সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানোর নেপথ্যে নির্বাচক ও কোচের পরিকল্পনা। ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্তের সাক্ষী থাকল ভক্তরা। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত এক দিনের দলে রোহিত শর্মা (Rohit Sharma) থাকলেও অধিনায়কত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অভিজ্ঞ এই ব্যাটসম্যানের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ শুভমন গিলকে (Shubman Gill)। নির্বাচক কমিটি ও দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) -এর পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতের জন্য নেতৃত্বের রদবদল ঘটানো হয়েছে। দল ঘোষণা করতে গিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিন ফর্ম্যাটে তিনজন ভিন্ন অধিনায়ক রাখা দলের জন্য কোনওভাবেই সুবিধাজনক নয়। যদিও সরাসরি গৌতম গম্ভীরের নাম উল্লেখ করেননি তিনি, তবুও কথার ফাঁকেই বোঝা গিয়েছে এই পরিবর্তনের পরামর্শ কোচের দিক থেকেই এসেছে। আগরকর বলেন, “তিন ধরনের ক্রিকেটে তিনজন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। এতে দলের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এবং কোচের কাজও কঠিন হয়ে পড়ে।”
অজিত আগরকর আরও যুক্তি দেন, যেহেতু টেস্ট দলে নেতৃত্বের দায়িত্ব শুভমন গিলের হাতে ও টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে, তাই সীমিত ওভারের এক দিনের ফর্ম্যাটেও ধারাবাহিকতার জন্য শুভমনকেই এগিয়ে রাখা হয়েছে। আগরকরের ভাষায়, “আমরা ভবিষ্যতের বিশ্বকাপকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। রোহিতকে নেতৃত্ব থেকে সরানো এরই অংশ।”

আগামী এক দিনের বিশ্বকাপকে কেন্দ্র করেই এই নতুন ভাবনা। আগরকর বলেছেন, “দেখতে গেলে দু’বছর সময় অনেক মনে হতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। এখন এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খুব বেশি হয় না। সুযোগ সীমিত। তাই শুভমনকে এখনই দায়িত্ব দেওয়া হল, যাতে সে দল গড়ে তুলতে পারে।” উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবকেও যথেষ্ট সময় দেওয়া হয়েছিল দল গোছাতে। উল্লেখ্য, রোহিত শর্মার সঙ্গে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান নির্বাচক কমিটির চেয়ারম্যান। তাঁর কথায়, “রোহিতকে না জানিয়েই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওর সঙ্গে সব বিষয়ে আলোচনা হয়েছে।” তবে আগামী এক দিনের বিশ্বকাপে রোহিত ও বিরাট কোহলি (Virat Kohli) খেলবেন কি না, সে বিষয়ে এখনই কোনও নিশ্চয়তা দেননি আগরকর। তিনি স্পষ্ট জানিয়েছেন, “ওরা দু’জনেই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছে। কোনও শারীরিক সমস্যা নেই। তবে বিশ্বকাপে ওরা খেলবে কি না, সেটা সময়ই বলবে।”

রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো ঘটনায় বিরক্ত ভারতীয় ক্রিকেট মহলের বড় অংশ। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই স্পষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন, অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) বলে। এই সিদ্ধান্ত নিয়েও বিস্তর জল্পনা তৈরি হয়েছিল। তবে আগরকর তা খোলসা করে বলেন, “অস্ট্রেলিয়ার কন্ডিশনে একসঙ্গে দু’জন বাঁহাতি স্পিনার নিয়ে যাওয়া কঠিন। কুলদীপ যাদব (Kuldeep Yadav) আর ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) আছে। মাত্র তিনটি এক দিনের ম্যাচ, খুব বড় সিরিজ় নয়। তাই জাডেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা কোনওভাবেই বোঝায় না যে জাডেজা আমাদের পরিকল্পনার বাইরে।” একইসঙ্গে তিনি জানান, খেলোয়াড়দের শারীরিক চাপ বিবেচনা করেই রোটেশন নীতি নেওয়া হচ্ছে। সেই কারণে এবার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) আলাদা আলাদা সিরিজে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ভারতীয় ক্রিকেটে নেতৃত্ব পরিবর্তন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়। রোহিত শর্মার মতো অভিজ্ঞ অধিনায়ককে সরানো নিঃসন্দেহে বড় ভুল সিদ্ধান্ত। আগরকরের কথায় যদিও বোঝা যাচ্ছে, এটা শুধু বর্তমান সময়ের জন্য নয়, ভবিষ্যৎ গড়ে তোলার পরিকল্পনার অঙ্গ। কোচ গৌতম গম্ভীরের চিন্তাভাবনা ও নির্বাচক কমিটির কৌশল মিলে ভারতীয় দলের সামনে নতুন পথ খুলে দিয়েছে। এখন দেখা বাকি, শুভমন গিলের হাতে ভারতীয় এক দিনের দল কতটা সফল হয়, এবং এই পরিবর্তন কতটা কার্যকর প্রমাণিত হয়।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India squad announcement 2025, Shubman Gill ODI captain | শুভমান গিল নতুন ওয়ানডে অধিনায়ক, ফিরলেন বিরাট-রোহিত: অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা




