায়গা নিজেই ধরে রেখেছেন, কারণ তিনি জানেন কীভাবে সিস্টেমের সঙ্গে লড়াই করতে হয়।’ এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক পক্ষ বলছে, শৈলেন্দ্র সিং শুধু সত্যিটাই প্রকাশ্যে এনেছেন। অন্য পক্ষের মতে, এটি একতরফা অভিযোগ। তবে এটুকু স্পষ্ট, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া, এই দুই তারকার মিল নিয়ে আলোচনা নতুন নয়, কিন্তু প্রযোজকের মুখে তা শোনার পর বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। প্রসঙ্গত, এই বিতর্ক আবারও প্রশ্ন তুলে দিল, বলিউড কি সত্যিই তার সেরা প্রতিভাদের সম্মান দিতে জানে? নাকি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরেই মূল্যায়ন করতে শেখে? উত্তর খুঁজতেই এখন মুখিয়ে গোটা ইন্ডাস্ট্রি।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Shah Rukh Khan controversy, Abhinav Kashyap statement | ‘আমি মুখ খুললে পরিবার ভেঙে যাবে…’ শাহরুখ খানকে নিয়ে বিস্ফোরক দাবি ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপের!




